অর্থবছরের প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূল্যস্ফীতির হার, জুলাই–সেপ্টেম্বর
মূল্যস্ফীতির হার, জুলাই–সেপ্টেম্বর

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ধারাবাহিকভাবে মূল্যস্ফীতির হার কমেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতি ৬ দশমিক ৮৪ শতাংশ হয়েছে। আগস্ট ও জুলাই মাসে এই হার ছিল যথাক্রমে ৭ দশমিক শূন্য ৪ শতাংশ ও ৬ দশমিক ৯১ শতাংশ। ২০০৫-০৬ ভিত্তিবছর ধরেই শুধু এই মূল্যস্ফীতি গণনা করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল মঙ্গলবার সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ মূল্যস্ফীতি পরিস্থিতি প্রকাশ করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য দেন। এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম ও বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।
বিবিএস বলছে, মূলত চাল, মাছ, মাংস, শাকসবজি, ফল, মসলা, দুধ ও দুগ্ধজাতীয় পণ্যের মূল্যবৃদ্ধিজনিত কারণে আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে খাদ্যসামগ্রী উপখাতে ১ দশমিক ৮৩ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। আর একই সময়ের তুলনায় পরিধেয় বস্ত্রাদি, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা-উপকরণ, অন্য পণ্য ও সেবাসহ খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে দশমিক ৭৭ শতাংশ।
মুস্তফা কামাল বলেন, ক্রমান্বয়ে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসছে। চলতি অর্থবছরে মূল্যস্ফীতির গড় লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শতাংশের মধ্যেই থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ঈদুল আজহার বেচাকেনার হিসাবটি সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতিতে খুব একটা আসেনি। অক্টোবর মাসের মূল্যস্ফীতি গণনার সময় সেই চিত্র পরিষ্কার হবে।
বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বর মাসে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। আর আগস্ট মাসে এই হার ছিল ৭ দশমিক ৬৭ শতাংশ।
আবার সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে ৫ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। আগস্ট মাসে এই হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ।
আর গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির প্রভাব বেশি। গত সেপ্টেম্বরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৭ দশমিক শূন্য ২ শতাংশ। গ্রামে এই হার ৬ দশমিক ৭৫ শতাংশ।
বিবিএস আরও বলছে, মূল্যস্ফীতির তুলনায় মাসওয়ারি ভিত্তিতে মজুরি বৃদ্ধির হারও কিছুটা বেড়েছে। সেপ্টেম্বর মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৭৭ শতাংশ। আর আগস্টে এই হার বৃদ্ধি পায় ১০ দশমিক ৬২ শতাংশ। বিবিএসের পরিসংখ্যান থেকে দেখা যায়, সেপ্টেম্বর মাসে উৎপাদন, নির্মাণ, কৃষি, মৎস্যসহ প্রায় সব খাতেই মজুরি বাড়ায় প্রবৃদ্ধি আগের মাসের তুলনায় বেড়েছে। মাসওয়ারি ভিত্তিতে সেপ্টেম্বর মাসে মজুরি বেড়েছে উৎপাদন খাতে ১০ দশমিক ৭৭, নির্মাণ খাতে ১০ দশমিক ৭৫, কৃষিতে ৯ দশমিক ৬৭ ও মৎস্য খাতে ৯ দশমিক ৫৩ শতাংশীয় পয়েন্ট।