বিসিআইএম অর্থনৈতিক করিডর কার্যকর হলে লাভবান হবে বাংলাদেশ। এর মাধ্যমে পণ্য রপ্তানি বাড়বে। এ জন্য বিসিআইএমকে দ্রুত কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিশ্রুতি প্রয়োজন।
বিসিআইএম অর্থনৈতিক করিডর নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা গতকাল বুধবার এ কথা বলেছেন। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল।
বিসিআইএম হলো বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এটি এখনো আলোচনার পর্যায়ে আছে।
সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে জানানো হয়, বিসিআইএমভুক্ত দেশগুলোর মধ্যকার বাণিজ্যের পরিমাণ এখন ১০ হাজার কোটি ডলার। ২০০১ সালে তা ছিল ৬০০ কোটি ডলার। এর বড় অংশই নিয়ন্ত্রণ করে চীন ও ভারত।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিসিআইএম করিডর থেকে বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে। আমরা চীন ও ভারত থেকে শুল্কমুক্ত সুবিধা পেলেও মিয়ানমার থেকে পাই না। সে কারণে সে দেশে আমাদের রপ্তানিও সামান্য। এই করিডর হলে মিয়ানমারেও রপ্তানি বাড়বে।’
তোফায়েল আহমেদ বলেন, বিসিআইএম নিয়ে আলোচনা এখন শেষ পর্যায়ে আছে। তবে এর ভবিষ্যৎ নির্ভর করছে চীনের ওপর। তিনি বলেন, ‘আমাদের সার্ক আছে, বিমসটেক আছে। কিন্তু এসব ততটা কার্যকর হচ্ছে না। যদি হতো তাহলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রপ্তানি আরও অনেক বেশি হতো। বিসিআইএমের ওপর তাই অনেক কিছু নির্ভর করছে।’
অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, বিসিআইএম কার্যকর হলে আরও বেশি বাজার সুবিধা পাওয়া যাবে। শুল্ক বাধা দূর হলে বাণিজ্যও বাড়বে। তিনি বলেন, বিসিআইএম হলে ভারত-চীনের পর্যটকেরা এ দেশে আরও বেশি আসবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিসিআইএমের মাধ্যমে শুধু পরিবহন যোগাযোগই বাড়বে না, বিনিয়োগও আসবে। এই অঞ্চলে নতুন পর্যটন স্থান গড়ে উঠবে। এটি বাংলাদেশ ও মিয়ানমারকে আঞ্চলিক সরবরাহব্যবস্থায় যুক্ত করবে। তবে এই করিডরের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।
বিসিআইএমকে কার্যকর করতে দ্বিপক্ষীয় সমস্যাগুলো গতিশীলভাবে সমাধানের উদ্যোগ নেওয়া, অশুল্ক বাধা দূর করা, ভিসা প্রক্রিয়া সহজ করা, পানিসম্পদ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন তথ্যমন্ত্রী।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিন চ্যাং বলেন, ‘আমরা এখন অর্থনৈতিক বিশ্বায়নের মধ্যে আছি। আমরা যত বেশি দেশের সঙ্গে একত্রে থাকতে পারব, তত উন্নতি করব। আর বিসিআইএমের করিডর হবে একধরনের যোগাযোগের করিডর।’
আর ভারতীয় উপ-হাইকমিশনার সনদীপ চক্রবর্তী বলেন, বিসিআইএম করিডরের মাধ্যমে ভারত ও চীনে বাংলাদেশের রপ্তানি বাড়বে। এর মাধ্যমে এ দুই দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতিও কমবে। তিনি আরও বলেন, এত দিন যেসব সমস্যা দ্বিপক্ষীয়ভাবে সমাধান হতো না, এখন সেগুলো আঞ্চলিক পর্যায়ে সমাধান করা সম্ভব হবে।
এফবিসিসিআইর সভাপতি ও বিসিআইএম বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, বিসিআইএমের বিজনেস কাউন্সিলের একটি কার্যালয় এফবিসিসিআইয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। শিগগিরই তা চালু হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, বাংলাদেশ–চীন চেম্বারের সভাপতি গোলাম দস্তগীর গাজী।