অর্থনৈতিক অঞ্চলে জমি খালি রাখলেই ব্যবস্থা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অষ্টম ব্যাচের এই কর্মকর্তা সরকারি-বেসরকারি ও বিদেশি বিনিয়োগ, পর্যটন অঞ্চল গঠনসহ বেজাকে নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন প্রথম আলোর কাছে। তাঁর সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান।
প্রশ্ন :
বেজাতে আপনার আগামী তিন বছরের পরিকল্পনা কী?
দেখুন, ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চলগুলোতে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রয়েছে সরকারের। বিশাল এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য বেশি জোর দিতে হবে চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে। কারণ, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। একই সঙ্গে সম্ভাবনাময়ও। আমি নতুন কোনো অর্থনৈতিক অঞ্চলের দিকে নজর দেব না। পুরোনো যেসব অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে, সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব আগে। আমি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক ছিলাম, তখন বেজার কাজ সম্পর্কে সামান্য অভিজ্ঞতা ছিল। এখন এসে দেখলাম, এখানে কাজের পরিধি আরও অনেক বড়।
প্রশ্ন :
দায়িত্ব নেওয়ার পর আপনি বঙ্গবন্ধু শিল্পনগর এলাকা ঘুরে এসেছেন। সেখানকার বিনিয়োগ পরিবেশ সম্পর্কে কিছু বলুন।
বঙ্গবন্ধু শিল্পনগরে ১৩টি শিল্পপ্রতিষ্ঠান এ বছর উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু করোনা তাদের পিছিয়ে দিয়েছে। আর সেখানে এখন পর্যন্ত ১১০টি প্রতিষ্ঠানের সঙ্গে জমির লিজ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এসব প্রতিষ্ঠান চাইলে তাড়াতাড়ি কাজ শুরু করতে পারবে। জমি বরাদ্দ, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়াসহ গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ প্রদানের প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি। এখন ব্যবসায়ীদের প্রতিশ্রুতি পূরণের পালা। তারা কাজ শুরু না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বঙ্গবন্ধু শিল্পনগরে তিনটি শিল্প গ্রুপের সমন্বয়ে গঠিত এসবিজিকে (সিকদার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ও গ্যাসমেন গ্রুপ) আমরা ৫৫০ একর জমি দিয়েছিলাম। তারা সেখানে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতিতে অবকাঠামো উন্নয়ন করার কথা। বাস্তবে তারা খুব সামান্য কাজ করেছে। অথচ বঙ্গবন্ধু শিল্পনগরের সবচেয়ে ভালো জায়গায় তাদের জমি দেওয়া হয়েছে। কিন্তু তাদের কাজের অগ্রগতি নেই। এখনো বলার মতো কোনো কাজই করতে পারেনি। আমরা তাদের চিঠি দিয়েছি। তারপরও কেউ যদি আইন না মানে, চুক্তির বরখেলাপ করে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবার বেলায় আইন সমান। চুক্তির শর্ত অনুযায়ী প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন :
বঙ্গবন্ধু শিল্পনগর ছাড়াও দেশের অন্যান্য জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। সেগুলো সম্পর্কে বলুন।
দেশে একসঙ্গে ১০০টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন সম্ভব নয়। কেবল বঙ্গবন্ধু শিল্পনগরের জন্য আলাদা একটি পরিকল্পনা থাকবে। আর মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাপানি অর্থনৈতিক অঞ্চল এবং জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মধ্যে কোনটির বাস্তবায়নকাজ কখন শেষ হবে, তা আমি ঠিক করে দেব। আগামী তিন বছরে যদি এসব অর্থনৈতিক অঞ্চল চালু করে দিয়ে যেতে পারি, সেটা হবে আমার সবচেয়ে বড় সাফল্য।
প্রশ্ন :
বিদেশি বিনিয়োগ নিয়ে কিছু বলুন।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) শুধু বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করে। আমরা (বেজা) দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগ নিয়েই কাজ করি। আমরা সম্পূর্ণ বিদেশি মালিকানার বিনিয়োগকে যেমন অগ্রাধিকার দিই, তেমনি যৌথ বিনিয়োগকেও গুরুত্ব দিই, উৎসাহিত করি। ইতিমধ্যে আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি যৌথ উদ্যোগে অনেক বিনিয়োগ হয়েছে। তবে নতুন করে বিদেশি বিনিয়োগকারীদের জায়গা দেওয়ার মতো অবস্থা এখন আমাদের নেই। তারপরও সৌদি আরব যদি সরকারি পর্যায়ে বিনিয়োগ করতে চায়, আমরা তাদের জায়গা দিতে প্রস্তুত।
প্রশ্ন :
বঙ্গবন্ধু শিল্পনগরে পানির সমস্যা প্রকট হচ্ছে। এ বিষয়ে আপনাদের পরিকল্পনা কী?
