উচ্চ করহার আইসিটি খাতকে পিছিয়ে দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সাধারণ মুঠোফোন, স্মার্টফোন, কম্পিউটারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) পণ্যের বাজার সম্পূর্ণ আমদানিনির্ভর। এসব পণ্যের আমদানি শুল্ক এ দেশে গড়ে ৫৮ শতাংশ, যা বিশ্বের ১২৫টি দেশের মধ্যে সর্বোচ্চ। উচ্চ আমদানি করের কারণে আইসিটিভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহারে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে।
এমন তথ্যই উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) করা এক গবেষণায়। রাজধানীর গুলশানের আমারি হোটেলে গতকাল বুধবার আয়োজিত এক সেমিনারে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। পিআরআই চেয়ারম্যান জায়েদী সাত্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।
সেমিনারে উপস্থাপিত প্রথম প্রবন্ধটির বিষয় ছিল ‘বাংলাদেশের আইসিটি খাতের অগ্রযাত্রা শক্তিশালীকরণ’। উপস্থাপন করেন পিআরআই ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ।
এতে বলা হয়, আইসিটিভিত্তিক পণ্যের আমদানি শুল্ক বাংলাদেশের মতো বেশি আর কোনো দেশে নেই। ১২৫টি দেশে আইসিটি পণ্য আমদানির কর ৫ শতাংশ থেকে ২০ শতাংশ হয়ে থাকে। এ তালিকায় বাংলাদেশের পরে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে থাকা তুরস্কের করের হার ২৬ শতাংশ, যা বাংলাদেশের আমদানি করের অর্ধেকেরও কম।
সেমিনারে ‘মুঠোফোন খাতের কর’ নিয়ে দ্বিতীয় গবেষণা প্রবন্ধটি উপস্থাপন করেন জিএসএম প্রযুক্তিভিত্তিক মোবাইল অপারেটরদের আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ-এর হেনরি পার্কার।
পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলো উচ্চ কর দিলেও তাদের ওপর অতিরিক্ত কর চাপানো হচ্ছে।’ তিনি আরও বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানের কোম্পানি কর ও সাধারণ তালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য অনেক বেশি। এ জন্য অন্য টেলিযোগাযোগ কোম্পানিগুলো শেয়ারবাজারে আসতে চাচ্ছে না।
মসিউর রহমান বলেন, ‘কর আদায় একটি জটিল প্রক্রিয়া। কর আদায়কারী সংস্থার প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে অনেকে এ দেশে কর ফাঁকি দেওয়ার সুযোগ পায়, আবার নিয়মিত করদাতাদের উল্টো বেশি কর দিতে হয়।’