
সারা বিশ্বের ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত নিয়োগকারী প্রতিষ্ঠান হলো ইউনিলিভার। আর সব ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে এ মানদণ্ডে তৃতীয় স্থানে রয়েছে বহুজাতিক এই কোম্পানি।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিংকডইন পরিচালিত এক সমীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমীক্ষার ফলাফলের তথ্য দিয়েছে ইউনিলিভার।
প্রতিবছর লিংকডইনের ইন-ডিমান্ড সূচকের জন্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা ২৩ কোটি ৮০ লাখের বেশি ব্যবহারকারীর কার্যক্রম নিরীক্ষা করে শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে। এ তালিকায় শীর্ষে রয়েছে গুগল। এরপরের স্থানে অ্যাপল। তৃতীয় স্থানেই রয়েছে ইউনিলিভার। পরের দুটি স্থানে যথাক্রমে মাইক্রোসফট ও ফেসবুক।
এ প্রসঙ্গে ইউনিলিভারের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ডাগ বেইলি বলেন, ‘এটা জেনে আমরা সত্যিই গর্বিত যে, বিশ্বজুড়ে এত বিপুলসংখ্যক নারী ও পুরুষ আমাদের প্রতিষ্ঠানের অংশ হতে ইচ্ছা পোষণ করেন। এটি আমাদের কাজের সংস্কৃতি, মূল্যবোধ ও মেধাবী কর্মীদের পরিচয় বহন করে।’