আমদানি কমে বাণিজ্যে উদ্বৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পণ্য আমদানি কমেছে। তবে তা এতটাই কমেছে যে চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্য বাণিজ্যে উদ্বৃত্তাবস্থা দেখা দিয়েছে। অর্থাৎ এ বছর জুলাই মাসে আমদানি ব্যয় যতটা হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে পণ্য রপ্তানি থেকে আয়। অন্যদিকে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বজায় রয়েছে ও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণির হালনাগাদ উপাত্ত থেকে দেখা গেছে যে জুলাই মাসে পণ্য বাণিজ্যে ১৯ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে। গত বছরের জুলাই মাসে ছিল ১২ কোটি ৯০ লাখ ডলারের ঘাটতি।

আলোচ্য সময়কালে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ২৯৬ কোটি ৫০ লাখ ডলার, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কম। গত বছর জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ২৯৯ কোটি ৬০ লাখ ডলার।

আবার একই সময়ে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছে ২৭৭ কোটি ডলার, যেখানে গত বছর জুলাই মাসে ব্যয় করতে হয়েছিল ৩১২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ আমদানি কমেছে প্রায় সাড়ে ১১ শতাংশ।

আমদানি ও রপ্তানির এই হিসাব অবশ্য ফ্রি অন বোর্ড বা এফওবি-ভিত্তিক। এর মানে হলো, রপ্তানি ও আমদানির জন্য পণ্য জাহাজে তোলার পর পণ্যের যে মূল্য, সেটাই বিবেচ্য। আর তাই আমদানির কস্ট অ্যান্ড ফ্রেইট বা সিঅ্যান্ডএফ মূল্যের সঙ্গে এর পার্থক্য হয়। সিঅ্যান্ডএফ মূল্য হলো প্রকৃত মূল্যের সঙ্গে যুক্ত হওয়া পণ্যের জাহাজীকরণের খরচ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় যে জুলাই মাসে সিঅ্যান্ডএফ ভিত্তিতে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩১৪ কোটি ৭৬ লাখ ডলার। এটিও গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৪৮ শতাংশ কম।

আমদানির শ্রেণিভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এই সময়কালে বেশির ভাগ পণ্যের আমদানি কমে গেছে। যেমন, খাদ্যশস্য আমদানি কমেছে প্রায় ২৮ শতাংশ এবং ভোজ্য তেল প্রায় ৪১ শতাংশ। অবশ্য দেশে খাদ্যশস্যের (চাল ও গম) ভালো উৎপাদন ও মজুত থাকায় এর আমদানি কমেছে। এ বছর জুলাই মাসে খাদ্যশস্যের মজুতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখ ৯৪ হাজার মেট্রিক টন। আর গত বছর জুলাই মাসে এর পরিমাণ ছিল ১১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন।

আলোচ্য সময়কালে জ্বালানি তেল ও সামগ্রী বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে কমেছে কাঁচা তুলা ও সুতা, বস্ত্র ও আনুষঙ্গিক সামগ্রী এবং মূলধনি যন্ত্রপাতি। দেখা যাচ্ছে, শিল্প উৎপাদনের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় এমনটি হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে জুলাই মাসে চলতি হিসাবের ভারসাম্যে ১০২ কোটি ৩০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে, যা গত বছর জুলাই মাসে ছিল ৫৭ কোটি ৬০ লাখ ডলার। প্রবাসী আয়ের উচ্চ প্রবাহের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমে গিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মোটা দাগে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়।

এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেন বজায় রাখার জন্য কোনো ঋণ করতে হয় না। তবে ঘাটতি হলে তা মেটাতে বিদেশি ঋণ নিতে হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছর শেষে চলতি হিসাবের ভারসাম্য দাঁড়িয়েছে ১৫৪ কোটি ৭০ লাখ ডলার যা ২০১২-১৩ অর্থবছর শেষে ছিল ২৫২ কোটি ৫২ লাখ ডলার।