অর্থবছরের প্রথম মাসে রপ্তানি আয় কমেছে
বছর শুরু হলো রপ্তানি আয় কমার মধ্য দিয়ে। চলতি অর্থবছরের (২০১৬-১৭) প্রথম মাস, অর্থাৎ জুলাইয়ে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪৯ শতাংশ কম হয়েছে। অবশ্য রপ্তানিকারকেরা এক মাসের এ নেতিবাচক প্রবণতায় চিন্তিত নন। তাঁরা বলছেন, জুলাইয়ে ঈদুল ফিতরের কারণে লম্বা ছুটি ছিল। এ কারণে রপ্তানি কম হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি করে ২৫৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার আয় করেছে। তবে গত বছরের জুলাইয়ে এর চেয়ে ৯ কোটি ১৬ লাখ ডলার বেশি আয় হয়েছিল।
এ বছরের মোট রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। জুলাইয়ে আয়ের লক্ষ্য ধরা হয়েছিল ৩৩৭ কোটি ৬০ লাখ ডলার। তবে এ সময় আয় লক্ষ্যের চেয়ে প্রায় ২৫ শতাংশ কম হয়েছে।
দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। ইপিবির রপ্তানি আয়-সংক্রান্ত তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসে পোশাক খাতের আয় কমে যাওয়ায় সার্বিকভাবে পুরো রপ্তানি আয়ের প্রবৃদ্ধিই ঋণাত্মক হয়ে গেছে।
আলোচ্য সময়ে পোশাক খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছে ২১১ কোটি ৭৬ লাখ ডলার, যা গত বছরের চেয়ে ৪ দশমিক ৪১ শতাংশ কম। গত বছর জুলাইয়ে পোশাক রপ্তানি করে আয় হয়েছিল ২২১ কোটি ৫২ লাখ ডলার।
জুলাইয়ে পোশাক রপ্তানি আয় লক্ষ্যের চেয়েও ২৩ দশমিক ৬০ শতাংশ কম হয়েছে। এ সময় ২৭৭ কোটি ১৬ লাখ ডলার আয়ের লক্ষ্য ধরা হয়েছিল।
পোশাকের মধ্যে বেশি কমেছে নিটওয়্যার বা গেঞ্জি জাতীয় পোশাক রপ্তানি আয়। জুলাইয়ে নিটওয়্যার খাত থেকে আয় হয়েছে প্রায় ১০৭ কোটি ৭২ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪৫ শতাংশ ও লক্ষ্যের চেয়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ কম।
ওভেন গার্মেন্টস বা শার্ট-প্যান্টের রপ্তানি আয় কমেছে ৪ দশমিক ৩৬ শতাংশ। জুলাইয়ে ওভেন পোশাক রপ্তানি করে আয় হয়েছে প্রায় ১০৪ কোটি ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে কমার পাশাপাশি এ আয় লক্ষ্যের চেয়ে ২৯ দশমিক ৬৫ শতাংশ কম।
পোশাক রপ্তানি কমে যাওয়ার কারণ জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত মাসে ঈদের ছুটির কারণে ১০ দিনের মতো কারখানার উৎপাদন বন্ধ ছিল। সে জন্যই রপ্তানি কম হয়েছে।’ তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার কারণে বিশ্বব্যাপী ক্রেতাদের কেনাকাটার ঝোঁক একটু কমেছে। সে জন্যই রপ্তানিতে একটু ভাটার টান।
বাংলাদেশ পোশাকের পরে সবচেয়ে বেশি রপ্তানি করে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাতের রপ্তানি আয়ও জুলাইয়ে কমেছে। অর্থবছরের প্রথম মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৯ কোটি ২৫ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২৬ শতাংশ ও লক্ষ্যের চেয়ে ১৬ দশমিক ৯১ শতাংশ কম। তবে এ খাতের অধীন উপখাত চামড়াজাত পণ্য (পাদুকা বাদে) রপ্তানি আয় প্রায় ৩৬ শতাংশ বেড়েছে, আয় হয়েছে প্রায় ২ কোটি ৭৮ লাখ ডলার।
এ ছাড়া চামড়ার বাইরে অন্যান্য পণ্য দিয়ে তৈরি পাদুকা রপ্তানি আয়ও কমেছে। জুলাইয়ে এ পণ্যটি রপ্তানি করে আয় হয়েছে প্রায় ১ কোটি ৩৭ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ কম।
অন্যান্য খাতের মধ্যে হোম টেক্সটাইল রপ্তানি আয় প্রায় ১৮ শতাংশ, কৃষিপণ্য প্রায় ৬ শতাংশ, ওষুধ প্রায় ১৯ শতাংশ, চিংড়ি ১ দশমিক ৪৭ শতাংশ ও প্রকৌশল পণ্য রপ্তানি আয় প্রায় ৩৬ শতাংশ কমেছে। এর বিপরীতে পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয় প্রায় ২৬ শতাংশ, প্লাস্টিক পণ্য প্রায় ১ শতাংশ ও সাইকেল রপ্তানি প্রায় ২১ শতাংশ বেড়েছে।