চলতি ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব খাতে স্বচ্ছতার ন্যূনতম শর্ত পূরণেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। একই অবস্থা পাকিস্তানের। তবে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা শর্ত পূরণ করতে পেরেছে।
গত শুক্রবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে রাজস্ব খাতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদনে সরকারি আয়-ব্যয়ের হিসাব সময়মতো নিরীক্ষা না হওয়াকে আর্থিক অস্বচ্ছতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। ১৪০টি দেশের রাজস্ব ও আর্থিক খাতের স্বচ্ছতা মূল্যায়ন করা প্রতিবেদনটি বলছে, শর্ত পূরণে ব্যর্থ হয়েছে আরও ৬০টি দেশ।
প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, নিরীক্ষার দায়িত্বে থাকা সর্বোচ্চ প্রতিষ্ঠান সরকারের বার্ষিক আর্থিক প্রতিবেদন সময়মতো তৈরি করতে পারে না। বাংলাদেশের এ ধরনের সংস্থা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি)।
প্রতিবেদন তৈরিতে জন প্রাপ্যতা, বাজেটের তথ্যের নির্ভরযোগ্যতা, প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য সরকারের
বিভিন্ন চুক্তি ও নিবন্ধন (লাইসেন্স) দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা বিবেচনা করা হয়।
বাংলাদেশের বার্ষিক বাজেট সম্পর্কে বলা হয়েছে, বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বার্ষিক বরাদ্দ ও সম্ভাব্য আয়ের হিসাব শুধু মোটা দাগে দেওয়া থাকে।
নির্বাহী বিভাগের কার্যক্রম চালানোর জন্য অর্থের উৎস বাজেটে পরিষ্কার করে উল্লেখ না থাকার বিষয়টিও উঠে এসেছে এ প্রতিবেদনে। এ বিষয়ে বলা হয়েছে, সরকারের নির্বাহী বিভাগ কোন উৎস থেকে ব্যয় মেটায় তা বাজেটে উল্লেখ থাকে না।
আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে বাজেটের খাতওয়ারি বরাদ্দ ও আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশসহ নিরীক্ষা প্রতিবেদন যৌক্তিক সময়ে প্রকাশে সিএজিকে আরও কার্যকর হওয়ার তাগিদ দেওয়া হয় প্রতিবেদনে।
সাবেক সিএজি এম হাফিজ উদ্দিন খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের দপ্তর নিশ্চয়ই বুঝে-শুনেই প্রশ্ন তুলেছে। আর এটা তো সত্যি, বাজেটে নিরাপত্তা খাত বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর খাতওয়ারি ব্যয়ের পরিমাণ উল্লেখ থাকে না।’