সেপ্টেম্বরে প্রবাসী আয় কমেছে ১২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্সে আবারও নেতিবাচক প্রবণতা শুরু হয়েছে। গত সেপ্টেম্বরে প্রবাসীরা আগের মাসের চেয়ে ১৪ কোটি ডলার বা ১২ শতাংশ কম অর্থ পাঠিয়েছেন। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে ১৭ শতাংশ।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, মার্কিন ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার দরপতন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে প্রবাসী আয় কমছে। এর সঙ্গে যোগ হয়েছে ঈদের মাস ও দীর্ঘ সময় ব্যাংক বন্ধ থাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১০৪ কোটি ডলার পাঠিয়েছেন। গত আগস্টে এসেছিল ১১৮ কোটি ডলার। এ হিসাবে রেমিট্যান্স কমেছে ১২ শতাংশ। আবার চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৯৩ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমেছে। এ ছাড়া তেলের দাম কমায় উপসাগরীয় বিভিন্ন দেশের কর্মীদের আয়ও কমে গেছে। এসব কারণে আয় কমছে।
প্রবাসী আয় আসার গতি জুলাইতে ছিল আরও নিম্নমুখী। চলতি অর্থবছরের জুলাইয়ে আসে মাত্র ১০০ কোটি ৫৫ লাখ ডলার। অথচ গেল অর্থবছরের একই মাসে এসেছিল ১৩৮ কোটি ৯৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭১ কোটি ২১ লাখ ডলার। এ ছাড়া সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ৮৯ লাখ, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ১০ লাখ এবং বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৯ লাখ ডলার।
একক ব্যাংক হিসেবে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে ২৫ কোটি ২৫ লাখ ডলার এসেছে। প্রবাসী আয় আহরণে দ্বিতীয় অবস্থানে অগ্রণী ব্যাংক লিমিটেড। এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ১১ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। এ ছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৩০ লাখ ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৩১ লাখ ডলার, ডাচ্–বাংলা ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮১ লাখ ডলার, ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৬৭ লাখ ডলার এবং পূবালী ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৩ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় প্রায় আড়াই শতাংশ কম প্রবাসী আয় আসে। গেল অর্থবছরের পুরো সময়ে প্রবাসী আয় আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। আগের অর্থবছরে যা ছিল ১ হাজার ৫৩১ কোটি ডলার।


*
অনলাইনে সংশোধিত