অসুস্থ প্রক্রিয়া ঠেকানো না গেলে ধস নামবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মইনুল ইসলাম।
মইনুল ইসলাম।

প্রথম আলো: গত দুই বছরে তিনটি ব্যাংকে মালিকানা ও ব্যবস্থাপনায় হঠাৎ পরিবর্তন আনা হয়েছে, যা পুরো খাতে আস্থার সংকট তৈরি করছে বলে মনে করছেন অনেকেই। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
মইনুল ইসলাম: প্রতিযোগিতামূলক আইনের প্রয়োগ হলে এই অবস্থা হতো না। এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। দ্রুত তা প্রতিরোধ করতে হবে। না হলে বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় বড় ধস নামবে। অর্থনীতিতেও বড় ধরনের বিপদ ডেকে আনবে। বাংলাদেশ ব্যাংক শক্তিশালী ভূমিকা পালন করলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।

প্রথম আলো: বেসরকারি খাতের ব্যাংক নিয়েও তো বড় উদ্বেগ দেখা দিয়েছে।

মইনুল ইসলাম: বেসরকারি ব্যাংকগুলোতেও এখন অসুস্থ প্রবণতার সৃষ্টি হয়েছে। এক ব্যাংকের মালিক ও পরিচালকেরা অন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণে পারস্পরিক ব্যবস্থা গড়ে তুলেছেন। এর ফলে ব্যাংকের ঋণ এখন একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে গিয়ে পুঞ্জীভূত হয়ে যাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণসুবিধা দিয়ে বেসরকারি ব্যাংকগুলো যে বিনিয়োগের সুযোগ করে দেবে তা শক্তিশালী করা যাচ্ছে না। 

এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে, বাংলাদেশে ব্যাংকের সুদের হার অনেক কমে যাওয়ার পরও বিনিয়োগে তেমন গতিশীলতা সৃষ্টি হয়নি। ব্যাংকিং খাতে ১ লাখ ৯০ হাজার কোটি টাকার মতো উদ্বৃত্ত তারল্য সৃষ্টি হয়েছে। এই উদ্বৃত্ত তারল্যের বড় অংশই প্রবাসীদের পাঠানো অর্থ। উদ্বৃত্ত তারল্য সৃষ্টি হওয়ার কারণে ঋণের টাকা যে পরিশোধ করা হচ্ছে না, সেটা যথাযথ গুরুত্ব পাচ্ছে না। কারণ, ব্যাংকের যদি তারল্যসংকট দেখা দিত সেটা নিয়ে সরকারের প্রয়াস আরেকটু জোরদার হতো।

প্রথম আলো: ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে, এক পরিবার থেকে চার পরিচালক ও পরিচালকদের মেয়াদ ৯ বছর করা হচ্ছে। এ উদ্যোগকে কীভাবে দেখছেন?

মইনুল ইসলাম: এই দুটো আইনি পরিবর্তন আমার কাছে গ্রহণযোগ্য নয়। ব্যাংকের মালিকানা ওই পরিবারগুলোর মধ্যে স্থায়ী করার উদ্যোগ এটি। এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত। খেয়াল রাখতে হবে, রাজনৈতিক স্বার্থ ও স্বজনপ্রীতির কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটা বড় ধরনের রাজনৈতিক দুর্নীতি মনে করি। কারণ, ব্যাংকের আসল মালিক আমানতকারীরা। আমানতকারীদের টাকা অন্যদের কাছে ঋণ দিয়ে ব্যাংকের ব্যবসা পরিচালনা করা হয়। এই মালিকদের অনেকে নিজেরা আসলে কোনো পুঁজি বিনিয়োগ না করে ব্যাংকের মালিক-পরিচালক হয়ে গেছেন। যেসব রাজনৈতিক পরিবার এখন ব্যাংকের মালিক হয়ে গেছে, তারা বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে তাদের শেয়ার বিতরণ করে বা তাদের নিজেদের শেয়ারের দাম ওই ব্যবসায়ীদের চাঁদা থেকে পরিশোধ করেছে। এটা বাংলাদেশের রাজনীতির একটি অসুস্থ প্রবণতা। এর বিরুদ্ধে জাতিকে রুখে দাঁড়াতে হবে। এর মাধ্যমে বড় ধরনের পুঁজি লুণ্ঠনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

প্রথম আলো: বেসরকারি খাতের ব্যাংকগুলো কয়েকটি পরিবারের কাছে জিম্মি হয়ে পড়ছে। এর থেকে উত্তরণের পথ কী?

