স্বাধীনতার ৪৪ বছরে দেশের আর্থিক খাত অনেক দূর এগিয়ে গেলেও এ খাতে দেশে-বিদেশে আলোচিত অনেক কেলেঙ্কারির ঘটনাও ঘটেছে এ সময়ের মধ্যে। স্বাধীনতার পর প্রায় দেড় দশক পর্যন্ত ব্যাংক খাতের কেলেঙ্কারির ঘটনাগুলো ছিল মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংককেন্দ্রিক। আশির দশকে বেসরকারি খাতের ব্যাংক চালুর পর এখানেও কেলেঙ্কারির ঘটনা ঘটে।
এ ছাড়া খেলাপি ঋণ ছিল ব্যাংকিং খাতের জন্য বরাবরই এক বিষফোড়া। শীর্ষ ঋণখেলাপিরা থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে।
হল-মার্ক কেলেঙ্কারি: এখন পর্যন্ত ব্যাংক খাতে অন্যতম বড় কেলেঙ্কারির ঘটনা হচ্ছে ‘হল-মার্ক কেলেঙ্কারি’। রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতির মাধ্যমে সাড়ে চার হাজার টাকা হাতিয়ে নেয় গ্রুপটি।
ওরিয়েন্টাল ব্যাংক: সাবেক ওরিয়েন্টাল ও বর্তমানে আইসিবি ইসলামিক ব্যাংকে ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে ২০০৬ সালে। ব্যাংকটির তৎকালীন উদ্যোক্তারা অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেন প্রায় ৬০০ কোটি টাকা। এ কারণে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এ কেলেঙ্কারির পর ব্যাংকটি পুনর্গঠন করতে হয়। বিক্রি করা হয় বিদেশি একটি ব্যবসায়ী গ্রুপের কাছে।
ওম প্রকাশ কাহিনি: ২০০২ সালে ওম প্রকাশ আগরওয়াল নামের এক ব্যবসায়ী জালিয়াতির মাধ্যমে পাঁচটি ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক ওই পাঁচ ব্যাংকের এমডিকে অপসারণ করেছিল।
বেসিক ব্যাংক: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকটিতে রাজনৈতিক বিবেচনায় চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় শেখ আবদুল হাই বাচ্চুকে। এরপর ব্যাংকটিতে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। এ কারণে একসময়কার লাভজনক ব্যাংকটি লোকসানে পড়ে। দেখা দেয় বড় ধরনের মূলধন ঘাটতি।
শেয়ারবাজারের দুই কেলেঙ্কারি: ১৯৯৬ ও ২০১০ সালে দুই দফায় শেয়ারবাজারে বড় ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটে। দুই কেলেঙ্কারির ঘটনা তদন্তে সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এর ভিত্তিতে ৯৬ সালের কেলেঙ্কারির ঘটনায় ১৫টি এবং ২০১০ সালের ঘটনায় দুটি মামলা করা হয়। এসব মামলায় অভিযুক্তদের বেশির ভাগের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম শুরু হলেও বেশির ভাগ মামলা উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত রয়েছে।