আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ এক বছরে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালের শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ছিল ১ হাজার ৯৭০ কোটি টাকা। ২০১৫ সাল শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার কোটি টাকা। এ ছাড়া ২০১৫ সালের চাপ সহনক্ষমতা বা স্ট্রেস টেস্টিংয়ে ১০টি আর্থিক প্রতিষ্ঠান রেড জোনে পড়েছে, যাদের সমস্যাগ্রস্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সাল শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ছিল ১ হাজার ৭৭০ কোটি টাকা। যা বিতরণ করা ঋণ ও লিজের ৫ দশমিক ৬ শতাংশ। ২০১৪ সাল শেষে তা বেড়ে হয় ১ হাজার ৯৭০ কোটি টাকা। যা বিতরণ করা ঋণ ও লিজের ৫ দশমিক ৩ শতাংশ। ২০১৫ সাল শেষে তা আরও বেড়ে ৪ হাজার কোটি টাকা হয়েছে, যা বিতরণ করা ঋণের ৮ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ, এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় দ্বিগুণ।
এদিকে, ২০১৫ সাল শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ‘স্ট্রেস টেস্টিং’ রেটিংয়ে প্রথম ধাপ, গ্রিন জোনে পড়েছে ৪টি প্রতিষ্ঠান, দ্বিতীয় ধাপ ইয়েলো জোনে পড়েছে ১৮টি প্রতিষ্ঠান এবং ১০টি আর্থিক প্রতিষ্ঠান পড়েছে রেড জোনে। সব ধরনের সক্ষমতা বিবেচনায় নিয়ে এ রেটিং করা হয়।
যদিও ২০১৪ সাল শেষে গ্রিন জোনে ছিল ৪টি, ইয়েলো জোনে ১৯টি ও রেড জোনে ছিল ৮টি আর্থিক প্রতিষ্ঠান। গত বছর শেষে ২টি প্রতিষ্ঠান নতুন করে রেড জোনে পড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ জুন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো কী মানের, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হয়। এর মাধ্যমে ব্যাংকগুলোর মতো এসব প্রতিষ্ঠানকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। রেটিংয়ের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে এ তালিকা প্রস্তুত হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানের সব ধরনের সক্ষমতা বিবেচনায় নিয়ে এ রেটিং করা হয়। এ রেটিংয়ের ওপর ভিত্তি করে নতুন সফটওয়্যারের মাধ্যমে তিনটি ক্যাটাগরিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ভাগ করা হচ্ছে। প্রথম তালিকার প্রতিষ্ঠানগুলো থাকছে সাধারণ ক্যাটাগরিতে। এরপরের ধাপের প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে দুর্বল ও তৃতীয় ধাপের প্রতিষ্ঠানগুলোকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানির (ইআইডিএফসি) ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ২০১৫ সালে ব্যবসার পরিস্থিতি ভালো ছিল না। এ ছাড়া আমাদের গ্রাহকেরা বেশির ভাগ এসএমই খাতের। তাঁদের এক ব্যবসা বন্ধ হয়ে গেলে ঋণ পরিশোধও বন্ধ হয়ে যায়। এ ছাড়া দুটি আর্থিক প্রতিষ্ঠানে অনিয়মের ফলে বড় অঙ্কের ঋণখেলাপি হয়ে পড়ে। এসব কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণ বেড়ে গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, তথ্য গোপন করে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) থেকে ৭০৯ কোটি টাকা ঋণ নেন মেজর (অব.) আবদুল মান্নান। পরে কেন্দ্রীয় ব্যাংক এসব ঋণ খেলাপি ঘোষণা করে প্রতিষ্ঠানটিতে পর্যবেক্ষক নিয়োগ দেয়। এ ছাড়া পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সেও বড় ধরনের অনিয়মের কারণে পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি প্রায় ৫০০ কোটি টাকার ঋণ খেলাপি করে দেয়। এসব কারণেই ২০১৫ সালে খেলাপি ঋণ বেড়েছে।