আমদানি পণ্য খালাসে লাগে পাঁচ দিন ১৮ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি পণ্য খালাস করতে গড়ে পাঁচ দিন ১৮ ঘণ্টা ২৪ মিনিট সময় লাগে। আর রপ্তানি পণ্যের একটি চালান বন্দরে পৌঁছার পর সব আনুষঙ্গিক কাজ সেরে সীমান্তরেখা অতিক্রম করতে পারে গড়ে চার দিন পাঁচ ঘণ্টা ২৬ মিনিট পর। আমদানির ক্ষেত্রে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের পর মাল নামানো, শুল্কায়ন প্রক্রিয়া, ইয়ার্ড থেকে পণ্য খালাস করতে এ সময় লাগে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগের এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। গত জুলাইয়ে সমীক্ষাটি প্রকাশ করা হয়।
বেনাপোল স্থলবন্দরের পণ্য খালাসের এ সময়সীমা আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে অনেক বেশি। সম্প্রতি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) বিশ্বের বড় ২৩টি বন্দরের পণ্য খালাসের সময়সীমার ওপর সমীক্ষা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে যেসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য আমদানি করে থাকে, সেই একই প্রক্রিয়া শেষ করে অন্য দেশে পণ্য খালাস করতে মাত্র ৬২ ঘণ্টা ২৪ মিনিট বা দুই দিন ১৪ ঘণ্টা ২৪ মিনিট সময় লাগে। অর্থাৎ বেনাপোল বন্দরে সময় লাগে আড়াই গুণ বেশি।
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি আসলাম সানি প্রথম আলোকে বলেন, বেনাপোলে পণ্য রাখার জায়গা কম। অন্যদিকে পণ্য রাসায়নিক পরীক্ষার নামে শুল্ক কর্মকর্তারা আমদানিকারককে হয়রানিও করেন। একটি পণ্য পরীক্ষায় পাঠানো হলে কমপক্ষে এক মাসে লাগে। এত সময় পণ্য বন্দরে রাখলে মাশুল গুনতে হয়।
ভারত থেকে আসা পণ্যের আমদানিনির্ভর বন্দর বেনাপোল। ভারতের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এ বন্দর। ২০১২-১৩ অর্থবছরে এ বন্দরে ৬৩ হাজার ৭৪২টি বিল অব এন্ট্রি হয়েছে। আর বিল অব এক্সপোর্ট জমা হয়েছে ৪৯ হাজার ৬৭৩টি। প্রতিদিন গড়ে আড়াই শ বিল অব এন্ট্রি জমা হয় বন্দরটিতে। আর ভারত থেকে আসে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। বেনাপোল বন্দর দিয়ে আমদানির ৭৬-৭৭ শতাংশ পণ্যই শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ। খালাসের অপেক্ষায় এসব আমদানি পণ্য শেড বা ইয়ার্ডে পড়ে থাকে বলে ব্যয় বাড়ে।
এনবিআরের সমীক্ষায় বলা হয়েছে, সাধারণ বা সনাতনী প্রক্রিয়ায় একটি আমদানি চালানের পণ্য খালাস করতে গড়ে ছয় দিন ২৩ ঘণ্টা সময় লাগে। অন্যদিকে কারনেট সুবিধা ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিল অব এন্ট্রি দাখিল, বিল পরিশোধসহ সহজ প্রক্রিয়ায় শুল্কায়ন করা হলে আমদানি পণ্য খালাস করতে সময় লাগে মাত্র এক দিন এক ঘণ্টা ২৬ মিনিট। তবে এ ব্যবস্থায় পণ্য খালাসের সংখ্যা খুবই কম বলে শুল্ক বিভাগ সূত্র জানায়। সবমিলে আমদানি পণ্য খালাসে সময় লাগে গড়ে পাঁচ দিন ১৮ ঘণ্টা ২৪ মিনিট।
সমীক্ষার সুপারিশে পণ্য খালাসের সময়সীমা কমাতে কিছু পরিকল্পনার উল্লেখ রয়েছে। যেগুলো ছয় মাস থেকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের কথাও এতে বলা হয়েছে। পরিকল্পনাগুলো হলো পণ্যের চালান শতভাগ কায়িক যাচাই-বাছাই করার পরিবর্তে দৈবচয়ন ভিত্তিতে সম্পন্ন করা, তৃতীয় পক্ষকে দিয়ে পণ্য হ্যান্ডলিং, সম্পূর্ণ স্বয়ক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন ব্যবস্থা চালু।
শুল্ক বিভাগের প্রথম সচিব (আন্তর্জাতিক চুক্তি) এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা এ দেশের বন্দর-সুবিধা নিয়ে নানা সমীক্ষা বা গবেষণা করেছে। এসব সমীক্ষা বা গবেষণায় বিভিন্ন মডেল ব্যবহার হয়েছে। ফলে প্রকৃত চিত্র উঠে আসেনি। কিন্তু ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিসিও) দেওয়া নমুনা মডেল ব্যবহার করে এনবিআরের সমীক্ষাটি করা হয়েছে। এর ফলে অন্য দেশের বন্দরগুলোর সঙ্গে এ বন্দর দিয়ে পণ্য খালাসের সময়সীমার তুলনা করা যায়। সমীক্ষায় পণ্য খালাসে কত সময় লাগে, সেটা জানার চেষ্টা করা হয়েছে। সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন এসব সমস্যার সমাধান করা হবে।
