অভ্যন্তরীণ অবকাঠামোর কাজ ঝুলে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্ল এসইএ-এমই-ডব্লিউই-৫-এর অভ্যন্তরীণ অবকাঠামো বা অপটিক্যাল ফাইবার ব্যাকহোল তৈরির কাজ এখনো শুরু হয়নি। এর ফলে বাংলাদেশ নতুন যে ১ হাজার ৫০০ জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইটথ পেতে যাচ্ছে, সেটির কার্যকর ব্যবহার ও রপ্তানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সমুদ্রের তলদেশ দিয়ে ইন্টারনেট ব্যবহারে ব্যবহৃত ব্যান্ডউইটথ যে তারের মাধ্যমে আদান-প্রদান করা হয়, সেটিকে বলা হয় সাবমেরিন কেব্ল। ভারত মহাসাগর থেকে পটুয়াখালীর কুয়াকাটা দিয়ে এসইএ-এমই-ডব্লিউই-৫ সাবমেরিন কেব্ল বাংলাদেশে প্রবেশ করবে। আর কুয়াকাটা থেকে ঢাকাসহ সারা দেশের সঙ্গে এই কেব্লকে সংযুক্ত করার কাজটিকে বলা হয় ফাইবার ব্যাকহোলিং। সাবমেরিন কেবলের অভ্যন্তরীণ সংযোগ নির্মাণের এ গুরুত্বপূর্ণ কাজটি পেয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
দ্বিতীয় সাবমেরিন কেব্ল যেটি সাউথইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ (এসইএ-এমই-ডব্লিউই-৫) নামে পরিচিত, সেটির বাংলাদেশ অংশের মালিক বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। বিএসসিসিএল সূত্রে জানা গেছে, দেশের ভেতরে ফাইবার ব্যাকহোলিংয়ের কাজটি করার জন্য বিটিসিএলের সঙ্গে সমঝোতা চুক্তি সই হয়েছে। এরপর থেকেই কাজটি শুরু করার জন্য বিটিসিএলকে বারবার তাগাদা দিয়ে আসছে বিএসসিসিএল।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, ‘কুয়াকাটা পর্যন্ত সাবমেরিন কেব্ল আনার কাজ শেষ হলেও এখনো দেশের ভেতরে ব্যাকহোলিংয়ের কাজ শুরু না হওয়ার বিষয়টি দুঃখজনক। এতে সাবমেরিন কেবলে বিএসসিসিএলের বড় অঙ্কের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়বে। কাজটি দ্রুত শুরু করতে বিটিসিএলকে আমরা তাগাদা দিয়ে যাচ্ছি।’
বিটিসিএল সূত্রে জানা গেছে, ব্যাকহোলিংয়ের কাজটি করার জন্য এ বছর উন্মুক্ত দরপত্র ডাকা হয়। এতে চীনের দুটি ও তুরস্কের একটি প্রতিষ্ঠান অংশ নেয়। যাচাই-বাছাই শেষে বিটিসিএলের কারিগরি মূল্যায়ন কমিটি তুরস্কের প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া যেতে পারে, এমন সুপারিশ করে। এরপর গত ২৭ সেপ্টেম্বর বিটিসিএলের ১৪১তম পর্ষদ সভায় প্রকল্পটির চূড়ান্ত কার্যাদেশের অনুমোদনের জন্য তোলা হলে এ সময় কারিগরি কমিটির সুপারিশে অসন্তোষ প্রকাশ করা হয়। পর্ষদ আবারও বিষয়টি যাচাই-বাছাই করার জন্য তিন সদস্যের একটি কমিটি করে দেয়। এরপর ডাক ও টেলিযোগাযোগ বিভাগে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে আগের মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী তুরস্কের প্রতিষ্ঠানটিকে দিয়ে কাজটি করানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন ভূঁইয়া কোনো কথা বলতে রাজি হননি।
বিএসসিসিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে প্রতিষ্ঠানই কাজ পাক না কেন তাদের কাজটি শেষ করতে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে। নভেম্বর থেকে কাজ শুরু করা হলেও সেটি শেষ করতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত সময় লেগে যাবে।
উল্লেখ্য, এসইএ-এমই-ডব্লিউই-৫ সাবমেরিন কেব্লটি ১৯টি দেশের টেলিযোগাযোগ সংস্থার সম্মেলনে গঠিত আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অধীনে জাপানের এনইসি ও ফ্রান্সের অ্যালকাটেল লুসেন্ট নির্মাণ করছে। কুয়াকাটা সৈকত থেকে একটি ব্রাঞ্চ বা শাখা কেবলের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার দীর্ঘ মূল কেবলের সঙ্গে বাংলাদেশ যুক্ত হবে। বর্তমানে কুয়াকাটা সৈকত থেকে সাড়ে ৯ কিলোমিটার দূরের সমুদ্রসৈকতে বাংলাদেশ অংশের সাবমেরিন কেব্ল চলে এসেছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কুয়াকাটার মূল স্টেশনে কেব্ল টানার কাজ শেষ করা সম্ভব বলে প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
প্রকল্পটি বাস্তবায়নে বিএসসিসিএলের খরচ হচ্ছে ৬৬০ কোটি টাকা। এর মধ্যে সরকার ১৬৬ কোটি টাকা ও বিএসসিসিএল ১৪২ কোটি টাকা দিচ্ছে। বাকি ৩৫২ কোটি টাকা ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ঋণ হিসেবে দিচ্ছে। ব্যাকহোলিংয়ের কাজ শেষ না হলে ৬৬০ কোটি টাকার বিনিয়োগ অনিশ্চয়তায় পড়বে। একই সঙ্গে বেনাপোল, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইটথ রপ্তানির সম্ভাবনাও বাধাগ্রস্ত হবে।
টেলিযোগাযোগভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ গবেষক আবু সাইদ খান প্রথম আলোকে বলেন, বিটিসিএলের অদক্ষতার কারণে বাড়তি ব্যান্ডউইটথ ব্যবহারের সুফল থেকে দেশের মানুষ বঞ্চিত হতে যাচ্ছে। একই সঙ্গে বিষয়টি ব্যান্ডউইটথ রপ্তানির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা তৈরি করবে।