প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ব্র্যাক ব্যাংকের এমডি
অনেক সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না
পেশাদারির অভাবকেও বর্তমানে ব্যাংক খাতের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বেসরকারি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন। তাঁর মতে, অনেক সময় ব্যাংক খাতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পেশাদার ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না। ব্যাংক পরিচালনার ক্ষেত্রে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যে আলাদা দায়িত্ব রয়েছে, সেটার মধ্যে একধরনের গরমিল হয়ে যাচ্ছে।
ব্যাংক খাতের সাম্প্রতিক অবস্থা নিয়ে প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সেলিম আর এফ হোসেন এ কথা বলেন। রাজধানীর নিকেতনে অবস্থিত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি কথা বলে প্রথম আলো।
সেলিম আর এফ হোসেন বলেন, ব্যাংকের পর্ষদের দায়িত্ব নীতি গ্রহণ ও পরামর্শ দেওয়া। আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাজ বাস্তবায়ন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে, পর্ষদ থেকেই নির্বাহী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্যাংকারদের যখন পেশাদারি ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না, তখন বিভিন্ন জায়গায় নানা অনিয়ম ঘটতে পারে। ব্যাংক খাতের সাম্প্রতিক অনিয়মগুলো হয়তো তারই ফল।
উদ্বৃত্ত তারল্য ব্যাংক খাতে ঝুঁকি বাড়াচ্ছে বলেও মনে করেন এই ব্যাংকার। তাঁর মতে, ব্যাংক খাতে এখন উদ্বৃত্ত তারল্য অনেক। কিন্তু বিনিয়োগের সুযোগ কম। উদ্যোক্তারা বিনিয়োগ করছেন না। এ কারণে ব্যাংক খাতে একধরনের অসুস্থ এক প্রতিযোগিতাও তৈরি হয়েছে। ব্যাংকাররা পাগলের মতো বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য ছুটছেন, যা এ খাতের ঝুঁকি বাড়াচ্ছে।
*সাক্ষাৎকারটির বাকি অংশ পড়ুন কাল শনিবার প্রথম আলোর ছাপা সংস্করণের বাণিজ্য পাতায়।