আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ৪৫১০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ তিন মাসে (মার্চ-জুন) বেড়েছে ৩৩০ কোটি টাকা। ফলে জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৪ হাজার ৫১০ কোটি টাকা।

এদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাপ সামলানোর সক্ষমতা পরীক্ষা বা স্ট্রেস টেস্টিং রেটিংয়ে ১৫ প্রতিষ্ঠান ‘রেড জোনে’ ঢুকেছে। সব ধরনের সক্ষমতা বিবেচনায় নিয়ে এ রেটিং করা হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী ২০১৪ সালের জুনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ছিল ১ হাজার ৮৫০ কোটি টাকা। ২০১৫ সালের জুনে তা বেড়ে হয় ৩ হাজার ১৬০ কোটি টাকা। চলতি বছরের জুনে তা আরও বেড়ে হয়েছে ৪ হাজার ৫১০ কোটি টাকা। গত মার্চে খেলাপি ঋণ ছিল ৪ হাজার ১৮০ কোটি টাকা।

হিসাবে দেখা যাচ্ছে, ২০১৪ সালের জুন থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছে ১ হাজার ৩১০ কোটি টাকা। ২০১৫ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছে ১ হাজার ৩৫০ কোটি টাকা।

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, তিনটি আর্থিক প্রতিষ্ঠানের বড় ধরনের অনিয়ম হয়েছে। এসব প্রতিষ্ঠানের পরিচালকেরাই নামে-বেনামে প্রতিষ্ঠান থেকে অর্থ বের করে নিয়েছেন। আবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কিছু কর্মকর্তা এসব প্রতিষ্ঠানের মালিকানা বদলে ভূমিকা রেখেছেন।

জানা গেছে, বিভিন্ন অনিয়মের কারণে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও ফার্স্ট ফিন্যান্সে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক পর্যায়ের তিন কর্মকর্তা এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভা, অডিট সভায় উপস্থিত থেকে পর্যবেক্ষণ করছেন। এর মধ্যে পিপলস লিজিংয়ে নিযুক্ত পর্যবেক্ষক বেশ কিছু ঋণের বিষয়ে আপত্তি তোলায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে এসব পর্যবেক্ষকও এখন সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না, যাতে বাড়ছে খেলাপি ঋণ।

যোগাযোগ করা হলে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মফিজউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, তিনটি আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। কেন্দ্রীয় ব্যাংক এসব ঋণ খেলাপি করে দিয়েছে। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে।

মফিজউদ্দিন সরকার বলেন, অন্য প্রতিষ্ঠানগুলোতেও খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। যেসব ঋণ পুনঃ তফসিল করা হয়েছিল, তার কয়েকটি খেলাপি হয়ে গেছে। ফলে সামগ্রিকভাবে খেলাপি ঋণ বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে স্ট্রেস টেস্টিংয়ে ১৫টি আর্থিক প্রতিষ্ঠান রেড জোনে পড়েছে, যাদের সমস্যাগ্রস্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া ‘ইয়েলো জোনে’ পড়েছে ১৩ আর্থিক প্রতিষ্ঠান ও ‘গ্রিন জোনে’ ৫ প্রতিষ্ঠান। গত মার্চে রেড জোনে ছিল ১১টি আর্থিক প্রতিষ্ঠান ও ডিসেম্বরে ১০ আর্থিক প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ জুন বাংলাদেশ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো কী মানের, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের জন্য বিশেষ সফটওয়্যার চালু করে। এর মাধ্যমে ব্যাংকগুলোর মতো এসব প্রতিষ্ঠান তিনটি ক্যাটাগরিতে ভাগ হয়। প্রথম তালিকার (গ্রিন জোন) প্রতিষ্ঠানগুলো থাকছে সাধারণ ক্যাটাগরিতে। এর পরের ধাপের প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে দুর্বল (ইয়েলো) ও তৃতীয় ধাপের প্রতিষ্ঠানগুলোকে সমস্যাগ্রস্ত (রেড জোন) হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, দু-একটা প্রতিষ্ঠানে ঋণের ক্ষেত্রে বেশ কিছু গরমিল হয়েছে। যেভাবে প্রতিষ্ঠানগুলো নিজেদের তদারকের মধ্যে রাখার প্রয়োজন ছিল, তা হয়নি। ফলে আমাদের পক্ষ থেকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হয়েছে।