উন্নত গবেষণার জন্য চাই শক্তিশালী তথ্যভান্ডার

অর্থনৈতিক গবেষণাকে সমৃদ্ধ ও অর্থবহ করতে শক্তিশালী তথ্যভান্ডারের ওপর জোর দিয়েছেন প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নূরুল ইসলাম। পাশাপাশি তিনি বাংলাদেশের গবেষণাপ্রতিষ্ঠানগুলোর তথ্যভান্ডার গড়ে তোলা, সাম্প্রতিক বছরগুলোয় সম্পন্ন হওয়া গবেষণাকর্মগুলো শ্রেণিবিন্যাস করা এবং বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণকারীদের তালিকা সংরক্ষণেরও পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ইকোনমিস্ট ফোরামের (বিবিএফ) যৌথ উদ্যোগে গতকাল শনিবার বাংলাদেশ অর্থনৈতিক গবেষণার চ্যালেঞ্জবিষয়ক এক কর্মশালায় নূরুল ইসলাম এসব পরামর্শ দেন। এতে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সাবেক অর্থমন্ত্রী এম সাঈদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দেশের উন্নয়ন ধারায় কাজে লাগে, এই বিবেচনায় অধ্যাপক নূরুল ইসলাম তৈরি পোশাক ও প্রবাসী-আয় নিয়ে বিভিন্ন আঙ্গিকে গবেষণার পরামর্শ দেন। তিনি বলেন, এই দুটি খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। পোশাক খাতের নিরাপত্তাজনিত দিক নিয়ে ইদানীং কিছু গবেষণা হলেও এই খাতের ভর্তুকি ও সরকারি প্রণোদনা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন।
নূরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ চাল রপ্তানি করতে চায়। তবে চালের বিশ্ববাজার খুবই বহুমুখী। কাজেই এ নিয়ে নিবিড় গবেষণা প্রয়োজন। তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, অকৃষি খাত, সামাজিক অসমতা ও শিক্ষার মান নিয়ে গবেষণার ওপরও গুরুত্বারোপ করেন।
কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মহিউদ্দীন আলমগীর প্রমুখ।
কর্মশালায় বলা হয়, ভালো গবেষণার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সঠিক বিষয় নির্বাচন। দেশীয় বিশেষজ্ঞ ও গবেষকদের সঙ্গে প্রবাসে কর্মরত বাংলাদেশি গবেষক ও বিশেষজ্ঞদের নিয়মিত যোগাযোগ রক্ষা করারও পরামর্শ দেওয়া হয়।
বিবিএফের প্রথম সম্মেলনের সূত্র ধরে এই কর্মশালার আয়োজন করা হয়। চলতি বছর জুন মাসে ঢাকায় দুই দিনের বিবিএফ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।