অর্থ ও খাদ্যের সঙ্গে প্রয়োজন পুষ্টি শিক্ষার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় দরিদ্র লোকেরা নগদ অর্থ ও খাদ্যই বেশি চান। তবে এই দুটির পাশাপাশি পুষ্টি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া গেলে দরিদ্র লোকদের অবস্থার যেমন পরিবর্তন হয়, তেমনি তাঁদের সন্তানেরাও অপুষ্টিতে ভোগে না।
ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল মঙ্গলবার গবেষণাটি প্রকাশ করা হয়।
দেশের উত্তরাঞ্চলের রংপুর ও কুড়িগ্রাম এবং দক্ষিণাঞ্চলের বাগেরহাট, ভোলা, খুলনা, পটুয়াখালী ও পিরোজপুর জেলার মোট চার হাজার নারীর ওপর এ গবেষণা করা হয়। ২০১২ সালের মে থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত গবেষণাটি হয়। এতে নারীদের পাঁচ ভাগে ভাগ করে পাঁচ ধরনের সেবা দেওয়া হয়। এগুলো হলো শুধু টাকা, শুধু খাদ্য, টাকা ও খাদ্য, টাকা ও পুষ্টি শিক্ষা এবং খাদ্য ও পুষ্টি শিক্ষা।
শুধু অর্থ পাওয়া নারীদের মুঠোফোনের মাধ্যমে প্রতি মাসে দেড় হাজার টাকা দেওয়া হয়েছে। খাদ্যের তালিকায় থাকা নারীরা পেয়েছেন ৩০ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি পুষ্টিসমৃদ্ধ ভোজ্যতেল।
আর যাঁরা দুটিই পেয়েছেন, তাঁদের অর্থ ও খাদ্যের পরিমাণ অর্ধেক করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁদের পুষ্টিবিষয়ক শিক্ষা দেন প্রশিক্ষিত কমিউনিটি পুষ্টি স্বেচ্ছাসেবকেরা।
যাঁদের অর্থ আর পুষ্টি শিক্ষা দুটিই দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যেই বেশি পরিবর্তন দেখা গেছে। এই অংশের নারীদের শিশুদের উচ্চতা বয়সের তুলনায় কম হওয়ার হার ৭ দশমিক ৩ শতাংশ কমেছে বলে উঠে এসেছে গবেষণায়।
অনুষ্ঠানে এসব তথ্য জানান জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এদেশীয় পরিচালক ক্রিস্টা রাডার। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা গবেষণার মেয়াদকাল এক বছর ঠিক করেছিলাম। কিন্তু পুষ্টি পরিস্থিতির পরিবর্তন দেখার জন্য এক বছর কম সময়। তাই এটাকে দুই বছর করা হয়েছে।’
অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন ইফপ্রির গবেষক দলের প্রধান আকতার আহমেদ। গবেষণা অনুযায়ী, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল দুই জায়গাতেই ৮৯ থেকে ৯১ শতাংশ নারী সহায়তা হিসেবে নগদ অর্থ চান। যাঁদের শুধু খাদ্য দেওয়া হয়েছিল, তাঁরা বেশি চান খাদ্য। আবার যাঁদের খাদ্য ও অর্থ দুটিই দেওয়া হয়েছিল, তাঁরা বেশি চান অর্থ।
গবেষণায় দেখা যায়, উত্তরাঞ্চলে নারীদের যে অংশকে অর্থ ও পুষ্টি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাঁদের মাথাপিছু ব্যয় আগের চেয়ে বেড়েছে। একই চিত্র দক্ষিণাঞ্চলের খাদ্য ও পুষ্টি শিক্ষা পাওয়া নারীদের ক্ষেত্রেও। পাশাপাশি পুষ্টি শিক্ষা পাওয়া নারীদের খাদ্য-ব্যয়ও আগের চেয়ে বেড়েছে। আবার যেসব নারীকে নগদ অর্থ কিংবা খাদ্যের সঙ্গে পুষ্টি শিক্ষা দেওয়া হয়েছিল, তাঁরা অন্যদের চেয়ে দ্বিগুণ-তিন গুণ ক্যালরি বেশি গ্রহণ করেছেন।
গবেষণায় উঠে এসেছে, নগদ অর্থের সঙ্গে পুষ্টি পাওয়া নারীদের ২৩ শতাংশই খাদ্যের দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। খাদ্যের সঙ্গে পুষ্টি শিক্ষা পাওয়া নারীদের মধ্যে এ হার প্রায় ১৩ শতাংশ। গবেষণার পুষ্টিসংক্রান্ত ফলাফল উপস্থাপন করেন করনেল ইউনিভার্সিটির খাদ্য ও পুষ্টি অর্থনীতির অধ্যাপক জন হডিনট।
সরকারের নির্দেশনা অনুযায়ী এবং সুইজারল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডব্লিউএফপি, ইউএনডিপির অর্থায়ন ও সহায়তায় গবেষণাটি করা হয়।
অনুষ্ঠানের আরেকটি অধিবেশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে অপুষ্টির মূল সমস্যাই হয় দারিদ্র্যের কারণে। পুষ্টির দিকে তাই নজর দিতেই হবে। এ নিয়ে বিতর্কের অবকাশ নেই।
বিশ্বব্যাংকের সামাজিক নিরাপত্তা দলের প্রধান অর্থনীতিবিদ ইফফাত আনোয়ার বলেন, শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ। আর এর জন্য দরকার শিশুদের যথাযথ বুদ্ধির বিকাশ। তাই জন্মের পর থেকে শিশুদের পুষ্টির দিকে নজর দিতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, সমাজকল্যাণসচিব তারিক উল ইসলাম, ইউএনডিপির এদেশীয় পরিচালক পলিন টেমাসিস প্রমুখ বক্তব্য দেন।