রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক নিয়ে কর্মশালা হবে অথচ ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিয়ে কিছু বলা হবে না, ব্যাংকগুলোর রাজনীতিকরণ নিয়ে আলোচনা হবে না—তাহলে কর্মশালা করে কী লাভ হবে? এই প্রশ্নটা করাই যায়। কারণ সরকারি ব্যাংকগুলো যে ভালো চলছে না, এর বড় কারণ এটাই।
গত শনিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত পুরো কর্মশালায় মাত্র দুজন আলোচক ব্যাংকের পর্ষদ নিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু এ নিয়ে আর কোনো আলোচনা হয়নি। কর্মশালা উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি অবস্থানপত্র তৈরি করে। সেখানে সরকারি ব্যাংকগুলোর ভালো-মন্দ নিয়ে নানা কথা থাকলেও পরিচালনা পর্ষদ নিয়ে কোনো বাক্য ছিল না। অথচ অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকাররা প্রায় সবাই মনে করেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পর্ষদ ও এর নিয়োগপ্রক্রিয়া।
দেশের সরকারি ব্যাংকগুলো কোনো সময়ই খুব ভালোভাবে চলেনি। শুরু থেকেই রাজনৈতিক বিবেচনায় এসব ব্যাংক পরিচালনা করা হয়েছে। এতে ব্যাংকগুলোর পরিস্থিতি ক্রমেই খারাপ হয়। তবে মাঝে কিছু ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। বিশেষ করে ২০০৬ সালের পর থেকে। কিন্তু পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করে ২০০৯ সালের পর। এ জন্য মূলত দায়ী পর্ষদ সদস্যরাই। সরকার এই পর্ষদ নিয়োগ দেয় অনেকটাই রাজনৈতিক বিবেচনায়। দলের নেতা ও কর্মীদেরই নিয়োগ দেওয়া হয় পর্ষদ সদস্য হিসেবে।
বেসিক ব্যাংক কেলেঙ্কারির জন্য ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যানকেই দায়ী করা হয়। হল-মার্ক কেলেঙ্কারিতেও পর্ষদ সদস্যের কেউ কেউ সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর বাইরে বিসমিল্লাহ গ্রুপসহ আরও বেশ কিছু কেলেঙ্কারির দায়ও নিতে হবে পর্ষদকেই। অথচ পুরো কর্মশালায় আলোচনার বাইরে রাখা হলো পর্ষদের ভূমিকা ও পর্ষদ নিয়োগের প্রক্রিয়া নিয়ে। সরকারি ব্যাংকগুলোতে সুশাসনের অভাব যে প্রকট, তার উৎপত্তি এই পর্ষদের ভূমিকা ও তাদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া থেকেই।
শুরুটা কিন্তু ভালোই ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১২ এপ্রিল রাষ্ট্রমালিকানাধীন তিন ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে আরও বেশি কার্যকর, দক্ষ ও পেশাভিত্তিক করতে একটি প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, আর্থিক বাজার, মুদ্রানীতি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তি, সাবেক ব্যাংকার, আইনজ্ঞ, বেসরকারি খাতের ব্যবসায়ী প্রতিনিধি এবং কমপক্ষে একজন নারী পেশাজীবী নিয়োগের কথা বলা হয়। অথচ এর কিছুদিন পরই সরকার যাঁদের পরিচালনা পর্ষদের সদস্য পদে নিয়োগ দেন, তাঁদের বড় অংশই ছিল দলীয় কর্মী ও সমর্থক। এর ফলাফল ছিল ব্যাংক খাতে একের পর এক কেলেঙ্কারি।
পরিস্থিতি কতটা খারাপ ছিল তা একটি চিঠি থেকেই পরিষ্কার। ২০১১ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে অর্থমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান পর্ষদ পরিবর্তনের সুপারিশ করেছিলেন। চিঠিতে লেখা ছিল, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে সুশাসনের অভাব প্রকট। পর্ষদ যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। ব্যাংকের দৈনন্দিন কর্মকাণ্ড, যেমন ঋণ অনুমোদন, বদলি ও পদোন্নতি, ইত্যাদিতে পর্ষদ সদস্যরা সরাসরি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার করছেন। বাংলাদেশ ব্যাংকে সেই চিঠি আমলে নেওয়া হলে বেসিক ব্যাংক কেলেঙ্কারির মতো ঘটনা হয়তো এড়ানো যেত।
সামগ্রিকভাবে বলা যায়, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো কীভাবে চলবে, নজরদারি কে করবে, পর্ষদ কার কাছে দায়বদ্ধ থাকবে, পর্ষদ সদস্যরা কারা হবেন, নিয়োগের প্রক্রিয়া কী হবে—এসব প্রশ্নের সমাধান করতে না পারলে সরকারি ব্যাংকগুলো কখনোই ভালো চলবে না।
আর শেষ কথাটা হচ্ছে, সরকারি ব্যাংক দেখভাল করার জন্য বাংলাদেশ ব্যাংকই যথেষ্ট, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো দরকারই নেই।