অবৈধ ভিওআইপি বেড়েছে বৈধ আন্তর্জাতিক কল কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের একচেটিয়া ব্যবসার কারণে দেশে বৈধ আন্তর্জাতিক কল কমে গেছে। আর সেই সুযোগে বেড়ে গেছে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল। আন্তর্জাতিক কল-সংক্রান্ত সাম্প্রতিক তথ্য পর্যালোচনা করে এ তথ্য মিলেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বৈধভাবে গড়ে প্রতিদিন আন্তর্জাতিক কল এসেছে ৯ কোটি মিনিট। অথচ গত জুন পর্যন্ত দেশে বৈধভাবে গড়ে প্রতিদিন ১২ কোটি মিনিট আন্তর্জাতিক কল এসেছিল। ওই সময়ের মধ্যে একপর্যায়ে এক দিনে সর্বোচ্চ সাড়ে ১২ কোটি কল আসারও রেকর্ড রয়েছে। এ হিসাবে প্রায় দুই মাসের ব্যবধানে বৈধ পথে আন্তর্জাতিক কল আসা ২৮ শতাংশ বা ৩ কোটি মিনিট কমে গেছে।
সংশ্লিষ্টদের মতে, বৈধ পথে আসা কল কমে সেটি এখন অবৈধ ভিওআইপি হয়ে দেশে ঢুকছে। অর্থাৎ বৈধ কলের একটি অংশ এখন অবৈধ ভিওআইপি কলে পরিণত হয়েছে। এর ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আইজিডব্লিউ অপারেটরসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর আয় কমছে।
হঠাৎ করে বৈধ পথে কল আসা কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্প্রতি আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করা হয়েছে। পাশাপাশি বিদেশি কল আনার নতুন পদ্ধতি চালু করা হয়। এ কারণেই মূলত বৈধ আন্তর্জাতিক কল আসা কমে গেছে।
গত ২৪ জুন থেকে আন্তর্জাতিক কল আনার ক্ষেত্রে নতুন একটি নিয়ম চালু করা হয়। নতুন নিয়মে চালু থাকা ২৩টি আইজিডব্লিউ অপারেটরের মধ্যে মাত্র সাতটি অপারেটর কল টার্মিনেট বা গ্রাহক পর্যন্ত পৌঁছাতে পারে। আন্তর্জাতিক কল নিয়ন্ত্রণের জন্য এই সাত প্রতিষ্ঠান নিজেরাই একটি কমন ইন্টারন্যাশনাল পয়েন্ট (সিআইপি) তৈরি করেছে। তার মাধ্যমে কলগুলো গ্রাহকের কাছে পৌঁছানো হচ্ছে। এ নিয়ম চালু হওয়ার দিনেই বৈধ কলের সংখ্যা ১২ কোটি মিনিট থেকে কমে সাড়ে ১০ কোটি মিনিটে নেমে আসে।
এরপর দ্বিতীয় ধাক্কাটি লাগে ২৪ আগস্ট। ওই দিন সাত আইজিডব্লিউ অপারেটরের সমন্বয়ে গঠিত আইজিডব্লিউ অপারেটর ফোরাম (আইওএফ) কল টার্মিনেশন রেট বা হার দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট নির্ধারণ করে। কল রেট বাড়ানো হলেও সরকার, মোবাইল অপারেটর ও ইন্টার এক্সচেঞ্জ অপারেটরদের (আইসিএক্স) মধ্যে দেড় সেন্ট দাম ধরেই রাজস্ব ভাগাভাগি হচ্ছে। ফলে টার্মিনেশন হারে বাড়তি মূল্যের সুফল পাচ্ছে কেবল আইজিডব্লিউ অপারেটররা।
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবির হিসাব অনুযায়ী, ২৪ আগস্ট থেকে তাদের মাধ্যমে আসা আন্তর্জাতিক কলের পরিমাণ গড়ে ১২ শতাংশ কমে গেছে। গত ২৩ আগস্ট গ্রামীণফোনের মাধ্যমে দেশে সাড়ে ৫ কোটি, বাংলালিংকের মাধ্যমে ১ কোটি ৭৫ লাখ মিনিট আর রবির মাধ্যমে ৩ কোটি ২৫ লাখ মিনিট বিদেশি কল এসেছে। ২৫ আগস্ট তা কমে দাঁড়ায় যথাক্রমে গ্রামীণফোনে ৪ কোটি ৭৫ লাখ মিনিট, বাংলালিংকে ১ কোটি ৫০ লাখ মিনিট আর রবিতে ৩ কোটি মিনিটে।
আন্তর্জাতিক কল আসা কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে গ্রামীণফোন, বাংলালিংক ও রবি যৌথভাবে বিটিআরসির চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগসচিব, আইওএফ ও রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যোগাযোগ করা হলে রবির মুখপাত্র ইকরাম কবির গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারকে বারবারই বলে এসেছি, কল রেট বাড়ানো হলে অবৈধ ভিওআইপি কল বেড়ে যায়। এখন এ বিষয়ে আমরা নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ চাই।’
জানতে চাইলে বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কল রেট বেড়ে যাওয়ার ফলেই বৈধ কলের সংখ্যা কমছে কি না, সেটা এখনই বলা কঠিন। তবে এমন কিছু হলে কমিশন অবশ্যই পদক্ষেপ নেবে।
আইজিডব্লিউ অপারেটরের সংগঠন আইওএফের উপপ্রধান নির্বাহী খন্দকার মাজহারুল হক প্রথম আলোকে বলেন, ‘নিজেদের স্বার্থে হলেও আমাদের অবৈধ ভিওআইপি ঠেকাতে হবে। এ জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি।’ তবে বৈধ পথে আসা কল শিগগিরই বাড়বে বলে আশাবাদী তিনি।