অ্যালায়েন্সের প্রতিবেদন নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পরে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ আগের চেয়ে ভালো হয়েছে। উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি গত ১৮ মাসের অগ্রগতি প্রতিবেদনে এটি প্রকাশ করেছে।
আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংগঠন আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) অ্যালায়েন্সের এ প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, প্রতিবেদনটি তৈরি ও মূল্যায়ন যারা করছে, তাদের সবাই ক্রেতাদের অংশ। নিজেদের স্বার্থ রক্ষা করেই তারা এটি প্রকাশ করেছে। প্রতিবেদনগুলোতে স্বচ্ছতা ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বলে মনে করে শ্রমিক সংগঠনগুলো। উদাহরণস্বরূপ চলতি বছরের জানুয়ারিতে ঢাকার একটি প্লাস্টিক প্যাকেজিং কারখানায় অগ্নি দুর্ঘটনায় ১৩ জন শ্রমিকের মৃত্যুর বিষয়টি তুলে ধরে শ্রমিক অধিকার সংগঠনগুলো বলছে, এ ঘটনা প্রমাণ করে বাংলাদেশের কারখানাগুলোর কর্মপরিবেশ এখনো ঝুঁকিপূর্ণ।
ওয়ালমার্ট, গ্যাপ, কস্টকো, সিয়ার্সের মতো বিখ্যাত ব্র্যান্ড অ্যালায়েন্সের সদস্য। এ ব্র্যান্ডগুলো বাংলাদেশের ৬৪৭ কারখানা থেকে পোশাক কেনে। এসব কারখানার কর্মপরিবেশ নিয়ে অ্যালায়েন্স প্রতিবেদনটি ৯ মার্চ প্রকাশ করে। এতে বলা হয়েছে, তাদের পরিদর্শন করা ১৯টি ঝুঁকিপূর্ণ কারখানা সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এএফএল-সিআইওর সমন্বয়ক ব্রায়ান ফিনেগান বলেন, ক্রেতাপ্রতিষ্ঠান ছাড়া এসব প্রতিবেদনের গ্রহণযোগ্যতা আর কারও কাছে নেই। অথচ এসব প্রতিবেদনের পর্যবেক্ষণ নিয়ে সবার সঙ্গে আলোচনা করা উচিত। তবে এএফএল-সিআইও ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের কার্যক্রমকে সমর্থন করে। সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও সিবিএস নিউজ