আঙুলের ছাপ পদ্ধতিতে ৪ কোটি ৬০ লাখ সিম নিবন্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে এ পর্যন্ত ৪ কোটি ৬০ লাখ মুঠোফোন সিম নিবন্ধিত হয়েছে, যা বর্তমানে দেশে চালু থাকা ১৩ কোটি ১০ লাখ সিমের ৩৫ শতাংশ।
তবে আঙুলের ছাপ না মেলায় এই পদ্ধতিতে ৮০ লাখ সিম নিবন্ধন করা সম্ভব হয়নি। বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের সিম নিবন্ধন শেষে গতকাল রোববার সাংবাদিকদের এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
২০ মার্চ পর্যন্ত গ্রামীণফোনের ২ কোটি ৫৪ লাখ, বাংলালিংকের ১ কোটি ৩৮ লাখ, রবি আজিয়াটার ৪৫ লাখ ৭৭ হাজার, এয়ারটেলের ১৮ লাখ ১৭ হাজার ও টেলিটকের ১ লাখ ৮২ হাজার সিম এবং সিটিসেলের ২৯ হাজার রিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। একই সময়ে আঙুলের ছাপ না মেলায় গ্রামীণফোনের ৫৯ লাখ, বাংলালিংক ও রবির ৮ লাখ ৯৩ হাজার করে, এয়ারটেলের ৩ লাখ ১০ হাজার ও টেলিটকের ২৪ হাজার সিম এবং সিটিসেলের ৬ হাজার রিম নিবন্ধিত হয়নি।
আঙুলের ছাপ না মেলার কারণে যেসব গ্রাহক সিম নিবন্ধন করতে পারেননি, তাঁদের বিষয়ে তারানা হালিম বলেন, ‘যাঁরা এমন সমস্যায় পড়েছেন, তাঁদের জন্য আলাদা করে সাত দিন সময় বেঁধে দেওয়ার চিন্তাভাবনা আছে। বিষয়টি নিয়ে শিগগিরই নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সঙ্গে বসব। আর যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই বা ভুল আছে, তাঁরা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য করা আবেদনের নিবন্ধন নম্বর দিয়েও সিম নিবন্ধন করতে পারবেন।’
ঢাকার ফার্মগেটে একটি মুঠোফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে গতকাল নিজের সিমটি নিবন্ধন করেন তারানা হালিম। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘৩০ এপ্রিলের মধ্যে আমরা এটা শেষ করতে চাই। এর মধ্যে আশা করি, সব সিম নিবন্ধিত হয়ে যাবে। এই পদ্ধতিতে নিবন্ধন না করলে ভবিষ্যতে কোনো সিম চালু থাকবে না।’
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে দেশে আঙুলের ছাপ পদ্ধতিতে মুঠোফোনের সিম নিবন্ধন-প্রক্রিয়া শুরু হয়। তখন থেকে আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম কেনা যাচ্ছে না। একই সঙ্গে পুরোনো সিমের নিবন্ধনেও আঙুলের ছাপ লাগছে।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও সিম নিয়ে মুঠোফোন অপারেটরদের নিজস্ব গ্রাহকসেবা কেন্দ্র বা অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা যায়।