অর্থবছরের প্রথম মাসেই লক্ষ্য অর্জনে ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৬৫ শতাংশ রপ্তানি আয় কম হয়েছে। এ সময়ে ২৬২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, কিন্তু ৩১১ কোটি ৩০ লাখ ডলারের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ রোববার হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, তৈরি পোশাক খাতের রপ্তানি আয় কমে যাওয়াতেই সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ দীর্ঘদিন ধরেই দেশের পণ্য রপ্তানি আয়ের বড় অংশই বা গড়ে ৮০ শতাংশের ওপর এ খাতটি থেকে আসছে।

চলতি অর্থবছরের জুলাইয়ে তৈরি পোশাকশিল্প থেকে রপ্তানি আয় হয়েছে ২২১ কোটি ৫০ লাখ ডলার, যা গত অর্থবছরে ছিল ২৫১ কোটি মার্কিন ডলার। এ হিসাবে ১১ দশমিক ৯৫ শতাংশ কম আয় হয়েছে। এদিকে চলতি জুলাই মাসে পোশাক রপ্তানি থেকে ২৫৪ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। কিন্তু ১২ দশমিক ৭৮ শতাংশ কম অর্জিত হয়েছে। এ ছাড়া এ বছরের জুলাই মাসের রপ্তানি মোট আয়ের ৮৪ শতাংশই জোগানদাতা পোশাক খাত।

এদিকে পোশাক খাতের মতোই জুলাই মাসে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য ও জীবিত মাছ, কৃষিজাত পণ্য, প্লাস্টিক পণ্য, টেরিটাওয়েল, বাইসাইকেল ইত্যাদি পণ্যের রপ্তানি আয় আগের অর্থ বছরের তুলনায় কমে গেছে।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ৯ কোটি ৪৬ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে। এই আয় গত অর্থবছরের জুলাইয়ের চেয়ে ১৩ দশমিক ২৯ শতাংশ কম। এদিকে এসব পণ্য থেকে জুলাই মাসে ১১ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রার নির্ধারিত ছিল। কিন্তু ১৬ শতাংশ কম অর্জিত হয়েছে।

অন্যদিকে, জুলাই মাসে পাট ও পাট জাত পণ্যে রপ্তানি আয় হয়েছে ৫ কোটি ৫৫ লাখ ডলার। গত অর্থবছরের একইসময়ের ৬ কোটি ডলার আয় হয়েছিল। এ হিসাবে ৯ শতাংশ কম আয় হয়েছে। এ ছাড়া পাট ও পাট জাত পণ্যে রপ্তানি থেকে চলতি জুলাই মাসে ৮ কোটি ৮০ লাখ ডলার আয়ের লক্ষ্যমাত্রার নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭ শতাংশ কম আয় হয়েছে।

চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য সরকার ৩ হাজার ৩৫০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত অর্থবছর রপ্তানি আয় হয়েছিল ৩ হাজার ১২০ কোটি ডলার।