উন্নয়নশীল দেশে প্রবাস-আয়ের প্রবৃদ্ধি কমবে
বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর প্রবাস-আয় বা রেমিট্যান্স প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বহুজাতিক দাতা সংস্থাটি বলছে, ২০১৫ সালে প্রবাস-আয়ের প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে শূন্য দশমিক ৪ শতাংশ কমতে পারে। তবে ২০১৬-১৭ সালে উন্নয়নশীল দেশগুলোর প্রবাস-আয়ের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ ছাড়িয়ে যাবে বলেও সংস্থাটি মনে করছে।
২০১৫ সালে প্রবাস-আয় প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে, বিশ্বের যেসব উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবাস-আয় প্রেরণ করা হয়, সেসব উন্নত দেশের অর্থনীতি এখন দুর্বল অবস্থায় রয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘অভিবাসন ও প্রবাস-আয়ের সাম্প্রতিক পরিস্থিতি’ শীর্ষক এক প্রতিবেদনে এসব পূর্বাভাস তুলে ধরা হয়। অভিবাসন ও প্রবাস-আয় বিষয়ক নীতি গবেষণা প্রতিষ্ঠান দ্য গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (কেএনওএমএডি) ও বিশ্বব্যাংক গ্রুপের পারস্পরিক সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছে জার্মানভিত্তিক জিআইজেড, সুইডেনভিত্তিক এসডিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ৮ এপ্রিল—এ সময়ে প্রায় ৩৩ কোটি মার্কিন ডলার বা ২ হাজার ৬৪০ কোটি টাকা প্রবাস-আয় দেশে এসেছে, যার সিংহভাগই এসেছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর হাত ধরে। ৩৩ কোটি ডলারের প্রবাস-আয়ের মধ্যে প্রায় ২২ কোটি ডলারই এসেছে ৩৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। ১০ কোটি ডলার এনেছে রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক। বাকি বিশেষায়িত ও বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলো মিলে এক কোটি ডলার প্রবাস-আয় দেশে এনেছে।
বিশ্বব্যাংক ও কেএনওএমএডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাস-আয়ের ওপর ভর করে ২০১৪ সালে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ ছাড়িয়েছিল। প্রতিবেদনে ২০১৬ সালে প্রবাস-আয় প্রবৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, ওই বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রবাস-আয় প্রবৃদ্ধির হতে পারে ৪ দশমিক ৬ শতাংশ। ২০১৮ সালে গিয়ে যা ৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।