ইপিজেডগুলোতে কর্মসংস্থানে দ্বিগুণ প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোতে (ইপিজেড) ২০১৪-১৫ অর্থবছরে কর্মসংস্থানে আগের অর্থবছরের তুলনায় দ্বিগুণের বেশি প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন আটটি ইপিজেডে আলোচ্য বছরে নতুন কর্মসংস্থান হয়েছে ৩১ হাজার ৮৪ জন বাংলাদেশি নাগরিকের। এই সংখ্যা আগের ২০১৩-১৪ অর্থবছরের ১৫ হাজার লোকের চেয়ে ১০৭ শতাংশ বেশি। বেপজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
আলোচ্য অর্থবছরে চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ৯ হাজার ১৬৭ জন, চট্টগ্রাম ইপিজেডে ৮ হাজার ১৯৪ জন, কুমিল্লা ইপিজেডে ৫ হাজার ৩৪৭ জন, উত্তরা ইপিজেডে ৪ হাজার ৮৬৪ জন, আদমজী ইপিজেডে ৪ হাজার ৮৪ জন, ঈশ্বরদী ইপিজেডে ১ হাজার ১২৯ জন এবং মংলা ইপিজেডে ১৮২ জন লোকের কর্মসংস্থান হয়েছে। ইপিজেডগুলোতে এর আগের অর্থবছরে কর্মসংস্থান ছিল যথাক্রমে কর্ণফুলী ইপিজেড ৬ হাজার ৫৭৫ জন, আদমজী ইপিজেড ৫ হাজার ১৩৩, উত্তরা ইপিজেড ২ হাজার ৪৬০ জন, কুমিল্লা ইপিজেড ১ হাজার ৭৬১, ঈশ্বরদী ইপিজেড ১ হাজার ১২৩ এবং ঢাকা ইপিজেড ৪৮৮ জন।
বেপজার অধীন আটটি ইপিজেডে গত জুন পর্যন্ত সার্বিকভাবে কর্মসংস্থান হয়েছে ৪ লাখ ২০ হাজার ১০১ জনের। আগের বছরের জুনে এই সংখ্যা ছিল ৩ লাখ ৮৯ হাজার।