অর্জিত হলো সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য

গতবারের মতো এবারও রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্য অর্জিত হলো। চলতি অর্থবছরে (২০১৫-১৬) লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৭৮৪ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সাময়িক হিসাবে, আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক মিলিয়ে চলতি অর্থবছরে ১ লাখ ৫৪ হাজার ৭৮৩ কোটি ৯৩ লাখ টাকা আদায় হয়েছে। সংশোধিত লক্ষ্য ছিল দেড় লাখ কোটি টাকা। গতবারও সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করেছিল এনবিআর।
রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনের খবর জানিয়ে গতকাল বুধবার সকাল সাতটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের ওই স্ট্যাটাসে ‘লাইক’ ও ‘শেয়ার’ বাড়তে থাকে।
এনবিআরের চেয়ারম্যান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এবার রাজস্ব লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি—উভয় খাতের অংশীদারেরা সহায়তা করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলো করদাতাদের কাছ থেকে যথাযথ উৎসে কর ও মূল্য সংযোজন কর (মূসক) আদায় করেছে। ব্যবসায়ীরাও আগের চেয়ে অনেক বেশি রাজস্ব নীতিগুলো মেনে (কমপ্লাই) চলেছেন। এ ছাড়া রাজস্ব কর্মকর্তারা রাজস্ব আদায়ে আন্তরিক ছিলেন। তাঁরা অনেক রাত পর্যন্ত কাজ করেছেন।
চলতি অর্থবছরের শুরুতে এনবিআরকে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়। কিন্তু কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় না হওয়ায় বছরের শেষ দিকে তা দেড় লাখ কোটি টাকায় নামিয়ে আনা হয়। এখন সেই সংশোধিত লক্ষ্য অর্জিত হলো। গতবার সংশোধিত লক্ষ্য ছিল ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা। তখনো রাজস্ব আদায় হয়েছিল ১ লাখ ৩৬ হাজার ২৬৬ কোটি ৬৮ লাখ টাকা।
চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে আসন্ন অর্থবছরে প্রায় ৩৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে এনবিআরকে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকার রাজস্ব লক্ষ্য দেওয়া হয়েছে। এর মানে, আগামী অর্থবছরে চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করতে হবে।
এ সম্পর্কে নজিবুর রহমান বলেন, ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টার ব্যবহার করে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) দেওয়া হবে। আগামী অর্থবছর করের জাল ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত হবে। এ ছাড়া তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীরা যাতে রাজস্ব দিতে উৎসাহিত হন, সে জন্য যৌথ অংশীদারত্ব প্রতিষ্ঠার জন্য সিটি করপোরেশন ও জেলা শহরগুলোর বাইরে ইউনিয়ন-উপজেলা পর্যায়ে যাবে এনবিআর।
রাজস্ব: এনবিআর সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) থেকে। এ খাতে আদায় হয়েছে ৫৫ হাজার ৬৮৩ কোটি টাকা। লক্ষ্য ছিল ৫৪ হাজার ৬৪ কোটি টাকা। গতবার আদায় হয়েছিল ৪৯ হাজার ১৩ কোটি টাকা। এ খাতে এ বছর প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬১ শতাংশ।
এরপর সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে আয়কর খাত থেকে। ২০১৫-১৬ অর্থবছরে শুল্ক থেকে আয়করের সংশোধিত লক্ষ্য ছিল ৫৩ হাজার ৪৩৬ কোটি টাকা। আদায় হয়েছে ৫৪ হাজার ২৪৫ কোটি টাকা।
এ ছাড়া শুল্ক খাত থেকে ৪৪ হাজার ৮৫৫ কোটি টাকার রাজস্ব এসেছে। এ খাতে লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৪২ হাজার কোটি টাকা।