আঞ্চলিক উন্নয়নে পিছিয়ে পড়ব

এবারের বাজেটে যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। শিল্প খাতেও নতুন নতুন প্রণোদনার কথা উল্লেখ আছে। সব মিলিয়ে এই বাজেটকে আমরা ব্যবসায়ী-বান্ধব বলতে পারি। তবে প্যাকেজ মূসক (মূল্য সংযোজন কর) বহাল রাখার দাবি মানা হয়নি। অর্থমন্ত্রী বাজেটে যেভাবে মূসক সমন্বয়ের কথা বলেছেন, তা ব্যবসায়ীদের জন্য মঙ্গলজনক হবে না।
সবচেয়ে বড় কথা, আমরা দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রত্যাশা করলেও বাজেটে তার প্রতিফলন নেই। বাজেটে যোগাযোগ খাতে দেওয়া বরাদ্দ পদ্মা সেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত চার লেন সড়ক ও রেললাইন স্থাপনে ব্যয় করা হবে বলে আশা করি। বরিশালে শিল্পায়ন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ভোলা থেকে পাইপ লাইনে বরিশালে গ্যাস আনার দিকনির্দেশনা আশা করেছিলাম। কিন্তু বাজেটে সে রকম কিছু নেই। যে কারণে আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আরও পিছিয়ে যাব।’
তবে আশার কথা হচ্ছে, গ্যাস সিলিন্ডার আমদানির ওপর থেকে শুল্ক কমানো, পর্যটনশিল্পে দেওয়া বরাদ্দ রাখা এবং দারিদ্র্য বিমোচনে নজর দেওয়ায় এগুলো উন্নয়নে ভূমিকা রাখবে। এ ছাড়া তামাক ও তামাকজাত পণ্য তৈরির যন্ত্রপাতি আমদানিতে শুল্ক বৃদ্ধি করায় বাজেট সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে।