আঞ্চলিক সহযোগিতা প্রবৃদ্ধি বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থনীতি বেশ ভালো করছে। এ অঞ্চলের প্রবৃদ্ধির হার আরও বাড়বে, যদি দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়ায় এবং পরস্পরের উন্নতির জন্য নিজেদের সম্পদ ব্যবহার করে।
সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ীদের সংগঠন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সার্ক-সিসিআই) আয়োজিত ‘আনলিশিং সাউথ এশিয়া: ইমপারেটিভ ফর অ্যাকশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি আয়োজনে সার্ক চেম্বারকে সহায়তা করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
সভায় সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ী, গবেষক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, অন্য অঞ্চল যেখানে নিজেদের মধ্যে বড় অংশের বাণিজ্য করে, সেখানে সার্কের দেশগুলো মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ নিজেদের মধ্যে করে। এসব দেশ নিজেদের মধ্যে সবচেয়ে কম সংযুক্ত এবং আস্থাহীনও।
সার্ক চেম্বারের সভাপতি সুরাজ বৈদ্য বলেন, দক্ষিণ এশিয়ার ৯৫ শতাংশ মানুষ সার্কে বিশ্বাস করে। সার্কভুক্ত দেশগুলোর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মানুষ ভালো। শূন্য দশমিক ১ শতাংশ সন্ত্রাসবাদী। এদের কারণে ভালো মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, ‘সার্ক দেশগুলোর ভালো মানুষেরা এ অঞ্চলে অবাধ চলাচল করতে পারে না। এটা কি সার্কের আশাবাদের প্রতি ন্যায্য আচরণ? সন্ত্রাসীরা কিন্তু ঠিকই ঘুরে বেড়ায়। তাদের ভিসার প্রয়োজন হয় না।’
অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সার্কের দেশগুলোর মধ্যে সীমানা মানুষের তৈরি। সার্কভুক্ত দেশগুলো একজোট হলে, নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করলে অবিশ্বাস্য প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। তিনি বলেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। বাংলাদেশও ভারতের কাছাকাছি অবস্থানে আছে। সার্কের অন্যান্য দেশও ভালো করছে। দেশগুলো যদি আলাদাভাবে এত ভালো করে, তাহলে একক জোট হিসেবে আরও ভালো করবে।
সালমান এফ রহমান আরও বলেন, ‘আমরা দেখেছি অন্য অঞ্চল কীভাবে ভালো করেছে। আশা করি, এ অঞ্চলও একক বাজার হলে ভালো করতে পারবে।’
পাকিস্তানের যুগ্ম বাণিজ্য সচিব তৈমুর তাজমহল আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে চারটি সমস্যা উল্লেখ করেন। এগুলো হলো বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির বদলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে জোর, পণ্যের উৎস বিধি সংক্রান্ত জটিলতা, অশুল্ক বাধা এবং সচেতনতার অভাব। তিনি আরও বলেন, এ অঞ্চলের দেশগুলো দ্বিপক্ষীয় চুক্তিতে বেশি ছাড় দেয়, সেটা সার্কের মুক্তবাণিজ্য চুক্তি সাফটার ক্ষেত্রে হয় না। দ্বিপক্ষীয় চুক্তির ক্ষেত্রে নিষিদ্ধ তালিকাভুক্ত পণ্যের সংখ্যাও সাফটার চেয়ে কম। যেটুকু বাণিজ্য হয়, তার বড় অংশ আবার সাফটার সুবিধা ছাড়া।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক শাফকাত আনোয়ার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম, বাংলাদেশের অতিরিক্ত বাণিজ্য সচিব মো. শফিকুল ইসলাম, ঢাকায় পাকিস্তান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সুলেমান খান, নেপালের গবেষক শিতিজ দাহাল, শ্রীলঙ্কার গবেষক কিথমিনা হেওয়াজ প্রমুখ বক্তব্য দেন।