আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়ে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক খাতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন বেড়েছে। ধারণা সূচকের ভিত্তিতে (পারসেপশন ইনডেক্স) বলা হচ্ছিল, দেশে ঘুষ-দুর্নীতি, অর্থ পাচার, অনিয়ম, ঋণ কেলেঙ্কারি বাড়ছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদন তথ্যেও এর প্রমাণ মিলছে।
বিগত ২০১৩-১৪ অর্থবছরে বিএফআইইউতে ৬১৯টি সন্দেহজনক লেনদেন প্রতিবেদন বা এসটিআর জমা হয়েছে আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ৪৮ শতাংশ বেশি।
এই ইউনিট থেকে গত অর্থবছর রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে সন্ত্রাসে অর্থায়ন, অর্থ পাচার, জালিয়াতিসহ ৭১টি অপরাধের তথ্য দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল সোমবার এ প্রতিবেদন প্রকাশ করেন। তবে প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের থাকতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংক পরে ২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উন্মোচনের ছবি সংবলিত একটি বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে পাঠায়।
অবশ্য যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও আর্থিক গোয়েন্দা ইউনিটের (এফআইইউ) উপপ্রধান ম. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগের চেয়ে রিপোর্টিং বেড়েছে। কেননা রিপোর্টিং এজেন্ট বেড়েছে। আগে শুধু ব্যাংকগুলো থেকে সন্দেহজনক লেনদেন প্রতিবেদন নেওয়া হতো। এখন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিকেও রিপোর্টিং এজেন্টের আওতায় আনা হয়েছে। তা ছাড়া নানাভাবে লেনদেন দেখার দক্ষতা বেড়েছে। আবার তদারকিও বাড়ানো হয়েছে। এসব কারণে সন্দেহজনক লেনদেন প্রতিবেদন জমার পরিমাণ বেড়েছে।’
ঘুষ-দুর্নীতি, জঙ্গি বা সন্ত্রাসে অর্থায়ন, মানব পাচার, চোরাচালান, মুদ্রা জাল করা থেকে যেকোনো অপরাধের মাধ্যমে অর্থ আয়, অর্থ পাচার ও বেআইনি কোনো লেনদেনকে সাধারণভাবে মানি লন্ডারিংয়ের আওতায় আনা হয়। এসব ক্ষেত্রে কোনো সন্দেহজনক লেনদেন হলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি বিএফআইইউতে রিপোর্ট করে। যাকে সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর) বলা হয়।
আবার ১০ লাখ টাকা বা তার বেশি যেকোনো ধরনের নগদ লেনদেন হলে তা নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) হিসেবে বিএফআইইউতে পাঠাতে হয়। তবে সন্দেহজনক মানেই অপরাধ সংঘটিত হয়েছে, এমনটা নয়। আর সিটিআর কোনো অপরাধ নয়। এর মধ্যে অপরাধ থাকতেও পারে।
সাম্প্রতিক সময়ে দেশ থেকে অর্থ পাচার বাড়ার বিষয়ে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি গত শনিবার দেশের সামষ্টিক অর্থনীতি বিষয়ে তাদের মূল্যায়ন তুলে ধরে। সংস্থাটি বলেছে, যে পরিমাণ বিদেশি বিনিয়োগ দেশে আসছে বলা হচ্ছে, তার চেয়ে বেশি দেশ থেকে পাচার হচ্ছে বলে অনুমান করা যায়।
আবার গত মাসে গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে বাংলাদেশ থেকে অন্তত ১৭৮ কোটি ডলার পাচার হয়েছে। আর ১০ বছরে (২০০৩-১২) পাচার হয়েছে ১ হাজার ৩১৬ কোটি ডলার।
বিএফআইইউ প্রতিবেদন তথ্যে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরে সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর) জমা হয়েছে ৬১৯টি। আগের অর্থবছরের চেয়ে যা ১৯৯টি বা ৪৭ দশমিক ৩৮ শতাংশ বেশি। ২০১২-১৩ অর্থবছরে ৪২০টি এসটিআর জমা হয়। যা ছিল তার আগের অর্থবছরের তুলনায় ২৪৫টি বা ১৪০ শতাংশ বেশি।
প্রতিবেদনের তথ্যে প্রকাশ, গত অর্থবছর দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও পুলিশকে বিএফআইইউ থেকে ৭১টি অপরাধের তথ্য সরবরাহ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫টি ছিল দুর্নীতিসংক্রান্ত। দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ প্রতারণাসংক্রান্ত, ১১টি। মানব পাচার নয়টি, আমদানিতে বেশি মূল্য দেখানো (ওভার ইনভয়েসিং) ও মুদ্রা চোরাচালান পাঁচটি করে, অবৈধ সম্পদ অর্জন, জালিয়াতি ও খুনসংক্রান্ত চারটি করে, জঙ্গি বা সন্ত্রাসে অর্থায়নসংক্রান্ত ৩টি, ঘুষ ও মাদকদ্রব্যের ব্যবসাসংক্রান্ত দুটি করে, চাঁদাবাজি একটি ও অন্যান্য আটটি অপরাধ রয়েছে।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১৩-১৪ অর্থবছরে মোট ৩২ লাখ ১ হাজার ৯২৯টি সিটিআর জমা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় যা ৩ লাখ ৫৬ হাজার ৪৫০টি বেশি। এর আগে ২০১২-১৩ অর্থবছরে ২৮ লাখ ৪৫ হাজার ৪৭৯টি সিটিআর হয়।