আসুন, নির্ভরশীলদের সেরা তালিকাটি তৈরি করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


কৌতুকটা নেটে পাওয়া। পাকিস্তানের এক নাগরিকের অভিযোগ: ‘আমার আয়কর বিবরণী গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দিয়েছে আয়কর বিভাগ। কারণ, সেখানে একটা প্রশ্ন ছিল—“আপনার ওপর নির্ভরশীল কতজন?”। আমি উত্তরে লিখেছিলাম, “দেশের ৮৫ শতাংশ মানুষ, যারা আয়কর দেয় না; ২ কোটি ১০ লাখ অবৈধ আফগান অভিবাসী; ৯ লাখ অপরাধী, যারা দেশের ১ হাজার ৩৮২টি কারাগারে আছে; আর সবার ওপরে আছেন সংসদে আসীন ৫০০ নির্বোধ”। এখন আয়কর বিভাগ জানিয়েছে যে আমার এই উত্তর গ্রহণযোগ্য নয়। কিন্তু আমি এখনো ভেবেই পাচ্ছি না আসলে কারা কারা বাদ পড়ল।’

আগেই বলেছি, গল্পটা পাকিস্তানের। তবে চাইলেই এটিকে দেশীয় সংস্করণ করা যায়। পাশাপাশি ওই নাগরিকটির মতো বিস্ময় নিয়ে প্রশ্ন করা যায়, ‘তাহলে, কে বা কারা কারা বাদ পড়ল?’

১. বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৬৭ লাখের কিছু বেশি হবে। সর্বশেষ হিসাবটি ছিল গত জুন পর্যন্ত। এ সময় টিআইএনধারী ছিল ৬২ লাখ ৭৭ হাজার ৭৬০। ধারণা করা হয়, এ সংখ্যা বেড়ে এখন ৬৭ লাখ ছাড়িয়ে গেছে। তবে এর মধ্যে প্রায় ৪০ লাখই এবার আয়কর বিবরণী দেননি। বলা যায়, আয়কর দিয়েছেন এমন নাগরিকের সংখ্যা ২৫ থেকে ২৭ লাখের মতো হবে। এই হিসেবে দেশের ১ শতাংশ মানুষও আয়কর দেন না।

যাঁরা আয়কর দেন, তাঁদের মধ্যে প্রায় ১০ লাখই চাকরিজীবী। এর মধ্যে আবার ৭-৮ লাখ সরকারি কর্মকর্তা, যাঁদের মাসের বেতন-ভাতা প্রদানের সময় ‘পে রোল ট্যাক্স’ হিসেবে আয়কর কেটে রাখা হয়।

আয়কর প্রত্যক্ষ করের অংশ। দেশের বড় দুর্বলতা হচ্ছে, প্রত্যক্ষ করের বড় অংশই আদায় হয় উৎসে, যা ৬০ শতাংশের বেশি। এরপরই আছে অগ্রিম আয়কর, প্রায় ২৪ শতাংশ। রিটার্নের ভিত্তিতে আয়কর আদায় হয় ৮ শতাংশের কিছু বেশি, প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আদায় প্রায় ৩ শতাংশ, আর কোম্পানি ব্যতীত আদায় প্রায় ২ শতাংশ।

এনবিআর বলছে, উৎসে আদায়ের মধ্যে সবচেয়ে বেশি আসে ঠিকাদারদের কাছ থেকে। বিল দেওয়ার সময়েই এই কর কেটে রাখা হয়। এরপরই আছে যথাক্রমে আমদানিকারক, সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ থেকে প্রাপ্তি, সম্পত্তি হস্তান্তর খাত, রপ্তানি, বেতন এবং লভ্যাংশ।

সম্ভবত বাংলাদেশই এখন পৃথিবীর একমাত্র দেশ, যেখানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির সঙ্গে জিডিপি-কর অনুপাতের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। অর্থাৎ প্রবৃদ্ধি বাড়লেও কর-জিডিপি অনুপাতের তেমন কোনো নড়াচড়া নেই। গত ২০ বছরে জিডিপি প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে, অথচ কর-জিডিপি অনুপাত সেই ১০ শতাংশের মধ্যেই থেকে গেছে।

