>অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেষ পর্যন্ত নতুন ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দিয়েছেন। দাবি পূরণ হওয়ায় যথারীতি খুশি ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এনবিআরকে ভ্যাট আইনটি সংশোধন করতে হবে। অন্যথায় দুই বছর পর ভ্যাট আইন বাস্তবায়ন করতে গেলে আবারও আপত্তি উঠবে। গত বৃহস্পতিবার ভ্যাট আইন বিষয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ছয় ব্যবসায়ী সংগঠনের নেতারা এসব কথাই জানালেন। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন, শুভংকর কর্মকার ও মাসুদ মিলাদ

প্রথম আলো: নতুন ভ্যাট আইনের কিছু বিষয়ে তীব্র বিরোধিতা করেছিলেন দোকানমালিকেরা। আইনটি পিছিয়ে দেওয়ার পর আপনাদের প্রতিক্রিয়া কী?
হেলাল উদ্দিন: নতুন ভ্যাট আইনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের রেয়াত নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। রেয়াত যখন না নিতে পারবে, তখনই পণ্যের দাম বাড়বে। আর প্রতিটি ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট করার কারণে পুরো ভ্যাট আইনটাই হুমকির মুখে পড়ত। প্রতিটি ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করাটা নতুন ভ্যাট আইনের থিমের মধ্যে পড়ে না। যেমন আপনি সোনারগাঁও হোটেলে যখন খাবেন তখন ১৫ শতাংশ ভ্যাট দেবেন। আবার উল্টো দিকে কারওয়ান বাজারের কোনো হোটেলে বসে খাবেন, তখনো কি আপনি ১৫ শতাংশ ভ্যাট দেবেন? সে জন্য আমরা বহুবার বলেছি, ভ্যাটের একাধিক হার করুন। পুরোনো আইনে ভ্যাট অগ্রিম দিয়ে ক্রেতার কাছ থেকে তুলে আনতাম। এতে করে সরকারের কোনো লোকসান হতো না। আমি নিশ্চিত ছিলাম, আইন কার্যকর হলে সরকার রাজস্ব হারাবে। আমাদের দেশের ব্যবসায়ীরা যে নিজের পায়ে দাঁড়িয়েছে, এমনটা বলা যাবে না। এমন সক্ষমতা প্রয়োজন যাতে বিদেশি পুঁজির সঙ্গে আমাদের অসম প্রতিযোগিতায় পড়তে না হয়। সে বিষয়ে সরকারকে নজর রাখতে হবে। কারণ, অসম প্রতিযোগিতায় পড়লে আমরা এখন যেখানে বসে আছি সেখান থেকে পড়ে যাব।
প্রথম আলো: ২০১৯ সালে নতুন ভ্যাট আইন বাস্তবায়নে কী করতে হবে?
হেলাল উদ্দিন: আইনে যে সমস্যাগুলো আছে সেগুলো ব্যবসায়ীদের সঙ্গে বসে সমাধান করতে হবে। এটি একটি প্রযুক্তিনির্ভর আইন। এ জন্য এনবিআর ও ব্যবসায়ীদের প্রস্তুত করতে হবে। উভয় পক্ষকেই প্রস্তুত করতে হবে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে। প্রস্তুত করার মধ্য দিয়ে ২০১৯ সালে আইন বাস্তবায়নে যেতে হবে। আর আইনের যেসব খারাপ দিক আছে সেগুলো ফেলে দিতে হবে। আমরা এনবিআরকে এসব বিষয়ে বলেছি। তারা আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু অজ্ঞাত কারণে সেসবের কোনো প্রতিফলন হয়নি।