অর্থনীতির মিশ্র ফলাফলের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির মিশ্র ফলাফলের বছর ছিল ২০১৪ সাল। আর্থিক খাতের বেশির ভাগ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি করা গেলেও বিদায়ী বছরে অবকাঠামো ও রাজস্ব আহরণের গতি বাড়ানোর সুযোগ ছিল। এ দুই দিকেই নতুন বছরে অর্থাৎ ২০১৫ সালে জোর নজর দিতে হবে মনে করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন হচ্ছে, ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতা, হরতাল ও অবরোধ সামগ্রিক অর্থনীতিকে বিপর্যস্ত
করেছে। এ জন্য ২০১৪ এর বড় অংশজুড়ে বিনিয়োগ স্থবিরতা ছিল আলোচিত বিষয়। একই কারণে বছরের শুরুতে বিনিয়োগ বৃদ্ধির প্রশ্নে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে বছরের শেষ দিকে বিনিয়োগে প্রবৃদ্ধির ধারা জোরালোভাবে ফিরে এসেছে।
বিশেষত স্থানীয় বাজারে টাকা ও ডলারের বাড়তি তারল্য কমে আসাকে ‘ব্যবসা-বাণিজ্য আড়মোড়া ভেঙে চাঙা হচ্ছে’ বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, ‘ভোক্তা ও ব্যবসায়িক আস্থায় এসেছে নতুন গতি। তার ঊর্ধ্বমুখী ঢেউ লেগেছে আমদানি ও রপ্তানিতে। বেড়েছে বিদেশ থেকে অর্থ প্রেরণের মাত্রা। বৈদেশিক মুদ্রার মজুতে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড।’
কেন্দ্রীয় ব্যাংক বলছে, আগের অর্থবছরের প্রায় অর্ধেক সময়জুড়ে রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও ৬ দশমিক ১২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন হয়েছে। মাথাপিছু আয় ২০১২-১৩ অর্থবছরে ১ হাজার ৪৪ ডলার থেকে বেড়ে ২০১৩-১৪ অর্থবছরে হয়েছে ১ হাজার ১৯০ ডলার।
মূল্যস্ফীতিতে ছিল নিম্নগতি। যদিও এই নিম্নগতি ছিল ধীর, তবু ক্রমাগত মূল্যহ্রাস ভোগ ও বিনিয়োগকে উদ্বুদ্ধ করেছে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহে যথেষ্ট সতর্ক অবস্থানে ছিল বলেই প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সন্তোষজনক সংখ্যা বেরিয়ে এসেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থবছর ২০১৩-১৪ এ আমদানি ব্যয় ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার। যা ২০১৪-১৫-তে ১২ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রপ্তানিতে একই গতি বছরজুড়ে না থাকলেও বছর শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বিদেশ থেকে অর্থ প্রেরণের পরিমাণেও ১০ শতাংশ প্রবৃদ্ধি ঘটতে পারে। ২০১৩-১৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ১ হাজার ৪২০ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার বর্তমান মজুত দুই হাজার ২৩২ কোটি ডলার, যা দিয়ে সাত মাসের মতো আমদানি ব্যয় নির্বাহ সম্ভব।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, সম্প্রতি আমদানির উপাদানে ইতিবাচক পরিবর্তন এসেছে। বেড়েছে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পে কাঁচামাল আমদানি, যা অর্থনীতির ভবিষ্যৎ ক্ষমতায়নে ব্যবহৃত হবে। বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে বর্তমান সামান্য ঘাটতি ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনাকে বেগবান করবে বলে আশা করা যায়।
সরকারের অন্তর্ভুক্তিমূলক আর্থসামাজিক উন্নয়ন কৌশলের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ ব্যাংকও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) ঋণ, গ্রিন ব্যাংকিং, আর্থিক খাতের আধুনিকায়ন, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, কৃষি ঋণ সম্প্রসারণ, রপ্তানি উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা লেনদেন উদারীকরণে পদক্ষেপ নিয়েছে। ফলে প্রবৃদ্ধির ভিত্তিভূমি হয়েছে প্রসারিত, যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। কর্মসংস্থান হয়েছে ঊর্ধ্বমুখী। জীবনের আয়ুষ্কাল, দারিদ্র্যের হার, প্রকৃত মজুরির মতো অনেক সূচকেই ইতিবাচক পরিবর্তন চোখে পড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বাংলাদেশ প্রথমবারের মতো চাল রপ্তানি করতে সক্ষম হয়েছে।
তবে ২০১৪ এর চালচিত্রে কিছু অস্বস্তিকর দিকও লক্ষ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটি বলছে, খেলাপি ঋণ ও মন্থর বিনিয়োগের কারণে তারল্য বৃদ্ধি ও শাখা পর্যায়ের ব্যাংকে কিছু অনিয়ম প্রচারমাধ্যমে উঠে এসেছে। অবশ্য এগুলোর অধিকাংশই ২০১৩ এর হরতাল-অবরোধ বা রাজনৈতিক অস্থিরতার বিলম্বিত মাশুল বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সংশোধনমূলক পদক্ষেপের মাধ্যমে এই নেতিবাচক প্রবণতা লাঘবে সচেষ্ট হয়েছে। ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে এবং শ্রেণিবিন্যাস ও প্রভিশনিং বিশ্বমানের করার কারণে খেলাপি ঋণের হার এককালীন উল্লম্ফন হয়েছিল। প্রভিশন সংস্থান না করা নিট খেলাপি ঋণের মাত্রা মোট ঋণের নিম্নতর একক শতাংশেই রয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, উদ্বৃত্ত তারল্য এখন নিম্নমুখী। কলমানি বা মুদ্রাবাজারে প্রাত্যহিক লেনদেনের সুদ হার আগস্টে ৬ ভাগ থেকে বেড়ে বছর শেষে ৮ দশমিক ৩ ভাগে উঠেছে। এ সহনীয় ঊর্ধ্বগামিতা প্রমাণ করে ব্যবসার প্রসারণে তহবিল চাহিদা বাড়ছে। বিভিন্ন ব্যাংকে বৈদেশিক মুদ্রার অন্তর্মুখী ও বহির্মুখী প্রবাহের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, যা ২০১৫ তে বর্ধিত আমদানি চাহিদার সংকেত।
২০১৪ এর শেষ পর্বে অভ্যন্তরীণ চাহিদার যে নতুন প্রণোদনা সৃষ্টি হয়েছে, তা অব্যাহত থাকলে ২০১৫ এর অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ বা তার বেশি হারে প্রবৃদ্ধি বাংলাদেশ অর্জন করবে বলেই প্রতীয়মান হয়।
তবে মূল্যস্ফীতির ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকবে। এর কারণ ত্রিবিধ: সরকারি নতুন বেতন কাঠামো, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতায় তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কা ও চাহিদাতাড়িত ঊর্ধ্বচাপ। এগুলো মাথায় রেখেই বাংলাদেশ ব্যাংক আগামী মুদ্রানীতি সাজাবে, যাতে ২০১৫ এর অর্থবছর শেষে মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রা অনুসারে ৬ দশমিক ৫ শতাংশে আটকে রাখা যায়।