সুতরাং এই কর না দেওয়া মানুষগুলোই তো আসলে আমার-আপনার ওপরেই নির্ভরশীল।

২. অবশ্য কর না দিলেও সাধারণ মানুষকে ব্যয় ঠিকই করতে হচ্ছে। দেশে একদল আছেন, কর না দেওয়ার জন্য যাঁরা বিভিন্ন জায়গায় ঘুষ দেন। আর আরেক দলকে সরকারের যেকোনো সেবা পেতেই ঘুষ দিতে হয়। অর্থাৎ সাধারণ মানুষ একভাবে কর দেন ঠিকই, তবে তা সরকারি কোষাগারে জমা না হয়ে কিছু সরকারি কর্মকর্তার পকেট ভারী হয়। আর এসব কারণেই ভূমি অফিসের সামান্য অফিস সহকারীর ড্রয়ারই তিন লাখের বেশি টাকা পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেই অর্থে যারা সাধারণ মানুষের করের টাকায় বেতন পেয়েও ঘুষ ছাড়া ফাইল ছাড়েন না, তারাও তো আমার-আপনার ওপরই নির্ভরশীল। এরা ঘুষও খান, আবার ‘স্যার’ না বললে অভিমানও করেন। সব মিলিয়ে মোটা দাগে বলা যায়, দেশের ১০ লাখের বেশি যে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, তাঁরাও আসলে আমার-আপনার ওপরই নির্ভরশীল।

আবার যাঁরা গুম–নির্যাতন করেন, তাঁদেরও এই তালিকায় রাখা যায়।

৩. এবার অবৈধ আফগান নাগরিকদের বদলে রোহিঙ্গা শরণার্থী কথাটা লিখে ফেলুন। সংখ্যাটা এখন ১১ লাখের বেশি। কক্সবাজারসহ দেশের আর্থসামাজিক পরিস্থিতি, পরিবেশ বিনষ্ট ও অপরাধ বিস্তারে রোহিঙ্গাদের ভূমিকা নিয়ে লম্বা রচনা লেখা যায়। তবে আপাতত এরাও যে আমার-আপনার নির্ভরশীল, তা অনায়াসে বলা যায়।

৪. আয়কর বিবরণী এই কৌতুকটা বিশ্বব্যাপী খুবই ব্যবহৃত। মূল কৌতুক থেকে সবাই যে যার মতো করে দেশীয়করণ করেছেন। যেমন ইউরোপে প্রচলিত কৌতুকটিতে নির্ভরশীল হিসাবে সংসদে আসীন ৬৫০ জনের কথা বলা আছে। বাংলাদেশীকরণ করতে চাইলে সেটা আপনার ইচ্ছা। তা ছাড়া মন্ত্রী বা সাংসদ ছাড়াও দেশের মেয়র ও কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সদস্যদের মধ্যে কারও কারও যেসব কাণ্ডকীর্তির কথা জানা যায়, তাতে সংখ্যাটা চূড়ান্ত করা একটু কঠিন। আবার যে হারে তাঁরা নিজেদের বেতন-ভাতা বাড়ান, তাতে নির্ভরশীলতার গভীরতা পরিমাপ করাও বেশ কঠিন।

৫. নির্ভরশীলদের মধ্যে উপকারীরাও আছেন। যেমন নির্বাচন কমিশন। আমার-আপনার ভোট দেওয়ার কষ্টটা লাঘব হয়েছে তাদের জন্যই। দিনের ভোট রাতে করার জন্য অন্তত তাদের রাত জাগতে হয়েছিল। সে কষ্টটাও তারা করেছে। সুতরাং অনেক দিক থেকেই প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের ওপর অনেক ঋণ। সুতরাং আমার-আপনার করের টাকায় নানা ধরনের সুযোগ-সুবিধা তাঁরা নিতেই পারেন। তবে দুঃখের কথা হচ্ছে, বর্তমান কমিশনের মেয়াদ প্রায় শেষ। তবে এই কমিশনের কথা যে জাতি আজীবন স্মরণে রাখবে, তা বলায় বাহুল্য।
নতুন নির্বাচন কমিশন নিয়োগের জন্য আইন সংশোধন হয়েছে। ফলে শিগগিরই আমার-আপনার ওপর নির্ভরশীল নতুন আরও পাঁচজন কিন্তু আসছেন।

৬. আগেই বলা হয়েছে যে কৌতুকটি নানা দেশে প্রচলিত আছে। আর সব দেশের তালিকাই প্রায় এক, সংখ্যার হেরফের আছে মাত্র। তবে বাংলাদেশীকরণ করলে এমন একটি তালিকা করা যায়, যা অন্য কোনো দেশের পক্ষেই সম্ভব নয়।

শুরুতে অবশ্য মনে হয়েছিল আপাতত সেই তালিকায় একটি নামই থাকুক। পরে অবশ্য দেখা গেল তালিকায় আসবে আরও ৩৪ জন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য এই ৩৪ উপাচার্য বা ভিসিরা বলেছেন, আন্দোলনের মুখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসিকে চলে যেতে হলে তাঁরাও পদত্যাগ করতে ইচ্ছুক।

সুতরাং আমার-আপনার ওপর নির্ভরশীল ৩৪ ভিসি। এখন আপনারাই বলুন, এই তালিকা কি অন্য কোনো দেশের পক্ষে করা সম্ভব?