পানির নিশ্চয়তা ছাড়া অর্থনৈতিক অঞ্চল তৈরি সম্ভব নয়। বঙ্গবন্ধু শিল্পনগরে কতটুকু পানির প্রয়োজন, আমরা প্রথমে চাহিদা নিরূপণ করেছি। সেখানে পানির চাহিদা মেটাতে ৩৫টা গভীর নলকূপ বসানো হবে। মাতামুহুরী নদী থেকে পানি আনা হবে। মেঘনা নদী থেকেও ১২০ কিলোমিটার পাইপ লাইন বসিয়ে পানি আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া যারা শিল্পকারখানা করছে, তারাও নিজেদের উদ্যোগে পানির ব্যবস্থা করছে। মনে রাখতে হবে, আমরা ভূগর্ভস্থ পানির ওপর জোর দিচ্ছি না। কারণ, এটি পরিবেশের ক্ষতি করে। আমরা ভূ-উপরিভাগের পানি ব্যবহারে বেশি গুরুত্ব দিচ্ছি।
প্রশ্ন :
বেসরকারি অর্থনৈতিক অঞ্চল কেমন দেখছেন? সরকারি অর্থনৈতিক অঞ্চলের চেয়ে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি ভালো হওয়ার কারণ কী?
এটা মানতে হবে যে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ভালো চলছে। কারণ, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর জায়গা ছোট ছোট। সে জন্য বেসরকারি অর্থনৈতিক অঞ্চল বেশি এগিয়ে যাচ্ছে। বেসরকারি খাতে যে টাকা খরচ হচ্ছে, তা তাদের নিজস্ব তহবিল থেকে হচ্ছে। আর আমরা সরকারের কাছ থেকে ঋণ নিই। বহুজাতিক সংস্থা বিশ্বব্যাংকের কাছ থেকেও ঋণ নিই। সরকারের হাতে টাকা নেওয়ার একক সোর্স নেই। যে কারণে ঋণ প্রক্রিয়ায় সময় লাগে। তা ছাড়া সরকারি কাজের পরিধি বিশাল। কিন্তু বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে এই সমস্যা নেই। সে কারণেই পার্থক্যটা হচ্ছে।
জমি বরাদ্দ, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়াসহ গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ প্রদানের প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি। এখন ব্যবসায়ীদের প্রতিশ্রুতি পূরণের পালা।
প্রশ্ন :
বেজা পর্যটন খাত নিয়েও কাজ করছে। পর্যটন খাত নিয়ে আপনার ভাবনা কী?
কক্সবাজারের সাবরাং, নাফ ও সোনাদিয়া পর্যটন অঞ্চল নিয়ে বেজা কাজ করছে। তিনটাই বিশেষ পর্যটন অঞ্চল। এসব পর্যটন অঞ্চলে শিল্পোদ্যোক্তাদের জায়গা বরাদ্দ দেওয়ার কাজ এগিয়ে চলছে। পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা হতে যাচ্ছে তিনটি পর্যটন অঞ্চল।
প্রশ্ন :
সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও।