আগামীর ব্যবসা বাণিজ্য হবে তথ্যপ্রযুক্তিনির্ভর

করোনায় বিষময় হয়ে ওঠা ২০২০ বিদায় নিল। ২০২১-এর দিন গণনা শুরু আজ থেকে। করোনা মানুষের স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি বড় ক্ষতি করেছে অর্থনীতির। বড় ধাক্কা কাটিয়ে নতুন বছরে কি ঘুরে দাঁড়াতে পারবে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি? তথ্যপ্রযুক্তিনির্ভরতা কি আরও বাড়বে? এসব নিয়ে কথা বলেছেন ব্যবসায়ী রূপালী চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী চৌধুরী

আশা করেছিলাম অনেক আগেই ভ্যাকসিন চলে আসবে। সেটি হলে হয়তো ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসত। কিন্তু ভ্যাকসিন তো আগে আসেনি। বিভিন্ন দেশে মাত্র ভ্যাকসিন দেওয়া শুরু হলো। নতুন আশঙ্কা হলো, কোভিড-১৯–এর নতুন ধরন (স্ট্রেইন) পাওয়া যাচ্ছে। যদি এক সপ্তাহ আগেও আমাকে প্রশ্ন করা হতো, তাহলে বলতাম ২০২১ সালে ব্যবসা-বাণিজ্য ভালোই যাবে।

নতুন স্ট্রেইনের কারণে আমরা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছি। তবু আমি আশাবাদী হতে চাই। যদিও অনেক অনিশ্চয়তা আছে। এখনো সংকটময় সময় পার হয়ে আসিনি। করোনার মধ্যে ২০২০ সালে যেভাবে ব্যবসা-বাণিজ্য সামাল দিলাম, যদি আগামী বছর এর চেয়ে পরিস্থিতি খারাপ না হয়; তাহলে ব্যবসা-বাণিজ্য আরেকটু ভালো হবে। কারণ, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দৈনন্দিন কাজ চালানোর জন্য বিকল্প উপায় বের করে নিয়েছে। যেমন পণ্যের বিপণনে সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্স ইত্যাদির ব্যবহার বাড়িয়েছে। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ ভোক্তার আস্থা বাড়ানো। কারণ, ভোক্তার আস্থা না বাড়লে বেচাকেনা বাড়বে কীভাবে?

তবে করোনার কারণে ব্যবসা-বাণিজ্যের প্ল্যাটফর্ম বদলে গেছে। আগামী দিনের ব্যবসা-বাণিজ্য হবে তথ্যপ্রযুক্তিনির্ভর। তাই পরিবর্তিত পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবসা-বাণিজ্যে জোর দিতে হবে।

দেশের ব্যবসা-বাণিজ্য এখন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বহির্বিশ্বের সঙ্গেও বাণিজ্য অনেকে বেড়েছে। করোনার কারণে পণ্য আমদানি-রপ্তানিতে এখনো বিভিন্ন বন্দরে সমস্যা হচ্ছে। বিঘ্নিত হচ্ছে পণ্যের সরবরাহ ব্যবস্থাও ।

আগামী বছরের জন্য বার্জার পেইন্টস বাংলাদেশ নানা প্রস্তুতি নিয়েছে। ভোক্তাদের আস্থা তৈরিতে বেশি জোর দেওয়া হয়েছে। এরই মধ্যে বার্জারের রং সরবরাহকারীরা হ্যান্ডস্যানিটাইজার, মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ব্যবহার করছেন, যাতে গ্রাহকের আস্থা অর্জন করা যায়। এ ছাড়া ভাইরাসমুক্ত রং বানানোর চেস্টা করছি। তবে সার্বিক অবস্থার উন্নতি না হলে উদ্বেগ থেকেই যাবে।

রূপালী চৌধুরী: ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড