আরও বড় সাইবার হামলার পরিকল্পনায় হ্যাকাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির চেয়েও বড় ধরনের সাইবার হামলার পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাপী হ্যাকাররা কাজ করছে। এর ফলে ভবিষ্যতে আর্থিক খাতে আরও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন সাইবার নিরাপত্তাবিষয়ক বহুজাতিক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের প্রতিষ্ঠাতা ইউগেন ক্যাসপারস্কি। বাংলাদেশসহ সারা বিশ্বে বহুল ব্যবহৃত অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কির উদ্ভাবক ইউগেন ক্যাসপারস্কি।
হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি এবং রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় হার পরিবর্তন করার মতো ঘটনা প্রসঙ্গে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইউগেন ক্যাসপারস্কি। তিনি বলেন, সাইবার অপরাধীদের উদ্ভাবনীমূলক যেসব কর্মকাণ্ড এখন দেখছি সেটির অন্যতম কারণ নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ। হ্যাকাররা তাদের উদ্ভাবিত প্রযুক্তি একে অপরের মধ্যে আদান-প্রদান করে দিনে দিনে আরও শক্তিশালী ও সংঘবদ্ধ হয়ে উঠছে। বিশ্বজুড়ে পেশাদার হ্যাকাররা এখন পুঁজিবাজারের মতো বৃহৎ আর্থিক খাতে সাইবার হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিশ্বব্যাপী সাইবার সন্ত্রাস ছড়ানোই এসব হামলা পরিকল্পনার মূল উদ্দেশ্য।
ক্যাসপারস্কি ল্যাবের হিসাব অনুযায়ী, হ্যাকিং ও অপ্রত্যাশিত স্প্যামিংয়ের মতো সাইবার আক্রমণের কারণে সারা বিশ্বে আর্থিক খাতে প্রতিবছর ১০ হাজার কোটি ডলারের ক্ষতি হচ্ছে। এ ছাড়া ম্যালওয়্যার ছড়িয়ে ব্যাংকের এটিএম থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল এখন যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়াসহ বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা উদ্ঘাটনে গঠিত ফরেনসিক তদন্ত দলের অন্তর্বর্তী প্রতিবেদনেও বলা হয়েছে, শক্তিশালী ম্যালওয়ারের মাধ্যমেই পরিকল্পিতভাবে সাইবার আক্রমণটি চালানো হয়েছে।