ইন্টারনেট দুনিয়ায় এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী সারা বিশ্বে ৪২০ কোটি লোকের ইন্টারনেট সংযোগ আছে। আর ইন্টারনেটবঞ্চিত মানুষের সংখ্যা ৩২০ কোটি। যাঁরা ইন্টারনেট সুবিধা পান, তাঁরা এটিকে কী কাজে ব্যবহার করেন, সে-বিষয়ক একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১৬: ডিজিটাল ডিভিডেন্ডস’ শীর্ষক প্রতিবেদনে।
এতে একটি সাধারণ দিনে ইন্টারনেটে কত তথ্য-উপাত্ত তৈরি হয়, কত লেনদেন হয়—এমন বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে প্রতিদিন এখন ২০ হাজার ৭০০ কোটি ই-মেইল বার্তা পাঠানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে এখন এক দিনে ৪২০ কোটি বিভিন্ন বিষয়ের খোঁজ করেন ইন্টারনেট ব্যবহারকারীরা। গুগল ছাড়া এত বিষয়ের খোঁজ অন্য কোনো উপায়ে করা যে অনেকটা অসম্ভব, সেটিও বলা হয়েছে। ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবে ভিডিও দেখার সংখ্যাটাও কম নয়। ইউটিউবে প্রতিদিন গড়ে ৮৮০ কোটি ভিডিও দেখেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
ইন্টারনেটে প্রতিদিন এখন যে পরিমাণ তথ্যের আদান-প্রদান হয়, গিগাবাইটের হিসাবে সেটিও বেশ অবিশ্বাস্য। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ইন্টারনেটে প্রতিদিন ওয়েব ট্রাফিকের পরিমাণ ২৩০ কোটি গিগাবাইট। ছবি শেয়ারের জনপ্রিয় ওয়েবসাইট ইনস্টাগ্রামে দিনে ১৮ কোটি ৬০ লাখ ছবি দেওয়া হয়। একইভাবে টুইটারে প্রতিদিন ৮০ কোটি ৩০ লাখ টুইট করেন ইন্টারনেট ব্যবহারকারীরা। একইভাবে স্কাইপিতে প্রতিদিন ১৫ কোটি ২০ লাখ কল করা হয়। অনলাইনভিত্তিক কেনাকাটার জনপ্রিয় ওয়েবসাইট আমাজনে দিনে ৩ কোটি ৬০ লাখ লেনদেন সম্পন্ন হয়।