কোথায় কত সময় লাগে: পণ্যবাহী ভারতীয় ট্রাক সীমান্তরেখা অতিক্রম করে প্রথমে বন্দরে প্রবেশ করে। সমীক্ষা অনুযায়ী, এরপর স্থলবন্দর কর্তৃপক্ষের অনুমোদন নিতে ১৬ ঘণ্টা তিন মিনিট সময় লাগে। পরে শুল্কায়ন প্রক্রিয়ায় যায় আরও ১৩ ঘণ্টা ৫৪ মিনিট। আর ব্যাংকের মাধ্যমে শুল্ক পরিশোধ করতে সময় লাগে মাত্র ১২ মিনিট। তারপর বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে দুই ঘণ্টা ৩৯ মিনিট লাগে। তবে নন-রেগুলেটরি খাতে সময় ব্যয় হয় চার দিন ১০ ঘণ্টা ৩৫ মিনিট। এ পর্যায়ে মূলত ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য স্থানান্তরেই (ট্রান্সশিপমেন্ট) বেশি সময় নষ্ট হওয়াকেই বোঝানো হয়েছে।
অন্যদিকে রপ্তানি পণ্যের চালান বন্দরে পৌঁছার পর তুলনামূলক কিছুটা দ্রুততর সময়ে ভারতের পেট্রাপোল বন্দরে চলে যায়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে লাগে গড়ে চার দিন ১৮ ঘণ্টা ২৪ মিনিট। এর মধ্যে শুল্কায়ন প্রক্রিয়া, ব্যাংকিং আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা, বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে সময় লাগে মাত্র পাঁচ ঘণ্টা সাত মিনিট। বাকি সময় ব্যয় হয় নন-রেগুলেটরি পর্যায়ে। এ ক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্টরা বিল অব এক্সপোর্ট দাখিলেই বেশি সময় নেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ এ প্রতিবেদককে বলেন, বেনাপোলে মূল সমস্যা হলো পর্যাপ্ত অবকাঠামো নেই। ইয়ার্ড থেকে শুল্ক কার্যালয় অনেক দূরে। আর আমদানি-রপ্তানি পণ্য রাখার পর্যাপ্ত ইয়ার্ড বা শেড নেই। তিনি বলেন, বেনাপোলে পণ্য ওঠানো-নামানো, বিশেষ করে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য স্থানান্তর করতেই অনেক সময় লেগে যায়।
দুই দেশের মধ্যে মোটরযান চলাচল আইন চুক্তি করা হলে এ সমস্যার সমাধান করা যায়। এতে এক দেশের পণ্যবাহী ট্রাক সরাসরি অপর দেশে চলে যাবে। যে কারণে পণ্য পারাপারে সময় অনেক কম লাগবে। আশির দশক থেকেই এ চুক্তি হবে এমন কথা শোনা যায়। যদিও তিন দশকেও সেটি হয়নি। এ ছাড়া বেনাপোলে নানা অশুল্ক বাধার কারণেও সময় বেশি লাগে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ষষ্ঠ: সমুদ্র ও স্থল—এ দুই ধরনেরই বন্দর-সুবিধায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। অথচ বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের বন্দর-সুবিধা বাড়ানোর বিকল্প নেই। বিশ্বব্যাংক প্রতিবছর বন্দর-সুবিধা নিয়ে বিভিন্ন দেশের ক্রমতালিকা বা র্যাংকিং প্রকাশ করে। শুল্কায়ন, অবকাঠামো, আন্তর্জাতিক জাহাজীকরণ, বিভিন্ন পর্যায়ে আনুষঙ্গিক কার্যক্রম-সুবিধা, পণ্য খালাসে সময়সীমা—এসব সূচকের মাধ্যমে এ ক্রমতালিকা প্রকাশ করা হয়। ২০১৪ সালের এ সূচকে দেখা যায়, ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৮। প্রথম স্থানে রয়েছে জার্মানি। এরপরের দুটি স্থানে যথাক্রমে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। সোমালিয়ার বন্দর-সুবিধা সবচেয়ে খারাপ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল ভুটান ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এ অঞ্চলের শীর্ষে রয়েছে ভারত। বিশ্ব ক্রমতালিকাতে দেশটির অবস্থান ৫৪তম। এ ছাড়া পাকিস্তান ৭২, মালদ্বীপ ৮২, শ্রীলঙ্কা ৮৯, নেপাল ১০৫, ভুটান ১৪৩ এবং আফগানিস্তান ১৫৮তম স্থানে রয়েছে। এশিয়ার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে জাপান। ক্রমতালিকাতে দেশটির অবস্থান ১০।