>অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেষ পর্যন্ত নতুন ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দিয়েছেন। দাবি পূরণ হওয়ায় যথারীতি খুশি ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এনবিআরকে ভ্যাট আইনটি সংশোধন করতে হবে। অন্যথায় দুই বছর পর ভ্যাট আইন বাস্তবায়ন করতে গেলে আবারও আপত্তি উঠবে। গত বৃহস্পতিবার ভ্যাট আইন বিষয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ছয় ব্যবসায়ী সংগঠনের নেতারা এসব কথাই জানালেন। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন, শুভংকর কর্মকার ও মাসুদ মিলাদ

প্রথম আলো: নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন তো পিছিয়ে দেওয়া হলো। তাতে আপনাদের কী সুবিধা হলো?
খন্দকার রুহুল আমিন: বর্তমানেও হোটেল-রেস্তোরাঁর ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ রয়েছে। নতুন আইনেও ১৫ শতাংশ ভ্যাট হার প্রস্তাব করা হয়েছিল। তাই নতুন আইনের বাস্তবায়ন স্থগিত হওয়ায় ভ্যাট রেটের দিক থেকে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই। তবে নতুন আইনটির বাস্তবায়ন শুরু হলে ভোক্তাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করতে হতো, তাতে হোটেল-রেস্তোরাঁয় ভোক্তা কমে যাওয়ার আশঙ্কায় ছিলাম। আপাতত আমরা সেই শঙ্কামুক্ত হলাম।
প্রথম আলো: নতুন আইন কার্যকর হলে কেন ভোক্তার কাছ থেকে বাড়তি অর্থ আদায় করতে হবে?
খন্দকার রুহুল আমিন: দেখুন, দেশজুড়ে অনেক হোটেল, রেস্তোরাঁ রয়েছে। সবাই কিন্তু ভোক্তার কাছ থেকে ভ্যাটের টাকা আদায় করে না, নিজেরাই দিয়ে দেয়। বিশেষ করে যেসব খাবারের হোটেল ও রেস্তোরাঁ বাঙালির ঐতিহ্যবাহী খাবারের ব্যবসা করে, তারা নিজেদের পকেট থেকে ভ্যাট দিয়ে দেয়। তবে অনেকেই তা ভোক্তার কাছ থেকে আদায় করে। যেসব হোটেল, রেস্তোরাঁ নিজেরা ভ্যাট পরিশোধ করে, তাদের অনেকে লাভ-লোকসানের প্রকৃত তথ্যটা আড়াল করে—এ কথাও সত্য। বিক্রি কম দেখিয়ে ভ্যাট পরিশোধ করে থাকে।
প্রথম আলো: মিথ্যা তথ্য দিয়ে ভ্যাট কম দেওয়ার সুবিধার জন্যই কী নতুন আইন নিয়ে আপনাদের আপত্তি ছিল?
খন্দকার রুহুল আমিন: না, আমাদের আপত্তি এ জন্য ছিল না। আমরা আইনের কিছু অসংগতি দূর করে তারপর এটির বাস্তবায়নের কথা বলেছি। ভ্যাট হলো মূল্য সংযোজন কর। অথচ হোটেল, রেস্তোরাঁয় আমরা যা বিক্রি করি তার পুরোটার ওপরই ভ্যাট হিসাব করা হয়। দেখা গেল, ২০ শতাংশ বাড়তি মূল্য সংযোজন করে কোনো একটি খাবার আমরা বিক্রি করলাম। অথচ ভ্যাট যখন হিসাব করা হচ্ছে তখন পুরোটার দাম ধরেই হিসাব করা হচ্ছে। তাই আমাদের দাবি ছিল, যেটুকু মূল্য সংযোজন করা হয়েছে সেটুকুর ওপরই যেন ভ্যাট হিসাব করা হয়। এখন আইনটি স্থগিত হওয়ায় এ নিয়ে আরও আলাপ-আলোচনার সুযোগ তৈরি হলো।