নীরব দেশত্যাগ, হুন্ডি ও অভিবাসন: মামুন রশীদের বইয়ের মোড়ক উন্মোচন
অর্থনীতি নিয়ে তর্ক-বিতর্কে সমৃদ্ধ হয় অর্থনীতি
অর্থনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় লেখা হলে পাঠকের জন্য বুঝতে সুবিধা হয়। আর অর্থনীতির কোনো বিষয় নিয়ে দ্বিমত থাকলেও তা তর্ক-বিতর্ক হলে পরোক্ষভাবে উপকারই হয়, সমৃদ্ধ হয় অর্থনীতি।
গতকাল মঙ্গলবার বিশিষ্ট ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদের নীরব দেশত্যাগ হুন্ডি ও অভিবাসন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠান হয়। আগামী প্রকাশনী এ বইটি প্রকাশ করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নীরব দেশত্যাগ—এটা ভালো নয়। দেশে এখন সংখ্যালঘু মোট জনসংখ্যার ৯ শতাংশ। এতে কোনো বাহাদুরি নেই। দেশত্যাগ করছে মানুষ, এটা অত্যন্ত লজ্জার বিষয়। কেন নীরবে দেশত্যাগ হচ্ছে, এটা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। তাঁরা কি নিরাপত্তার জন্য চিন্তায় থাকেন?’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খান মনে করেন, বিশ্বায়নের এ যুগে অভিবাসন বড় বিষয় নয়। তবে বাংলাদেশের মানুষের অভিবাসন নিয়ে ভাবার দরকার রয়েছে। কেননা বাংলাদেশে নিম্ন আয়ের মানুষ অভিবাসন করছে না। উচ্চ আয়ের মানুষই অভিবাসনে কেন যাচ্ছে, তা ভেবে দেখতে হবে।
অর্থনীতির বিভিন্ন বিষয়ে আরও লেখালেখি করা উচিত—এমন মন্তব্য করে তিনি উদারহণ দেন, মধ্যযুগীয় বিশ্বাসের কারণে ভারত থেকে আইনগতভাবে আমরা গরু আমদানি করতে পারি না। অথচ বৈধভাবে গরু আমদানি করার সুযোগ থাকলে ৫০ কোটি ডলারের কালোবাজারটি শেষ হয়ে যেত। এ নিয়ে ভারত ও বাংলাদেশকে ভাবা উচিত।
মামুন রশীদের বইয়ের একটি প্রবন্ধ ‘এতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রয়োজন আছে কি না?’—এ সম্পর্কে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়, এত ব্যাংকের প্রয়োজন আছে কি না—প্রবন্ধটির নাম এটা হতে পারত। এত ব্যাংক থাকার ফলে সুদের হার কমছে না। ছোট দেশে ব্যবসার পরিমাণ কম থাকে। তাই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আয় বাড়ানোর চেষ্টা থাকে। এ জন্য সুদের হারও কমে না। তিনি মনে করেন, যত ভালো নীতিই করা হোক না কেন, তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
বইটির ওপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদেরা আসবেন-যাবেন। কিন্তু অর্থনৈতিক সুশাসন দেওয়ার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থাগুলোর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়দায়িত্ব শেষ পর্যন্ত এসব নিয়ন্ত্রক সংস্থার ওপরই পড়ে। কিন্তু এ দেশে নিয়ন্ত্রক সংস্থাগুলো সময়োচিত দৃশ্যমান পদক্ষেপ নেয় না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেখক মামুন রশীদ, আগামী প্রকাশনীর ওসমান গনি এবং দৈনিক বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ।