আট বছরে এক ইঞ্চি জেটিও তৈরি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রগামী জাহাজ থেকে কনটেইনার পণ্য ওঠানো-নামানোর জন্য চট্টগ্রাম বন্দরে সর্বশেষ জেটি নির্মাণ করা হয় ২০০৭ সালে। এরপর গত আট বছরে বহু পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু বন্দরে এক ইঞ্চি জেটিও নির্মিত হয়নি; বরং পলিমাটি জমে একটি জেটি বন্ধ হয়ে গেছে। সংস্কারকাজের জন্য দুটি জেটিতে জাহাজ ভেড়ানো হচ্ছে না। অথচ এই আট বছরে পণ্য পরিবহন বেড়েছে ১১৪ শতাংশ। আলাদা করে কনটেইনার পরিবহন বেড়েছে ১১১ শতাংশ।
জেটি সংকটে কনটেইনার জাহাজের জট তৈরি হচ্ছে। গতকাল বুধবার বন্দরের তথ্য অনুযায়ী, জাহাজ আসার তুলনায় জেটির সংখ্যা কম থাকায় জেটিতে ভেড়ানোর জন্য অপেক্ষাকৃত বড় কনটেইনার জাহাজ এখন তিন থেকে চার দিন পর্যন্ত সাগরে অপেক্ষা করতে হচ্ছে। অথচ একই সময়ে সিঙ্গাপুর-কলম্বো বন্দর ঘুরে এসব জাহাজে করে চট্টগ্রামে পণ্য আনা যায়। চার দিন অপেক্ষা করার অর্থ হলো, এসব জাহাজে আনা তৈরি পোশাকের কাঁচামাল হাতে পেতে চার দিন দেরি হওয়া। ফলে পণ্য উৎপাদনেও আগের চেয়ে কম সময় পাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা।
বন্দর কর্মকর্তারা জানান, জেটি ছাড়া সাগরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে খাদ্যশস্য, সারসহ সাধারণ পণ্য খালাসের সুযোগ আছে। তবে জেটি ছাড়া কনটেইনার ওঠানো-নামানোর সুযোগ নেই। আর কনটেইনারে পরিবহন হয় তৈরি পোশাকসহ রপ্তানি পণ্য, বিভিন্ন যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালসহ মূল্যবান পণ্য।
পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এখন পণ্য হাতে পেতে দু-তিন দিন বেশি লাগছে। স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে দ্রুত পদক্ষেপ না নিলে কয়েক দিন পর আরও বেশি সময় লাগবে। ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।
বন্দরের মূল স্থাপনায় সাধারণ পণ্য ও কনটেইনারবাহী জাহাজ ভেড়ানোর জেটি আছে ১৯টি। এর মধ্যে ১৩টি কনটেইনার এবং ছয়টি সাধারণ পণ্য খালাসের জন্য। সর্বোচ্চ সাড়ে নয় মিটার ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) এবং ১৯০ মিটার লম্বা জাহাজ ভেড়ানো যায় এসব জেটিতে।
বন্দরের জন্য সদ্য তৈরি করা মহাপরিকল্পনায় বলা হয়েছে, আগামী ২০১৯ সালে সমুদ্রপথে কনটেইনার পরিবহনের সংখ্যা বেড়ে সাড়ে ২৬ লাখ থেকে সর্বোচ্চ ২৯ লাখ ৬৪ হাজার একক হতে পারে। চট্টগ্রাম ও মংলা বন্দরের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রায় সাড়ে ২৩ লাখ কনটেইনার পরিবহন সম্ভব বলে এতে বলা হয়।
বন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য কাগজে-কলমে চারটি নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনা চলছে। এই চারটি হলো পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে কনটেইনার টার্মিনাল, পতেঙ্গায় লালদিয়া টার্মিনাল ও বে টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরের পুরোনো জেটি ভেঙে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল প্রকল্প। এসব টার্মিনাল নির্মাণের কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে আছে।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গত মঙ্গলবার বলেন, প্রতি মাসেই কনটেইনার পরিবহন বাড়ছে। চাপ থাকায় দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের বিকল্প নেই। দ্রুততম সময়ে কাজ শেষ করার জন্য কর্ণফুলীর তীরে ড্রাই ডকের পাশে পতেঙ্গা টার্মিনাল নামে নতুন একটি টার্মিনাল নির্মাণ প্রাধান্য দেওয়া হচ্ছে। এরপর আসবে কর্ণফুলী টার্মিনাল।
চট্টগ্রাম চেম্বারের বন্দর ও জাহাজীকরণ-বিষয়ক উপকমিটির উপদেষ্টা মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, ‘নতুন যেসব টার্মিনাল নির্মাণের কথা বলা হচ্ছে, সেগুলোর কার্যক্রম খুবই ধীরগতিতে এগোচ্ছে। এভাবে চললে আগামী চার-পাঁচ বছরেও নতুন টার্মিনাল নির্মাণ করে পরিচালন কাজ শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’
প্রাপ্ত তথ্য অনুযায়ী গত অর্থবছরে মোট কনটেইনার পরিবহন হয় ১৯ লাখ ৯ হাজার ৭৯ একক। এর ৯৮ শতাংশ চট্টগ্রাম ও ২ শতাংশ মংলা বন্দর দিয়ে পরিবহন হয়।
বন্দরে প্রথম টার্মিনাল নির্মিত হয় ১৯৯২ সালে। এর সাত বছর পর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। আট বছর পর এক কিলোমিটার লম্বা পাঁচ জেটির টার্মিনালটি নির্মিত হয় ২০০৭ সালের ডিসেম্বরে। এরপর নতুন টার্মিনাল হয়নি।