>অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেষ পর্যন্ত নতুন ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দিয়েছেন। দাবি পূরণ হওয়ায় যথারীতি খুশি ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এনবিআরকে ভ্যাট আইনটি সংশোধন করতে হবে। অন্যথায় দুই বছর পর ভ্যাট আইন বাস্তবায়ন করতে গেলে আবারও আপত্তি উঠবে। গত বৃহস্পতিবার ভ্যাট আইন বিষয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ছয় ব্যবসায়ী সংগঠনের নেতারা এসব কথাই জানালেন। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন, শুভংকর কর্মকার ও মাসুদ মিলাদ

প্রথম আলো: বাজেট ঘোষণার পর আপনারা বলেছিলেন, ভ্যাট আইন কার্যকর হলে ফ্ল্যাটের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়বে। তবে শেষ পর্যন্ত ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়ে গেছে। এ বিষয়ে এখন আপনাদের প্রতিক্রিয়া কী?
লিয়াকত আলী ভূঁইয়া: নতুন ভ্যাট আইন বাস্তবায়ন শুরু হলে ফ্ল্যাটের দাম ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যেত। তাতে ফ্ল্যাটের দাম কোনোভাবেই আর নিম্নমধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে থাকত না। এমনটি হলে ব্যবসা সংকুচিত হয়ে পড়ত। ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দেওয়ার ফলে আবাসন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছেন। মুষ্টিমেয় ব্যবসায়ী ছাড়া অধিকাংশ ব্যবসায়ীরই ভ্যাট আইন সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। সে জন্যই ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন। তাই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ব্যবসায়ীদের ব্যাপকভাবে বোঝানোর কাজটি করতে হবে। এ ছাড়া এনবিআরের উচিত ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে বিদ্যমান সমস্যার সমাধান করা। নতুন আইনের প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করাও জরুরি।
প্রথম আলো: রিহ্যাবের পক্ষ থেকে আবাসন খাতকে ভ্যাটমুক্ত রাখার আনুষ্ঠানিক দাবি জানানো হয়েছে। দুই বছর পরও কি আপনারা একই অবস্থানে থাকবেন?
লিয়াকত আলী ভূঁইয়া: নতুন আইনে ইট, বালু, সিমেন্ট, এমনকি পাথরের ওপরেও ভ্যাট আরোপ করা হয়। এভাবে প্রতিটি নির্মাণসামগ্রীতে ভ্যাট আরোপ করলে এগুলোর দাম বাড়ে এবং সেটি শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়ে গিয়েই পড়ে। আমরা বলতে চাচ্ছি, দেশে এখনো সেই অবস্থা তৈরি হয়নি যে প্রতিটি খাত থেকে রেয়াত নেওয়া যাবে। তাই এমনভাবে ভ্যাট আরোপ করা দরকার, যাতে করে একটি পণ্যে দুই-তিনবার ভ্যাট না দিতে হয়।
প্রথম আলো: ব্যবসায়ীদের দাবির মুখে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন পিছিয়ে যাওয়ায় সরকারেরও তো রাজস্ব কমবে। সেটি কীভাবে সামাল দেবে সরকার?
লিয়াকত আলী ভূঁইয়া: ভ্যাটের বাইরেও রাজস্ব আয় বাড়ানোর সুযোগ আছে। যেমন আয়কর। দেশের গুটি কয়েক মানুষ আয়কর দেয়। এ বিষয়ে এনবিআর বিশেষ নজর দিতে পারে। আয়কর বাড়ানো গেলে রাজস্ব আদায় নিঃসন্দেহে বাড়বে।