উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহারুল হক
আজহারুল হক
>
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি এবং মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী এবং বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতির সাবেক সভাপতি আজহারুল হক। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ ও শুভংকর কর্মকার ।

উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন

প্রথম আলো: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তো নির্বাচনের আগে আপনাদের ব্যবসা কেমন যাচ্ছে?
আজহারুল হক: বিজয় দিবসকে ঘিরে লাল-সবুজ পোশাকের ব্যবসা অন্যবারের মতোই হয়েছে। তবে সামগ্রিকভাবে নির্বাচনের আগে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। কারণ, ভবিষ্যতে কারা সরকার গঠন করবে, পরিবর্তন হবে কি হবে না ইত্যাদি বিষয় নিয়ে সবাই শঙ্কার মধ্যে আছেন। তা ছাড়া, নির্বাচনের আগে ও পরে সহিংসতা হতে পারে—এমন উদ্বেগও অনেকের মধ্যে ভর করেছে। তবে নির্বাচন ভালোভাবে হয়ে গেলে ব্যবসা ভালো হবে বলে আমরা প্রত্যাশা করছি।

প্রথম আলো: ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যাপক সহিংসতা হয়েছিল। সে তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো। তা ছাড়া, নির্বাচনে প্রচুর টাকা ব্যয় করেন প্রার্থীরা। সেই অর্থ কি পোশাক কেনায় ব্যয় করেন না কেউ?
আজহারুল হক: অবশ্যই ২০১৪ সালের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো। মানুষ এখন নির্বাচনমুখী। সে জন্য অনেক মানুষের ব্যস্ততা সেই দিকে বেড়েছে। অনেকে নির্বাচনের কাজে ঢাকার বাইরেও চলে গেছেন। সব মিলিয়ে ব্যবসায় কিছুটা মন্দাভাব আছে। নির্বাচনে প্রার্থীরা প্রচুর টাকা খরচ করেন, কথাটি সত্য। তবে ১০-১৫ বছর আগেও অনেক প্রার্থী এলাকার দরিদ্র মানুষজনকে শাড়ি–লুঙ্গি উপহার দিতেন। এখন সেটি কমে গেছে। শাড়ি–লুঙ্গির জায়গা দখল করেছে নগদ টাকা। এটিও বাস্তবতা। ফলে নির্বাচনী ব্যবসা বর্তমানে আর নেই।

প্রথম আলো: আগামী মাসে নতুন সরকার গঠিত হবে। সেই সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কী থাকবে?
আজহারুল হক: দেশের সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তা ছাড়া, আমরা যাঁরা খুচরা পর্যায়ে ব্যবসা করি, তাঁদের জন্যও সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার, সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। কারণ, রাজনৈতিক অবস্থা ভালো না থাকলে খুচরা বিক্রিতে খুবই সমস্যা হয়। সে জন্য নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, তারা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। আরও প্রত্যাশা থাকবে, আগামী সরকার নতুন ভ্যাট আইন নিয়ে আরও চিন্তাভাবনা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নতুন ভ্যাট আইনের জন্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্রস্তুত নন। অন্যদিকে বিভিন্ন কারণে গত কয়েক বছরে ব্যবসার খরচ অনেক বেড়ে গেছে। ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ ইত্যাদির খরচ বেড়েছে। দোকানভাড়া অস্বাভাবিক হারে বেড়ে গেছে, নিয়মনীতির বালাই নেই। সে জন্য ছোট ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। নতুন সরকার এ বিষয়ে নীতিমালা করে তা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশা করি। সব মিলিয়ে আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, তারা যেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একটি প্যাকেজ পলিসি (সমন্বিত নীতি) করে, যাতে ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তারা ব্যবসায় টিকে থাকতে পারেন। অন্যথায় দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে।