আবারও সংশোধিত লক্ষ্য অর্জন এনবিআরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান (ডানে) গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন l প্রথম আলো
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান (ডানে) গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন l প্রথম আলো

টানা তিনবার সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদায়ী অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে মাত্র প্রায় ৪ কোটি টাকা বেশি আদায় হয়েছে। গত অর্থবছরে ১ লাখ ৮৫ হাজার ৩ কোটি ৬৯ লাখ টাকা আদায় হয়েছে। অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা।

গতকাল বুধবার সেগুনবাগিচার এনবিআরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।

প্রতিবারের মতো বিদায়ী অর্থবছরেও মূল লক্ষ্য অর্জন করতে পারেনি এনবিআর। গত অর্থবছরের বাজেটে এনবিআরকে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়। কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় না হওয়ায় পরে তা কমিয়ে ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা করা হয়। সংশোধিত লক্ষ্য অর্জন হলেও মূল লক্ষ্য থেকে রাজস্ব আদায়ে ঘাটতি থাকল ১৮ হাজার কোটি টাকার বেশি।

সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান দাবি করেন, রাজস্ব আদায়ে স্মরণকালের রেকর্ড প্রবৃদ্ধি ১৯ শতাংশ হয়েছে। আগের তিন বছরে রাজস্ব প্রবৃদ্ধি ১১ থেকে ১৫ শতাংশের মধ্যে ছিল।

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের মতো বিদায়ী অর্থবছরেও রাজস্ব আদায়ে শীর্ষ খাত মূল্য সংযোজন কর বা ভ্যাট। গত অর্থবছরে ভ্যাট আদায় হয়েছে ৬৬ হাজার ৮৯২ কোটি টাকা। আর আয়করের পরিমাণ ৬৩ হাজার ৭৮১ কোটি টাকা। আমদানি শুল্কসহ অন্যান্য শুল্ক আদায় হয়েছে ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে গত অর্থবছরের রাজস্ব আদায়ের গতি-প্রকৃতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক বেলাল হোসাইন চৌধুরী। ওই প্রবন্ধে গত অর্থবছরে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ার বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়। কারণগুলোর মধ্যে অন্যতম হলো নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইনকে সামনে রেখে প্রতিষ্ঠানের চলতি হিসাবে টাকার জের ‘শূন্য’ করা হয়। এতে জুন মাসের শেষ ৬-৭ দিন পণ্য খালাস ও রাজস্ব জমা সেভাবে হয়নি। সিগারেট ও মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে গত জুন মাসে রাজস্ব আদায় কমেছে। ব্যাংকিং খাতে ১৪ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধিতে আয়কর আদায়ও কমেছে। এ ছাড়া নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সামনে রেখে ভ্যাট ও শুল্ক কর্মকর্তাদের অনেকেই আইন নিয়ে কাউন্সেলিং ও সভা-সেমিনার করে কর্মঘণ্টা ব্যয় করেছেন। তাই অন্য অর্থবছরের মতো তাঁরা রাজস্ব আহরণে স্বাভাবিক মনোযোগ দিতে পারেননি।

মূল প্রবন্ধে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছে মোট বকেয়া রাজস্বের পরিমাণ ২২ হাজার ৮২৪ কোটি টাকা। বিদায়ী অর্থবছরেই বকেয়ার পরিমাণ ৫ হাজার ৭০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে পেট্রোবাংলা রাজস্ব পরিশোধ করছে না। এই বকেয়া পাওয়া গেলে মোট রাজস্ব আদায় হতো ২ লাখ ৭ হাজার ৮২৭ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের মূল লক্ষ্যের চেয়ে ৪ হাজার ৬৭৫ কোটি টাকা বেশি।

নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় কত টাকার রাজস্ব ক্ষতি হবে—এমন প্রশ্ন করলে সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান বলেন, এনবিআর এ নিয়ে পর্যালোচনা করছে। তবে একটা শূন্যতা তৈরি হয়েছে। লক্ষ্য সংশোধন করা হতে পারে। তিনি আরও বলেন, ‘নতুন ভ্যাট আইন নিয়ে সব শ্রেণির মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা হয়েছে। এটিকে আমরা সুযোগ নিয়ে হিসেবে দেখছি। নতুন আইন দুই বছর পিছিয়ে দিয়ে পুরোনো আইন বহাল থাকায় রাজস্ব প্রদানে উৎসাহ দেখাচ্ছেন ব্যবসায়ীরা।’

জনগণ কর দিয়েও সরকারি সেবা পাচ্ছেন না—সাংবাদিকেরা এই প্রসঙ্গ তুললে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘সরকারি সেবাধর্মী প্রতিষ্ঠানদের প্রধানদের জনগণকে যথাযথ সেবা দেওয়ার জন্য চিঠি দিয়েছি। সেবা দিলে জনগণ কর দিতে আরও উৎসাহিত হবেন।’

নতুন লক্ষ্য

চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। এই রাজস্ব লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন এনবিআরের চেয়ারম্যান। তিনি বলেন, ইতিমধ্যে রাজস্ব আদায়ের কৌশল নির্ধারণ করা হচ্ছে। আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগ নিজেদের কৌশল তৈরি করছে। এনবিআর এখন অনায়াসে কর আদায়ের চেয়ে প্রয়াসে কর আদায়ে বেশি জোর দিচ্ছে।

এনবিআরের চেয়ারম্যানের মতে, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীরাই আয়করের অন্যতম বড় উৎস হবেন। এ বছর থেকে তাঁদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।