আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়ে গেছে। এক বছরের ব্যবধানে এ ধরনের লেনদেন ৫৪ শতাংশ বেড়ে গেছে। যার সিংহভাগ লেনদেনই হয়েছে ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

বিএফআইইউর সর্বশেষ প্রতিবেদনের হিসাব অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ‘সন্দেহজনক’ লেনদেনের বিষয়ে ১ হাজার ৬৮৭টি রিপোর্ট করেছে নিয়ন্ত্রক সংস্থার কাছে। এসব রিপোর্টের আওতায় প্রায় পৌনে ৩২ হাজার লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়। আগের অর্থবছর তথা ২০১৪-১৫ অর্থবছরে সন্দেহজনক লেনদেনের বিষয়ে ১ হাজার ৯৪টি রিপোর্ট করেছিল আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বিষয়ে রিপোর্টের সংখ্যা ৫৪ শতাংশ বা ৫৯৩টি বেড়েছে।

মুদ্রা পাচার প্রতিরোধ আইন অনুযায়ী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান কিছু অস্বাভাবিক লেনদেনকে ‘সন্দেহজনক’ লেনদেন হিসেবে চিহ্নিত করে বিএফআইইউকে নিয়মিতভাবে তালিকা প্রদান করে। তার ভিত্তিতে ওই লেনদেনের বিষয়ে অনুসন্ধান চালায় আর্থিক গোয়েন্দা ইউনিট। তবে সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত হওয়া সব লেনদেন যে অবৈধ বা বেআইনি হিসেবে শেষ পর্যন্ত চিহ্নিত হয়, তেমন নয়। 

বিএফআইইউর হিসাবে, ২০১৫-১৬ অর্থবছরে সন্দেহজনক লেনদেন বিষয়ে যে ১ হাজার ৬৮৭টি লেনদেনের রিপোর্ট করা হয়েছে, তার মধ্যে ১ হাজার ৫৪৭ বা প্রায় ৯২ শতাংশই ছিল ব্যাংকের। বাকি ৮ শতাংশ ছিল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানের।

বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৩ হাজার ৩৬ কোটি টাকার লেনদেনকে সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। যার মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেনের ঘটনা চিহ্নিত হয়েছে ২০১৫ সালের নভেম্বরে।