মইনুল ইসলাম: ব্যাংকিং খাতে নতুন প্রবণতা হলো একটার পর একটা ব্যাংকের মালিকানা কয়েকটি পরিবারের কাছে পুঞ্জীভূত হয়ে যাচ্ছে। চট্টগ্রামের একটি ব্যবসায়ী পরিবার এখন সাতটি ব্যাংকের মালিকানা নিজের কবজায় নিয়েছে। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক। কী জাদুর বলে এই ব্যবসায়ী পরিবারকে ক্ষমতাসীন মহাজোট এভাবে এতগুলো ব্যাংকের মালিকানা তার নিয়ন্ত্রণে দেওয়ার একটা ব্যবস্থা করেছে, সেটা আমরা বুঝতে পারছি না। এর মধ্যে ক্ষমতাসীন মহাজোট সরকারের একটা বড় ধরনের ভুল দৃষ্টিভঙ্গি কাজ করেছে। এই অসুস্থ বিষয়টি পুরো ব্যাংকিং খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।

বিশ্বের পুঁজিবাদী উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও প্রতিযোগিতা আইন আছে। প্রতিযোগিতা আইনের মূল দৃষ্টিভঙ্গির সঙ্গে এটা সাংঘর্ষিক প্রবণতা। ব্যাংকের মালিকানা কয়েকটি পরিবারের কাছে পুঞ্জীভূত হওয়ার এই অসুস্থ প্রক্রিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব ঠেকানোর ব্যবস্থা করা প্রয়োজন। সরকারকেই এই উদ্যোগ নিতে হবে। আমি মনে করি, এ সুযোগটা সৃষ্টি হয়েছে কারণ বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে ততগুলো ব্যাংকের প্রয়োজন ছিল না। রাজনৈতিক সিদ্ধান্তে এবং দুর্নীতির কারণে ব্যাংকের মালিকানা দেওয়া হয়েছে। এটার সুযোগ নিয়ে ব্যবসায়ী গ্রুপগুলো বিভিন্ন ব্যাংকের মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের বিপজ্জনক ব্যাপার এর মধ্যে লুকিয়ে আছে। যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

প্রথম আলো: সরকারি খাতের ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ছে। এর কারণ কী। দ্বৈত নিয়ন্ত্রণব্যবস্থা না সরকারের হস্তক্ষেপ?
মইনুল ইসলাম: সরকারি ব্যাংকের দুর্বল হয়ে যাওয়ার প্রধান কারণ ক্রমবর্ধমান দুর্নীতি এবং পরিচালনা পর্ষদে রাজনৈতিক কারণে পরিচালক নিয়োগ। রাজনৈতিক নিয়োগ পাওয়া পরিচালকেরা সরকারি জোটের স্বার্থরক্ষা করছেন। সরকারি ব্যাংকের ব্যবস্থাপনার মধ্যে দুর্নীতি ও অদক্ষতা ঢুকে গেছে। সরকারের রাজনৈতিক স্বার্থে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার কারণে এসব ব্যাংক দুর্বল হয়ে পড়ছে।

প্রথম আলো: ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রতিনিয়ত বাড়ছে, এর সুরাহা কী?

মইনুল ইসলাম: এখন খেলাপি ঋণের বিপজ্জনক প্রবণতা হলো, এই খেলাপি ঋণগ্রহীতাদের ঋণের টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশ থেকে পুঁজি পাচারের বড় ধরনের যোগাযোগ রয়ে গেছে এই খেলাপি ঋণের সঙ্গে। এটা ঠেকাতে হলে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, খেলাপি ঋণগ্রহীতারা অত্যন্ত শক্তিশালী। রাজনৈতিক ও আর্থিকভাবে শক্তিশালী। সরকারের কোনো কার্যকর ভূমিকা গ্রহণ থেকে ঠেকিয়ে রাখার রাজনৈতিক শক্তি আছে তাদের। এখানে সরকারের ভূমিকা অত্যন্ত দুর্বল।
প্রচলিত ব্যবস্থার মাধ্যমে বা অর্থঋণ আদালতের মাধ্যমে খেলাপি ঋণ প্রতিরোধ করা যাবে বলে মনে করি না। বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রতা রয়ে গেছে। অর্থঋণ আদালতের রায় উচ্চ আদালতে আপিলের মাধ্যমে বছরের পর বছর আটকে আছে। এ জন্য এখন ট্রাইব্যুনাল গঠন করা সময়ের দাবি। ট্রাইব্যুনালে অতি দ্রুত বিচার করে এই খেলাপি ঋণগ্রহীতাদের যদি জেল-জরিমানা এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা না হয়, তাহলে খেলাপি ঋণ সহজে কমানো যাবে না।

প্রথম আলো: বাংলাদেশ ব্যাংক কি তার ভূমিকা রাখতে পারছে?

মইনুল ইসলাম: ব্যাংকিং ব্যবস্থায় এখন অনেকগুলো সমস্যা চলছে। খেলাপি ঋণ বাড়ছে। গুটি কয়েক পরিবারের কাছে ব্যাংকের মালিকানা চলে যাচ্ছে। হঠাৎ মালিকানা পরিবর্তন হচ্ছে। এখানে বাংলাদেশ ব্যাংক যথাযথ ভূমিকা রাখতে পারছে না। বাংলাদেশ ব্যাংক সাহসী ভূমিকা রাখলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব ছিল।