
রাজনৈতিক অস্থিরতা, কাঠামোগত দুর্বলতা ও আন্তর্জাতিক ভঙ্গুরতা সত্ত্বেও বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে। তবে এ মুহূর্তে অর্থনীতিতে তিনটি বৃহৎ চ্যালেঞ্জ দেখছে আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংক। এগুলো হলো—রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা।
বিশ্বব্যাংক প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এভাবেই দেশের অর্থনীতিকে মূল্যায়ন করা হয়েছে। গতকাল রোববার এ প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি। এ উপলক্ষে সংস্থার ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
প্রতিবেদনে মূল্যস্ফীতি, রাজস্ব পরিস্থিতি, রপ্তানি, বহিঃখাতের ভারসাম্য, সুদের হার, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), বাজেট ঘাটতিসহ বিভিন্ন খাতের মূল্যায়ন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ছয় শতাংশের ঘরে আটকে গেছে। এর কারণ, কর্মক্ষম উচ্চ জনসংখ্যা বা জনসংখ্যা বোনাসের যথাযথ সুবিধা নিতে পারছে না বাংলাদেশ। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ মাত্র ৩৩ দশমিক ৭ শতাংশ। এটি জাপানের সমান হলে জিডিপির প্রবৃদ্ধি দশমিক ৭ শতাংশ পয়েন্ট বাড়ত। আর থাইল্যান্ডের সমান হলে ১ দশমিক ৬ শতাংশ পয়েন্ট বাড়ত।
সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, মধ্য আয়ের দেশ হতে বাংলাদেশ কিছুটা স্বস্তির জায়গায় আছে। তবে প্রবৃদ্ধি বাড়াতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিনিয়োগের অনুপাত ৩৩-৩৪ শতাংশে উন্নীত করতে হবে। এ ছাড়া শ্রমঘন উৎপাদনশীলতার দিকে বেশি মনোযোগী হতে হবে। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের দিকে জোর দিতে হবে। এখনো কর্মসংস্থানের দিক থেকে পুরুষেরা অনেক এগিয়ে আছে।
মূল্যস্ফীতি: বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মাসে (২০১৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত) মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭ শতাংশ হয়েছে। এটি অর্থনীতির ভালো দিক। আন্তর্জাতিক বাজারে খাদ্যমূল্যের দাম কমে যাওয়ায় খাদ্য উপখাতে মূল্যস্ফীতি কমেছে। আর বিনিময় হার ও মুদ্রা ব্যবস্থাপনার কারণে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে।
বহিঃখাত ভারসাম্য ও রপ্তানি: প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-ফেব্রুয়ারি মাসের হিসাবে গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে চলতি হিসাবে ১০ হাজার ৮০০ কোটি টাকা উদ্বৃত্ত রয়েছে। গত অর্থবছরে একই সময়ে ১০ হাজার ৯০০ কোটি টাকার ঘাটতি ছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ মার্চ মাসে এসে দাঁড়িয়েছে ২৩ হাজার কোটি টাকা।
তৈরি পোশাক রপ্তানি সম্পর্কে জাহিদ হোসেন বলেন, যে রপ্তানিকারকেরা ইউরোপের বাজারে ডলারে ব্যবসা করেন, তাঁরা দাম কম পাচ্ছেন। কারণ ডলারের বিপরীতে টাকার দাম এক বছরে সাড়ে ১৭ শতাংশের বেশি বেড়েছে। এটি রপ্তানিকারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
সুদের হার: বাংলাদেশে সুদের হার অস্বাভাবিক রকমের বেশি নয় বলে মনে করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলছে, সুদের হার কমেছে, তাও নয়। তবে বাজারে যে পরিমাণ তারল্য রয়েছে, সে অনুযায়ী সুদের হার কমেনি। এ ছাড়া পরিচালন ব্যয় বিশেষ করে গ্রামে ব্যাংকের শাখা স্থাপন করলে, তুলনামূলক কম বিনিয়োগ ফিরে আসে। এটাও সুদের হার না কমার অন্যতম কারণ। সুদের হার কমাতে বিশ্বব্যাংক তিনটি সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি কমানো, খেলাপি ঋণে কমাতে তদারকি বাড়ানো এবং বাজারভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার নির্ধারণ করা।
বড় অঙ্কের ঋণ পুনর্গঠন সম্পর্কে বিশ্বব্যাংকের মত হলো, তাহলে ছোট ঋণ কেন পুনর্গঠন করা হবে না?
রাজস্ব পরিস্থিতি: প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১২ দশমিক ৯ শতাংশ। তবে করবহির্ভূত রাজস্ব আদায় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ কম হয়েছে। করপোরেট কর হার কমানো, সম্পূরক শুল্ক হার হ্রাস, তৈরি পোশাক খাত ও বেশ কিছু রপ্তানি খাতকে কর ছাড় দেওয়ায় এবার রাজস্ব আদায়ে কিছুটা শ্লথগতি রয়েছে।
এ ছাড়া রাজনৈতিক অস্থিরতায় কর আদায় বিঘ্নিত হয়েছে বলে মনে করে বিশ্বব্যাংক। আবার ২০১৬ সালের জুলাই মাস থেকে নতুন মূল্য সংযোজন কর আইন বাস্তবায়ন করা হলে কর ও জিডিপি অনুপাত ১০ থেকে সাড়ে ১০ শতাংশে উন্নীত হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। বর্তমানে কর ও জিডিপি অনুপাত মাত্র সাড়ে ৮ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়া সম্পর্কে জাহিদ হোসেন বলেন, ১৯৯৭ সালের পর গত অক্টোবর মাসে প্রথমবারের মতো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লাভের মুখ দেখেছে। এটি বাজেট ঘাটতি কমাতে সহায়তা করছে।