২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিশ্বব্যাংকের পর্যালোচনা
অর্থনীতির প্রধান ঝুঁকি চারটি

বিনিয়োগের উল্লেখযোগ্য অগ্রগতি ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া ৭ শতাংশ মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে বলে মনে করছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক।
বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক আরও বলেছে, ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন অসম্ভব নয়, তবে চ্যালেঞ্জিং। এটি অর্জন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা ধারাবাহিকভাবে ধরে রাখা ও বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা। ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে আগামী ২০১৫-১৬ সালের যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ।
এর বাইরে আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির জন্য চারটি প্রধান ঝুঁকি চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। এগুলো হলো ইউরোপের অর্থনীতির গতি-প্রকৃতি, নড়বড়ে আর্থিক খাত, পোশাকশিল্পের চলমান রূপান্তরকাল ও রাজনৈতিক স্থিতিশীলতার ধারাবাহিকতা ধরে রাখা। সংস্থাটি বলছে, ইউরো অঞ্চলের চলমান অর্থনৈতিক সংকট ঘনীভূত হলে তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, ইউরোপে বাংলাদেশের একটি বড় রপ্তানিবাজার রয়েছে। একইভাবে ইউরোপের সংকট কেটে গেলে তা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য ইতিবাচক ফল নিয়ে আসতে পারে।
সংস্থাটির ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গতকাল সোমবার সকালে এ অভিমত তুলে ধরা হয়। তাতে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান (ভারপ্রাপ্ত) সালমান জায়দী।
বিশ্বব্যাংকের মতে, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে জিডিপির সাড়ে ৩৩ শতাংশে উন্নীত করতে হবে। তা সম্ভব না হলে অন্ততপক্ষে বিনিয়োগের পরিমাণ ২ থেকে ২ দশমিক ৫ শতাংশ বাড়াতেই হবে। বর্তমানে বাংলাদেশে সরকারি-বেসরকারি বিনিয়োগের হার জিডিপির ২৯ শতাংশ।
বাজেটে ৬ দশমিক ২ শতাংশ হারে মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, সেটিকে বাস্তবসম্মত বলে মনে করছে বিশ্বব্যাংক। এ জন্য যে ধরনের সংযত মুদ্রানীতি প্রয়োজন, সেটিও বর্তমানে বজায় রয়েছে বলে মত সংস্থাটির।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক মানে বিবেচনা করলে এ বাজেট মোটেই ‘বড় বাজেট’ নয়। তবে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ও রাজস্ব আদায়ের যে লক্ষ্য ঠিক করা হয়েছে, তা অর্জনে শঙ্কা রয়েছে। তিনি বলেন, এডিপির পুরোপুরি বাস্তবায়ন না হলে তাতে অর্থনীতির বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কিন্তু এ ক্ষেত্রে বড় প্রশ্ন অর্থ কোথায় খরচ করা হচ্ছে, সেটি।
বিশ্বব্যাংকের হিসাবমতে, রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে এ খাতে ২৯ শতাংশের বেশি প্রবৃদ্ধি ঘটাতে হবে। অথচ ২০০৭ সালে সেনাসমর্থিত সরকার দায়িত্ব গ্রহণের পর নানামুখী উদ্যোগের ফলে ২০০৭-০৮ অর্থবছরে সর্বোচ্চ ২৬ দশমিক ৪ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি ঘটেছিল, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্বব্যাংক জানিয়েছে, রাজস্ব আদায় বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে। কারণ, বাংলাদেশের অর্থনীতির যে পরিমাণ বিকাশ ঘটেছে, রাজস্ব আদায় সেই হারে বাড়েনি।
আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে গিয়ে যেন সৎ ও নিয়মিত করদাতাদের ওপর করের চাপ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। রাজস্ব আয় বাড়াতে বাজেটে কর খাতে যেসব উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে, তার ভিত্তিতে বিপুল রাজস্ব আদায় অনেকটাই অবাস্তব বলে মনে করে বিশ্বব্যাংক। এ ছাড়া আর্থিক খাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ব্যাংক প্রতিষ্ঠার যে ঘোষণা অর্থমন্ত্রী বাজেটে দিয়েছেন, সেটি পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিশ্বব্যাংক মনে করে, নতুন ব্যাংকের তেমন প্রয়োজনীয়তা নেই। বরং পুরোনো খারাপ ব্যাংকগুলোর কয়েকটিকে একীভূত করার বিষয়টি ভেবে দেখার সময় এসেছে।
বাজেটের বিভিন্ন পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, সরকারি বিনিয়োগের সঙ্গে জিডিপি প্রবৃদ্ধির হিসাব মিলছে না। সরকারি বিনিয়োগ বাড়ছে কিন্তু তার বিপরীতে অর্থনীতিতে যে সম্পদ তৈরি হওয়ার কথা, সেটি হচ্ছে না।
বিভিন্ন দেশের সহায়তায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করে বিশ্বব্যাংক। এ ক্ষেত্রে সরকার ‘উড্ডয়ন বা টেক অফ’ পর্যায়ে রয়েছে। ঠিকমতো উড্ডয়ন করতে পারলে তাতে বিনিয়োগের প্রত্যাশা তৈরি হবে আর তাতে বিনিয়োগ বাড়বে বলে মনে করে দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণের অর্থায়ন থেকে সরে যাওয়া বিশ্বের অন্যতম বৃহৎ দাতা সংস্থা বিশ্বব্যাংক।