এখন যেভাবে চলছে, তাতে ২০২১ সালে বাংলাদেশের তৈরি পোশাকের বার্ষিক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে (৫০ বিলিয়ন) উন্নীত করা খুবই সম্ভব। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এ খাতের উৎপাদনশীলতা বাড়ানো।
এর পাশাপাশি পোশাক কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও মজুরি বাড়ানো, মালিক-শ্রমিকের সম্পর্ক জোরদার করা, অবকাঠামো খাতে উন্নয়ন এবং ব্যাংকঋণের সুদহার কমানোর দিকেও মনোযোগী হতে হবে।

‘বাংলাদেশের পোশাক খাত ২০২১-বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ৫০ বিলিয়নে পৌঁছানো’ শীর্ষক এক কর্ম-অধিবেশনে বক্তারা এমন মতই দিয়েছেন। দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ঢাকা অ্যাপারেল সামিটের অংশ হিসেবে গতকাল রোববার এর আয়োজন করা হয়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সামিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্ম-অধিবেশন: বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্ম-অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, পোশাক খাতের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন। সরকার অগ্নিনিরাপত্তা ও বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে শুল্ক তুলে দেওয়া হয়েছে। আশা করি, আগামী তিন বছরের মধ্যে দেশের সব কারখানা কমপ্লায়েন্ট হয়ে যাবে।
মন্ত্রী বলেন, ‘অ্যাকর্ড ও অ্যালায়েন্স যেসব কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছে, আমরা সেগুলো বন্ধ করে দিচ্ছি। ঝুঁকিপূর্ণ কারখানাসহ পোশাক খাতকে সরিয়ে নিতে মুন্সিগঞ্জের বাউসিয়ায় একটি পোশাকপল্লি করা হচ্ছে। সেখানে ২৫০টি কারখানা স্থাপন করা যাবে।...আমরা এখনো সব সমস্যার সমাধান করতে পারিনি। তবে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা পারব।’
ব্যাংকঋণের সুদহার প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘সুদের হার অনেক বেশি। বিষয়টি নিয়ে আমি এরই মধ্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’
আলোচনায় বাংলাদেশে এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্কোইস ডি ম্যারিকোর্ট বলেন, এইচএসবিসির সাম্প্রতিক এক বাণিজ্য আস্থা সূচক অনুযায়ী, বিশ্বের ২৫টি দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে। তবে উচ্চমূল্যের পণ্য উৎপাদন এবং ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছাতে হলে বাংলাদেশকে সুশাসন, শিক্ষা এবং দক্ষতা বাড়াতে হবে।
ইয়াংগুন করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও কিহাক সুং বলেন, ৫০ বিলিয়ন ডলার অর্জন লক্ষ্য হওয়া উচিত নয়। মুনাফা অর্জন এবং উন্নত জীবনই লক্ষ্য হওয়া উচিত, যেন ব্যবসা আরও বাড়ানো যায়, আরও মানুষের কর্মসংস্থান করা যায়। এ লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা বাড়ানো খুবই জরুরি।
কিহাক সুং আরও বলেন, বাংলাদেশ খুব সহজেই ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছাতে পারে। কিন্তু এ জন্য সরকারকে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে আমদানি শুল্ক কমাতে হবে। তিনি বলেন, ‘এখানে (বাংলাদেশ) দিনের পাঁচ-ছয়বার বিদ্যুৎ যায়। ভিয়েতনামে আমাদের বিনিয়োগ আছে। সেখানে বিদ্যুৎ যাওয়া কি জিনিস তা-ই আমরা জানি না। এ অবস্থা যদি কেটে যায়, তাহলে পণ্যের উৎপাদন আরও ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানো সম্ভব।’
আতিকুল ইসলাম বলেন, ‘ভিয়েতনামের পোশাক খাতে শ্রমিকের সংখ্যা ১৩ লাখ। আর সে দেশের রপ্তানি ১৭ বিলিয়ন ডলার। আর আমাদের ৪৪ লাখ শ্রমিক, কিন্তু রপ্তানি ২৪ বিলিয়ন ডলার। এ থেকেই বোঝা যায়, আমাদের উৎপাদনশীলতা কম।’
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, ‘শ্রমিকেরা যদি ঠিকভাবে কাজ করতে না পারেন এবং দায়িত্ব নিয়ে কাজ না করেন, তাহলে ৫০ বিলিয়ন ডলারের এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।’ তিনি বলেন, রপ্তানির ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা যদি অর্জিত হয়, তাহলে বাংলাদেশ কী পাবে এবং শ্রমিকেরা কী পাবে, সেই প্রশ্নের উত্তরও পাওয়া দরকার।
আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠান লি অ্যান্ড ফুংয়ের নির্বাহী পরিচালক রিক ডার্লিং বলেন, গত ১৮ মাস ধরে শ্রমমান ও নিরাপদ কর্মপরিবেশসহ বাংলাদেশের পোশাক খাতের বেশ অগ্রগতি হয়েছে। এসব যদি এভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে পৌঁছানো নিয়ে কোনো প্রশ্নই থাকবে না।
বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, ‘ভারত, শ্রীলঙ্কা, চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া বাংলাদেশের প্রতিযোগী দেশ। এসব দেশে ব্যাংকের সুদের হার ও মাশুল খুবই কম। কিন্তু দেশে মাশুল ও সুদের হার এত বেশি যে আমরা প্রতিযোগীদের সঙ্গে পারি না। আবার আমাদের ক্রেতাদেরও সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পোশাক বিক্রি করতে হয়। তাই তারাও আমাদের কোনো প্রণোদনা দেয় না।’
পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির চেয়ারম্যান এলেন টসার বলেন, ‘উন্নত দেশগুলোতে প্রতিটি কারখানা ভবন বছরে একবার পরিদর্শন করা হয়। বাংলাদেশেও যেন এমন প্রক্রিয়া শুরু হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। সরকারকেও বিষয়টি বুঝতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাহলেই আমরা বিশ্বকে বলতে পারব যে বাংলাদেশের সমস্যা কেটে গেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, পোশাক রপ্তানির এই লক্ষ্যমাত্রা খুবই অর্জনযোগ্য। এ জন্য প্রয়োজন উৎপাদনশীলতা বাড়ানো। আর উৎপাদনশীলতা বাড়ানো খুব কঠিন কাজ নয়।
তাৎক্ষণিক জরিপ
কর্ম–অধিবেশনে উপস্থিত ব্যক্তিরা মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এই জরিেপ অংশ নেন
লক্ষ্যে পৌঁছাতে কোনটি বেশি প্রয়োজন?
অবকাঠামো ৫৬.৬%
শ্রমিকের দক্ষতা ২২.৪১%
ভূমির সংস্থান ৫.১৭%
নতুন বাজার ৫.১৭%
সুদের হার কমানো ৩.৪৫%
রাজনীতি ১.৭২%
পোশাক কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও মজুরি বাড়ানো, অবকাঠামো খাতে উন্নয়ন এবং ব্যাংকঋণের সুদহার কমানোর দিকেও মনোযোগী হতে হবে