অস্থির বিশ্ব অর্থনীতি, কতটা প্রস্তুত আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের বাজারে বিশ্বজুড়ে দরপতন বিদায়ী বছরের বিশ্ব অর্থনীতির সবচেয়ে আলোচিত বিষয়। এখন প্রশ্ন উঠেছে, তেলের এই মূল্য কোথায় নিয়ে যাবে বিশ্ব অর্থনীতিকে?
এই জবাব এখনই দেওয়া না গেলেও ইতিমধ্যে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে রাশিয়ার ওপর। এর সঙ্গে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্ত হয়ে রাশিয়া নিশ্চিতভাবে মন্দায় প্রবেশ করছে। রুশ মুদ্রা রুবলের ভয়াবহ দরপতন ঘটেছে। এই মন্দা কতটা প্রলম্বিত হবে, তা ২০১৬ সালের আগে বলা হয়তো সম্ভব হবে না।
বিপরীতে বছরের তৃতীয় (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে যুক্তরাষ্ট্র গত এক দশকের মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। সুদের হার না কমানোর যে সাম্প্রতিক ঘোষণা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক থেকে এসেছে, তাতে অনুমেয় যে মার্কিন অর্থনীতির সম্প্রসারণের যথেষ্ট সুযোগ আর স্থান আছে। অনেকটা আক্রমণাত্মক মুদ্রানীতি যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক প্রবৃদ্ধির মূল উৎস বলে মনে করা হচ্ছে।
কিন্তু মার্কিন ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধি তাদের রপ্তানির জন্য কতটা সহায়ক হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তেলের অব্যাহত দরপতন খোদ যুক্তরাষ্ট্রের অনেক তেল কোম্পানিকে দেউলিয়াপনার দিকে ঠেলে দিতে পারে। ওপেকের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবের তেলমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তেলের মূল্য প্রতি ব্যারেলে ২০ ডলারে নামলেও উৎপাদন কমানো হবে না। এমন বাজারমূল্যে কানাডা ও যুক্তরাষ্ট্রের ব্যারেলপ্রতি উৎপাদন খরচ উঠবে না।
আবার অন্য সব শক্তিশালী অর্থনীতি রয়েছে চাপে ও অনিশ্চয়তায়। জাপান অর্থনৈতিক মন্দা মোকাবিলা করছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের প্রবৃদ্ধির গতি ধীর হয়ে পড়েছে। বিশ্বকাপ ফুটবলের আয়োজন ব্রাজিলের অর্থনীতিকে কাঙ্ক্ষিত হারে চাঙা করতে পারেনি। তেলের অব্যাহত দরপতন ও বিগত ২৫ বছরের মধ্যে ভারতের প্রবৃদ্ধি সংকুচিত হয়ে সর্বনিম্ন ৪ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।
অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী দেশগুলো একত্রে ইউরোজোন নামে পরিচিত। এই দেশগুলোর গড় বেকারত্ব এখন ১২ শতাংশ। তৃতীয় প্রান্তিকে মূল্যস্ফীতির হার দশমিক ৩ শতাংশ হলেও প্রবৃদ্ধির হার দশমিক ৬ শতাংশ। ১১ শতাংশ বেকারত্ব নিয়ে ফ্রান্স মাত্র ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে উচ্চ রপ্তানি ও বড় সরকারি ব্যয়ের মাধ্যমে। পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনীতি জার্মানিও মাত্র দশমিক ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে ইউরোজোনের নিচের দিকের তালিকায় স্থান পেয়েছে।
আসলে ২০১৪ সাল এমন একটি পরিস্থিতি নিয়ে শেষ হয়েছে, যখন ডলারের চাহিদা বৃদ্ধির পাশাপাশি মূল্যমান বৃদ্ধিরও জোর আভাস মিলছে। এক যুগ আগে বিশ্ব অর্থনীতি অনেকটা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। যুক্তরাষ্ট্র ৪ শতাংশ হারে প্রবৃদ্ধি, নিম্ন হারের বেকারত্ব, শক্তিশালী ডলার ও জমজমাট পুঁজিবাজার নিয়ে চমৎকার আর্থিক সাফল্য দেখাচ্ছিল। আর তখন জাপান ও জার্মানি ছিল অর্থনৈতিক সংকটে। উদীয়মান দেশগুলোর মুদ্রাবাজার ছিল টালমাটাল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেও মন্দায় পড়তে হয়। আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? উত্তরটা হয়তো নতুন বছরের কিছুটা সময় পার করে পাওয়া যাবে।
বিশ্ব অর্থনীতির এই অবস্থায় বাংলাদেশের রপ্তানি কি ব্যাহত হবে? প্রবাসীদের পাঠানো অর্থের গতিতে কি ভাটা পড়বে? বিগত অভিজ্ঞতার আলোকে মনে হয়, তেমন কিছু হবে না। অব্যাহত ৬ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধি, প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ—সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি ভালো অবস্থানে আছে। বাংলাদেশ বিশ্ব অর্থনীতির সঙ্গে এখনো খুব নিবিড়ভাবে যুক্ত না থাকায় বিশ্ব অর্থনৈতিক স্থবিরতা বাংলাদেশকে তেমন বিপদে ফেলতে পারেনি। ভারতের পুঁজিবাজার যখন বিপুল বৈদেশিক মুদ্রা হারিয়েছিল, তখন বাংলাদেশের পুঁজিবাজারে বৈদেশিক বিনিয়োগ ছিল খুব কম।
বাংলাদেশ জ্বালানি তেল আমদানিকারক দেশ। বিশ্ববাজারে দাম অর্ধেকে নেমে আসার প্রভাবে বাণিজ্য ঘাটতি হ্রাস, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, সরকারি বাজেট ঘাটতি হ্রাস ও মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়া উচিত, যদি সরকার অভ্যন্তরীণ বাজারে দাম কিছুটা কমায়।
ইতিমধ্যে মূলধনি যন্ত্রপাতি আমদানি বেড়েছে। আগামী দুই প্রান্তিকে তা আরও বাড়বে, বাড়বে কাঁচামাল আমদানিজনিত ব্যয়। অর্থাৎ বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়েছে। চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ২৮ কোটি ডলার বাজারে বিক্রি করে। ২০১৫ সালে স্ক্র্যাপ মেটাল আমদানিসহ পদ্মা সেতু নির্মাণকাজের জন্য বৈদেশিক মুদ্রার ব্যয় বাড়বে। পাশাপাশি ডলার শক্তিশালী হলে বিভিন্ন ব্যাংকের তৎপরতায় প্রবাসী আয়ও বাড়তে পারে। দেশের বাজারে উচ্চ সুদের কারণে সম্প্রতি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রার যেসব ঋণ নিয়েছিল, সেগুলো পরিশোধের সময় চলে এসেছে। এটাও বৈদেশিক মুদ্রার ব্যয় বাড়াবে।
অবশ্য দেশে সুদের হার এখন কমতির দিকে। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ঋণ নিতে উৎসাহিত হবে। ভারতীয় রুপির দরপতন হলে বড় বাণিজ্য ঘাটতি সত্ত্বেও বাংলাদেশের আমদানি ব্যয় কমবে। অবস্থাদৃষ্টে মনে হয়, ডলারের বিপরীতে টাকা তার বর্তমান মূল্য ধরে রাখতে সক্ষম হবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও বাড়বে বলে আমরা আশা করি। তবে তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি সহনীয় থাকার ওপর।
লেখক: সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি