ঈদ উপলক্ষে নানা ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ এলেই বাড়ে কেনাকাটা। ছুটি মেলে, তাই বেড়াতেও যায় অনেকে। সেটা দেশের ভেতরে ও বিদেশে। ক্রেডিট কার্ড গ্রাহকদের ঈদ আনন্দে বাড়তি আনন্দ যোগ করতে দেওয়া হয় নানা ছাড়। কেনাকাটায় যেমন ছাড় মেলে, তেমনি ঘুরতে গেলে হোটেল ভাড়াতেও মেলে ছাড়। নতুন গ্রাহক ধরতে ও পুরোনো গ্রাহকদের খুশি রাখতে ব্যাংকগুলো এ উদ্যোগ নেয়। ফলে ঈদ পার্বণকেন্দ্রিক ব্যাংকগুলোর কার্ড ব্যবসাও কিছুটা ভালো চলে।

এবারের আসন্ন কোরবানির ঈদ সামনে রেখেও ব্যাংকগুলো নানা সুবিধা দিচ্ছে গ্রাহকদের। কার্ডের মাধ্যমে নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহকেরা। অনেক ক্ষেত্রে কার্ডের মাধ্যমে কেনাকাটায় এক বছর পর্যন্ত বিনা সুদে টাকা পরিশোধের সুযোগ মিলছে।

গত সপ্তাহে রাজধানীর গুলশানের আগোরা সুপার স্টোরে কথা হয় বেসরকারি সংস্থায় কর্মরত রোখসানা পারভিনের সঙ্গে। প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা সারছেন তিনি। রোখসানা বলেন, ‘কার্ড দিয়ে কেনাকাটায় মূল্যছাড় পাওয়া যাচ্ছে, এমন শোরুমেই ঢুঁ মারছি বেশি। এর মাধ্যমে খরচ একটু হলেও কমছে।’

ঈদ সামনে রেখে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা আগোরা ও ওয়ান স্টপ সুপার স্টোরে কেনাকাটায় পাচ্ছেন ১৫ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া পোশাক কেনাকাটায় মেনজ ক্লাব, প্রিয়সহ ১২টি ফ্যাশন হাউসে কেনাকাটায় মিলছে ৮-২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ঈদের জন্য ওশান প্যারাডাইস, দ্য প্যালেস, রয়্যাল টিউলিপ, হোটেল আগ্রাবাদসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৯টি হোটেলের ভাড়ায় দেওয়া হয়েছে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। আমিন জুয়েলার্স, গোল্ড গ্যালারি, গীতাঞ্জলিসহ ৬টি স্বর্ণের দোকানে মিলছে ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া একটি খাবার কিনলে একটি বিনা মূল্যে পাওয়া যাচ্ছে লা মেরিডিয়ান, ওয়েস্টিন, সারিনাসহ ৬টি তারকা হোটেলে।

ব্যাংকটির কার্ড বিভাগের প্রধান আমির হোসেন মজুমদার বলেন, ‘এটা গ্রাহকদের জন্য আমাদের ঈদ উপহার। বছর ধরে যাঁরা আমাদের সঙ্গে থাকছেন, তাঁদের একটু বাড়তি সুবিধা দিতেই এ আয়োজন।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় এসিআই ইলেকট্রনিক, বেস্ট ইলেকট্রনিক, এলজি, ট্রান্সকম ডিজিটাল, ওয়ালটন, সিঙ্গারসহ ১৬টি ইলেকট্রনিক শোরুমে মিলছে বিনা সুদে এক বছর পর্যন্ত টাকা পরিশোধের সুযোগ।

ইস্টার্ণ ব্যাংক স্বপ্ন ও আড়ংয়ের সঙ্গে নিয়ে এসেছে গ্রোসারি ক্রেডিট কার্ড। এর মাধ্যমে মিলছে আড়াই শতাংশ নগদ ছাড়সহ নানা সুযোগ।

ব্র্যাক ব্যাংকও বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক শোরুম থেকে ফ্রিজ কেনাকাটায় দিচ্ছে এক বছর পর্যন্ত বিনা সুদে টাকা পরিশোধের সুযোগ।

জানতে চাইলে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন বলেন, ‘গ্রাহকদের আরও বেশি সহায়তা করতেই আমাদের নানা উদ্যোগ। এর ফলে নগদ লেনদেন কমে গিয়ে কার্ডভিত্তিক সেবার বিকাশ ঘটবে। যাতে করে লেনদেন দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।’