আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় বড় ব্যাঘাত হচ্ছে

প্রথম আলো: বন্দর দিয়ে আমদানি হওয়া ঢাকামুখী পণ্য পরিবহনে সড়কপথের ওপর নির্ভরতা কতটুকু?
কাজী মাহমুদ: চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনারে আমদানি পণ্যের অন্তত ৭০ শতাংশই চট্টগ্রামের বাইরে যায়। এসব পণ্য ঢাকা ও আশপাশের অঞ্চলের। এসব পণ্য আমদানিকারকদের কারখানা বা গুদামে পৌঁছে দেওয়ার জন্য এখনো বড় মাধ্যম সড়কপথ। রেলপথে চট্টগ্রাম থেকে ঢাকায় কনটেইনার পরিবহন এখনো ৫ শতাংশের কম। নৌপথে খাদ্যশস্যের বড় অংশ এবং সিমেন্টশিল্পের কাঁচামাল পরিবহন করা হয়।
প্রথম আলো: সড়কপথে পণ্য পরিবহনে কী কী সমস্যা মোকাবিলা করতে হয়?
কাজী মাহমুদ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার কাজ এখনো শেষ হয়নি। মহাসড়কের অবস্থা এখন নাজুক। এর খেসারত দিতে হচ্ছে আমদানিকারকদের। আবার অনেক ক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্টরাও খেসারত দিচ্ছে। সড়কপথের নাজুক অবস্থার কারণে আগে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা ও আশপাশের অঞ্চলে পণ্য পরিবহনে যেখানে ১০-১২ ঘণ্টা সময় লাগত, এখন সেখানে সময় লাগছে ১৬-১৭ ঘণ্টা। চট্টগ্রাম থেকে ঢাকায় কাভার্ড ভ্যানে পণ্য পরিবহনের ভাড়া ১৫-২০ হাজার থেকে এখন ৩৫ হাজার টাকা হয়েছে। অর্থাৎ সময় ও খরচ দুটোই বেশি। এর পরও নৌপথ ও রেলপথে কনটেইনারের পণ্য পরিবহনের সুযোগ-সুবিধা বেশি না থাকায় সড়কপথে পণ্য পরিবহন করতে হচ্ছে।
প্রথম আলো: মহাসড়কের নাজুক অবস্থার কারণে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন?
কাজী মাহমুদ: বন্দর থেকে ঢাকামুখী পণ্যের মধ্যে সবচেয়ে বেশি পোশাকশিল্পের কাঁচামাল। পোশাকশিল্পের কাঁচামাল কারখানায় পৌঁছাতে দেরি হলে রপ্তানিকারকেরাই বিপদে পড়েন। কারণ, পোশাকশিল্পের পণ্য নির্ধারিত সময়সীমার মধ্যে তৈরি করে রপ্তানি করতে হয়। এ ছাড়া বিভিন্ন শিল্পের কাঁচামাল, বাণিজ্যিক পণ্য ও খাদ্যশস্যের একটি অংশ পরিবহন করা হয় এই মহাসড়ক ব্যবহার করে। পণ্য পরিবহনে সময় ও খরচ বেশি হলে প্রথমে ভুক্তভোগী হন আমদানিকারকেরা। পরে পণ্যের খরচের সঙ্গে যুক্ত হয়ে ভোক্তাদের ওপর এই চাপ পড়ে। আসলে এই মহাসড়কের কারণে সবচেয়ে বড় ব্যাঘাত হচ্ছে আমদানি-রপ্তানি প্রক্রিয়ায়। যেমন: বন্দর দিয়ে পণ্য আমদানি, বন্দর থেকে খালাস এবং আমদানিকারকের কারখানা বা গুদামে পৌঁছে দেওয়া পর্যন্ত কয়েক ধাপে কাজ হয়। এসব ধাপের মধ্যে কোনোটিতে প্রভাব পড়লে পুরো প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে।
প্রথম আলো: মহাসড়ক চার লেনে উন্নীত হলেই এসব সমস্যা দূর হবে?
কাজী মাহমুদ: পণ্য পরিবহন যেভাবে বাড়ছে, তাতে মহাসড়ক চার লেনে উন্নীত হলে হয়তো কিছুদিন পণ্য পরিবহনে সুবিধা পাওয়া যাবে। চার লেন হলে পণ্য পরিবহনে সময় ও অর্থের সাশ্রয় হবে। কারণ, একটি কাভার্ড ভ্যান যেখানে মাসে এখন সাত-আটবার আসা-যাওয়া করছে, তখন ১২-১৪ বার আসা-যাওয়া করতে পারবে। ফলে পণ্য পরিবহনের গাড়ির পর্যাপ্ততা বাড়বে। আমদানিকারকেরা যখন-তখন পণ্য পরিবহনের জন্য পর্যাপ্ত গাড়ি পাবেন। তবে বন্দরে এখন বছরে ১০ শতাংশ হারে কনটেইনার পরিবহন বাড়ছে। ফলে ঢাকামুখী পণ্য পরিবহনের হারও বাড়ছে। এটি অব্যাহত থাকলে ভবিষ্যতে চার লেনেও কাজ হবে না। তখন এই মহাসড়ক সম্প্রসারণের বিকল্প থাকবে না।
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন
(সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ)