অধিকাংশ পণ্যে রপ্তানি আয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চলতি ২০১৫-১৬ অর্থবছরেও ঋণাত্মক প্রবৃদ্ধি দিয়েই যাত্রা শুরু হলো রপ্তানি খাতের। প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাকসহ অধিকাংশ পণ্যেরই রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ও আগের বছরের একই সময়ের চেয়ে বেশ কমেছে। এতে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি বড় হোঁচট খেয়েছে।
আলোচ্য মাসে পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৬২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যা প্রায় ২১ হাজার কোটি টাকার সমান। এই আয় এবারের ৩১১ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৬৫ শতাংশ এবং ২০১৪-১৫ অর্থবছরের জুলাইয়ের ২৯৮ কোটি ২৭ লাখ ডলারের চেয়ে ১১ দশমিক ৯৬ শতাংশ কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রোববার পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
গত অর্থবছরের জুলাইয়ে রপ্তানিতে ১ দশমিক ৩৭ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়। এর আগের ২০১৩-১৪ ও ২০১২-১৩ অর্থবছরের প্রথম মাসে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২৩ ও ৪ শতাংশ। তারও আগে ২০১১-১২ ও ২০১০-১১ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল যথাক্রমে ২৮ ও ২৬ শতাংশ। এসব তথ্য থেকে বলা যায়, গত পাঁচ অর্থবছরের মধ্যে এবারই সবচেয়ে নড়বড়ে অবস্থার মধ্য দিয়ে রপ্তানি শুরু হলো।
চলতি অর্থবছরের জন্য সরকার ৩ হাজার ৩৫০ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। সর্বশেষ অর্থবছর রপ্তানি আয় হয়েছিল ৩ হাজার ১২০ কোটি ডলার।
জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ‘জুলাইয়ের রপ্তানি আয়ের চিত্রটি হতাশাজনক। ৭৪ শতাংশ পণ্যেই ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। গত অর্থবছর সামগ্রিকভাবে ৫৭ শতাংশ পণ্যে ছিল ঋণাত্মক প্রবৃদ্ধি। ফলে নেতিবাচক প্রবণতাটি ধারাবাহিকভাবেই চলছে।’
দীর্ঘদিন ধরেই দেশের পণ্য রপ্তানি আয়ের বড় অংশই বা গড়ে ৮০ শতাংশের ওপর আসছে তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থবছরের জুলাইয়ে এই খাতে রপ্তানি আয় হয়েছে ২২১ কোটি ৫০ লাখ ডলার। তার মানে মোট আয়ের ৮৪ শতাংশই পোশাক খাতের অবদান। তবে জুলাইয়ে পোশাক খাতের রপ্তানি আয় আলোচ্য সময়ের ২৫৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৭৮ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের ২৫১ কোটি ডলারের তুলনায় ১১ দশমিক ৯৫ শতাংশ কম।
এ বিষয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘পোশাক রপ্তানির যে পরিসংখ্যান এখন পাওয়া যাচ্ছে, সেটির ক্রয়াদেশ এসেছিল মার্চ ও এপ্রিলে। তখনো দেশে রাজনৈতিক অস্থিরতার রেশ ছিল। ফলে অনেক ক্রেতাপ্রতিষ্ঠানই কার্যাদেশ দিতে বাংলাদেশে আসেনি। তা ছাড়া ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়া ও অন্যান্য মুদ্রার অবমূল্যায়ন রপ্তানি আয় কমার বড় কারণ।’ তিনি বলেন, ‘ক্রয়াদেশ আসছে। অক্টোবর থেকে পরিস্থিতির উন্নতি দেখা যাবে।’
এদিকে পোশাক খাতের মতোই আলোচ্য সময়ে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, মাছসহ হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, প্লাস্টিক পণ্য, টেরিটাওয়েল, বাইসাইকেল ইত্যাদি পণ্যে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।
এবারের জুলাইয়ে ৯ কোটি ৪৬ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই আয় ১১ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ শতাংশ এবং গত অর্থবছরের একই মাসের চেয়ে ১৩ দশমিক ২৯ শতাংশ কম। পাট ও পাটজাত পণ্যে রপ্তানি আয় হয়েছে ৫ কোটি ৫৫ লাখ ডলার; যা ৯ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭ শতাংশ এবং আগের বছরের একই সময়ের ৬ কোটি ডলারের তুলনায় ৯ শতাংশ কম।
আলোচ্য সময়ে প্রকৌশল পণ্যে সাড়ে ৪ কোটি, কৃষিজাত পণ্যে ৪ কোটি, মাছসহ হিমায়িত খাদ্যে ৩ কোটি ৭৮ লাখ, হোম টেক্সটাইলে ৪ কোটি ৮৬ লাখ, প্লাস্টিক পণ্যে ৭৩ লাখ, বাইসাইকেলে ৫৪ লাখ ও টেরিটাওয়েলে ৩৪ লাখ ডলার আয় হয়েছে। এর মধ্যে প্রকৌশল পণ্যে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাকি পণ্যেগুলোতে প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক।
গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যগুলো প্রচলিত ও অপ্রচলিত—উভয় বাজারেই সমস্যার মুখে পড়ছে। তবে অভ্যন্তরীণ কারণের চেয়ে বহির্বিশ্বের কারণই বেশি প্রভাব ফেলছে। প্রচলিত ও উদীয়মান বাজারে ভোক্তা পর্যায়ের চাহিদার ওঠানামার সঙ্গে প্রবৃদ্ধির ওঠানামা সম্পৃক্ত। এ ছাড়া বিশ্ব আর্থিক বাজার এখন বিভিন্ন ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষত গুরুত্বপূর্ণ মুদ্রার বিনিময় হার ডলারের বিপরীতে ওঠানামা করছে।
রপ্তানি ইতিবাচক ধারায় ফিরিয়ে নিতে সিপিডির এই গবেষকের পরামর্শ হচ্ছে, ‘এ ক্ষেত্রে খুব বেশি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে মুদ্রা বিনিময় হারের ব্যবস্থাপনাটি সঠিকভাবে করতে পারে সরকার। ডলারের বিপরীতে টাকাকে প্রতিযোগিতা-সক্ষম করা যেতে পারে।’