অবকাঠামো খাতে জোর দেওয়া হোক

করোনার প্রভাবে ইস্পাত কারখানার উৎপাদন ৩০ শতাংশে নেমে এসেছে। যেটুকু উৎপাদন হচ্ছে, তা-ও বিক্রি হচ্ছে না। কিন্তু উৎপাদন খরচ, ব্যাংকের সুদ, বেতন-ভাতাসহ আনুষঙ্গিক খরচ আগের মতোই হচ্ছে। ফলে ক্ষতির হিসাবটাও বিশাল। আবার করোনার কারণে কারখানার সক্ষমতার মতো জনবলও পুরো কাজে লাগানো যাচ্ছে না।
করোনার প্রভাব শুরুর পর বড় প্রকল্পে রড সরবরাহের বিপরীতে পুরোনো বিলও আটকে আছে। এতে উৎপাদন খরচ ও বেতন-ভাতা চালিয়ে নিতে ব্যাংকঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।
সরকারি প্রকল্প বাস্তবায়নের গতি বাড়লে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হলে ইস্পাত খাতে বিক্রি বাড়বে। বাজেটে অবকাঠামো খাতে জোর দেওয়া হোক। তাহলে ইস্পাতসহ নির্মাণ খাতও চাঙা হবে।
দেশে ব্যবহারের জন্য যেসব পণ্য উৎপাদিত হবে, তা অর্থনৈতিক অঞ্চলে হোক বা তার বাইরের কারখানায় হোক, কেউ যেন বাড়তি সুযোগ না পায়, সে ব্যাপারে স্থায়ী নীতি থাকা উচিত।